কবি অক্ষয়কুমার বড়ালের কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|

শৃঙ্খলমুক্ত
আর কেন বাঁধি তারে--শিকল দিলাম খুলি' ;
কত বর্ষ অনভ্যাসে উড়িতে গিয়াছে ভুলি' |
ঝাপটি' পড়িল ভূমে, ভয়ে কাঁপে পাখা দুটি ;
পুত্র কন্যা দেয় তাড়া-- করে ঘরে ছুটাছুটি |
ল'য়ে গেনু গৃহ-শিরে অতি সন্তর্পণে ধরি,'
সর্বাঙ্গে বুলানু কর কত-না আদর করি' ;
ক্রমে সুস্থ, তুলি' গ্রীবা চাহিল আকাশ-পানে--
মুখরিত উপবন কূজনে গুঞ্জনে গানে |
স্ফুরিল কাকলি মুখে, সহসা উড়িল টিয়া--
উড়িছে-- হরিত্-পক্ষে স্বর্ণ-রৌদ্র আলোড়িয়া |
কি আলোক-পরিপূর্ণ ! কি বায়ু-- পাগল-করা !
প্রকৃতি মায়ের মত হাস্যমুখী মনোহরা !
ধায় ছাড়ি' গ্রাম, নদী ; দূর মাঠে যায় দেখা,--
দিগন্তে অরণ্য-শীর্ষ---শ্যামল বঙ্কিম রেখা |
ল'য়ে শত শূণ্য নীড় ডাকে ধরা অবিরত--
নীল স্থির নভস্থলে ভাসে ক্ষুদ্র মরকত |
চকিতে সরিল মেঘ-- কোথা কিছু নাহি আর!
চকিতে ভাতিল মেঘে অমরার সিংহদ্বার !
ঝটিতি মিশিল বায়ে মিলনের কলধ্বনি---
ত্রিদিব পেয়েছে ফিরে' যেন তার হারামণি !
এই মৃত্যু--- এই মুক্তি ! হে দেব, হে বিশ্বস্বামী !
আমিও ত বদ্ধজীব, আমিও ত মুক্তিকামী !
আমিও কি ফেলি' দেহ--বিস্ময়ে আতঙ্ক-হীন---
অসীম সৌন্দর্যে তব হইব আনন্দে লীন ?
*****
শত নাগিনীর পাকে
শত নাগিনীর পাকে বাঁধ' বাহু দিয়া
পাকে পাকে ভেঙে যাক্ এ মোর শরীর !
এ রুদ্ধ পঞ্জর হ'তে হৃদয় অধীর
পড়ুক ঝাঁপায় তব সর্বাঙ্গ ব্যাপিয়া !
হেরিয়া পূর্ণিমা-শশি--টুটিয়া লুটিয়া
ক্ষুভিয়া প্লাবিয়া যথা সমুদ্র অস্থির ;
বসন্তে---বনান্তে যথা দুরন্ত সমীর
সারা ফুলবন দলি' নহে তৃপ্ত হিয়া |
এদেহ---পাষাণ ভার কর গো অন্তর!
হৃদয়-গোমুখি-মাঝে প্রেম-ভাগীরথী,
ক্ষুদ্র অন্ধ পরিসরে ভ্রমি' নিরন্তর
হতেছে বিকৃত ক্রমে, অপবিত্র অতি |
আলোকে-পুলকে ঝরি, তুলি' কলস্বর
করুক তোমারে চির স্নিগ্ধ-শুদ্ধমতি !
*******
হৃদয়-শঙ্খ
তুচ্ছ শঙ্খসম এ হৃদয়
পড়িয়া সংসার-তীরে একা---
প্রতি চক্রে আবর্তে রেখায়
কত জনমের স্মৃতি লেখা !
আসে যায়---কেহ নাহি চায়,
সবাই খুঁজিছে মুক্তামণি ;
কে শুনিবে হৃদয় আমার
ধ্বনিছে কি অন্তরের ধ্বনি !
হে রমনী, লও---তুলে লও,
তোমাদের মঙ্গল-উত্সবে---
একবার ওই গীতি-গানে
বেজে' উঠি সুমঙ্গল রবে !
হে রথী, হে মহারথী, লও,
একবার ফুত্কার' সরোষে---
বল-দৃপ্ত, পরস্ব-লোলুপ
মরে' যাক এ বজ্র-নির্ঘোষে !
হে যোগী, হে ঋষি, হে পূজক,
তোমরা ফুত্কার' একবার---
আহুতি -প্রণতি-স্তুতি আগে
বহে' আনি আশির্বাদ-ভার !
********
শোক
গোলাপের দলে দলে পড়িয়াছে হিমরাশি
আদরে দুলায় শাখা প্রভাত-পবন আসি ;
ঝরিতেছে হিমভার, সরিতেছে অন্ধকার,
পাণ্ডুর অধরে তার ফুটেছে রক্তিম হাসি |
ওগো, তুমি এস-এস, শ্বসিয়া সে প্রেমশ্বাস !
কতদিন আছি বেঁচে---ক্রমে হয় অবিশ্বাস !
এস মৃত্যু-দ্বার ভাঙ্গি, আকাশ উঠুক রাঙ্গি,
পড়ুক হৃদয় মোর তোমার হৃদয়াভাষ |
আবার দাঁড়াও, দেবী, দৃষ্টি-মুগ্ধ করি হিয়া,
নারীসম ভালবেসে সুখে দুখে আলিঙ্গিয়া !
কৈশোর কল্পনা সম, জড়ায়ে জীবন মম,
আধ স্বপ্ন-জাগরণে---জগতে আড়াল দিয়া |
* * *
ওই বহ্নি---ওই ধূম---ওই অন্ধকার---
বিগত-জীবন স্বপ্ন, কিছু নাই আর !
জীবন প্রথম হ'তে ওই পথে ধাই---
কাহারো চরণচিহ্ন কূলে পড়ে নাই |
কি ঘন জলদে ঢাকা মৃত্যু-পরপার---
বায়ু না আনিতে পারে দূর সমাচার !
তপন কিরণে যায় সর্ব বিশ্ব দেখা,
কোথা চির-মিলনের উপকূল রেখা !
দুর্ভেদ্য দুস্তর শূণ্য, ক্ষুদ্রদৃষ্টি নর ;
ওই বহ্নি, ওই ধূম ! কিবা তারপর ?
********
সান্তনা
সে সময়ে দিও দেখা !
নয়নে যখন ঘনাবে মরণ,
ধরণী হইবে ধূসর-বরণ ;
ময়নের তলে অতীত জীহন
স্বপনের সম লেখা !
পড়ে শ্বেতজাল শিব-নেত্র 'পর,
শিথিল শরীর, হিম পদ-কর,
আনাভি নিঃশ্বাস, কঠোর ঘর্ঘর---
সে সময়ে দিও দেখা !
পলাই-পলাই ভাঙ্গি' দেহ-কারা,
আছাড়ে হৃদয় উন্মাদ-পারা,
ডাকে পরিজন নাহি পায় সাড়া---
গভীর নিসুতি যাম |
ভয়ে ভীত প্রাণ কাঁদিয়া কাতরে
শিরা-উপশিরা আঁকড়িয়া ধরে ;হ
দীপ নিবে-নিবে, সময় না নড়ে,
সবে করে হরিনাম |
অতি নিরুপায়, কোথা ছিল পড়ি'---
আজীবন-স্মৃতি আসে হা হা করি'!
প্রতি দিনে দিনে রহিয়াছে ভরি'
কি গাঢ় কলঙ্ক দাগ !
নিজ পাপে তাপে অদৃষ্ট গড়িয়া
দেহ হ'তে আমি যাই বাহিরিয়া---
সে সময়ে কাছে দাঁড়াবে কি, প্রিয়া,
লয়ে চির অনুরাগ?
******
প্রার্থনা
দুঃখী বলে,----'বিধি নাই, নাইকো বিধাতা ;
চক্রসম অন্ধ ধরা চলে |'
সুখী বলে,---- 'কোথা দুঃখ, অদৃষ্ট কোথায় |
ধরণী নরের পদতলে |'
জ্ঞানী বলে,----'কার্য আছে , কারণ দুর্জ্ঞেয়;
এ জীবন প্রতীক্ষা-কাতর |'
ভক্ত বলে,---- 'ধরণীর মহারাসে সদা
ক্রীড়ামত্ত রসিক-শেখর |'
ঋষি বলে---- 'ধ্রুব তুমি, বরেন্য ভূমায়|'
কবি বলে----'তুমি শোভাময় |'
গৃহি আমি, জীব যুদ্ধে ডাকি হে কাতরে,---
'দয়াময়, হও হে সদয়|'
******
হৃদয়
যে মন্দির পানে সতঃ মনে হয়
এ নহে মর্মর স্তূপ, শিল্পীর হৃদয় ;
সেই দেব গেহ |
যে মূর্তি হেরিয়া চিত্ত আনন্দে বিহ্বল,....
নিকষে শিল্পীর প্রাণ করে ঢল্-ঢল ;
সেই দেব-দেহ |
যে গীতে ঝঙ্কারে সুরে গায়কের মন,---
কত না অব্যক্ত আশা, অস্ফুট ক্রন্দন ;
সেই দেব-গীতি |
যে কাব্য বিকাশে ছন্দে কবির অন্তর,---
জীবন জাগিয়া ওঠে জন্ম-জন্মান্তর ;
সেই দেব-প্রীতি |
কাব্য নয়, চিত্ত নয় প্রতিমূর্তি নয়,
ধরণী চাহিছে শুধু, ---হৃদয়---হৃদয় |
**********
বঙ্গভূমি
প্রণামি তোমারে আমি, সাগর-উত্থিতে,
ষড়ৈশ্বর্যময়ী, অয়ী জননী আমার!
তোমার শ্রীপদ-রজঃ এখনো লভিতে
প্রসারিছে করপুট ক্ষুব্ ধ পারাবার |
শত শৃঙ্গ-বাহু তুলি হিমাদ্রি-শিয়রে
করিছেন আশির্বাদ---স্হির নেত্রে চাহি ;
শুভ্র মেঘ-জটাজাল ছলে বায়ুভরে,
স্নেহ-অশ্রু শতধারে ঝরে বক্ষ বাহি |
জ্বলিছে কিরিট তব --- নিদাঘ-তপন
ছুটিতেছে দিকে-দিকে দীপ্ত রশ্মি-শিখা ;
জ্বলিয়া-জ্বলিয়া উঠে শুষ্ক কাশবন,
নদীটত-বালুকায় সুবর্ণ-কণিকা |
মূর্তিমতী হয়ে সতী, এসো ঘরে-ঘরে
রাখো ক্ষুদ্র কপর্দকে রাঙা পা দুখানি!
ধান্য-শীর্ষ স্বর্ণ-ঝাঁপি লও রাঙা করে
ভুলে যাই --- সর্ব দৈন্য, সর্ব দুঃখ গ্লানি!
**********