| দীনবন্ধু মিত্রের কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
| সূর্য্য অরুনের আগমন পাইয়ে সন্ধান, অন্ধকার সনে নিশি করিলা প্রস্থান | উঠ উঠ দিবাকর, কিবা রূপ মনোহর, অপরূপ আভাময় তোমার বিমান | ধরা ধনী নীলাম্বর করি পরিহার, পরিলেন পীতবাস কিরণে তোমার || নাহি আর অন্ধকার কোথা পলাইল ? গিরীশ-গহ্বরে বুঝি গিয়ে লুকাইল | কেহ ভানুর ডরে কাফ্ রীর কলেবরে, কেহ বা কামিনী-কেশে মিশাইল | অবশিষ্ট অন্ধকার অন্ধকূপে যায়, খলের হৃদয়ে গিয়ে অথবা মিশায় || বিষাদে বিষন্নমুখ বিহঙ্গম কুল নীরবে বসিয়ে ডালে আঁধারে আকুল, পেয়ে তব দরশন, আনন্দে মোহিত মন, গাইল বিভাস রাগে সঙ্গীত মঞ্জুল | কলকণ্ঠ সহকারে ললিত কুহরে, বিমোহিত জন মন সুমধুর স্বরে || নিরানন্দে নৈশ নীরে নলিনী সুন্দরী, বিষাদিত ছিল দামে বদন আবরি ; বিভাকর নবোদয়ে, আনন্দে প্রফুল্ল হয়ে, হাস্যমুখী সরোজিনী সরসী-ঈশ্বরী ; দোদুল্ল প্রফুল্ল কায় প্রভাত সমীরে, হেরে পতি বুঝি সতী কাঁপে ধীরে ধীরে || অনল বেলুনবত্ বিমল আকাশে, ভাসি ভাসি প্রভাকর প্রভা পরকাশে ; প্রাপ্ত হয়ে শুভালোক, পুলকে পূর্ণিত লোক, স্বকার্য্য সাধনে সব নিমগ্ন আশ্বাসে | কৃষক চলিল মাঠে স্কন্ধে হল ধরা, সুকুমার তাপে মাটি হয়েছে উর্ব্বরা || মধ্যাহ্নে মিহির, তব করাল কিরণ, ফিরাইতে তব পানে পারি না নয়ন | কর রশ্মি বিতরণ, অনুমান বরিষণ, অনল-কণিকাপুঞ্জ উত্তাপ ভীষণ | সে সময় সুশীতল তরুর ছায়ায় বসিলে দুর্বার দলে জীবন জুড়ায় || |
![]() |
হয় ত সবিতা তুমি সহ গ্রহগণ, শ্রেষ্ঠতর সূর্যে বেড়ে করিছ ভ্রমণ ; তোমার সমান কত ঘোরে ভানু অবিরত, গ্রহ সহ সেই সূর্যে করিয়ে বেষ্টন ; শ্রেষ্ঠতর সূর্য পরে স্বদলে লইয়ে ভ্রমিতেছে শ্রেষ্ঠতম তপনে বেড়িয়ে || তা বড় তা বড় সুর্য্য আছে পর পর, অনাদি অনন্ত দেব পরম ঈশ্বর, বিরাজিত সর্ব্বোপর, জ্যোতির্ম্ময় কলেবর, নিমেষে হতেছে সৃষ্টি শত প্রভাকর | গগনে অগণ্য তারা কে তারা কে জানে, তা বড় তা বড় সূর্য্য জ্যোতির্ব্বিদে মানে || ল্যাপল্যাণ্ডে একবার হইয়ে উদয়, ছয় মাস প্রভাকর প্রকাশিত রয় ; দেবের আরতি যায়, ব্রাহ্মণেরা নাহি পায়, সন্ধ্যা করিবার কাল সন্ধ্যার সময়, মুসলমানের রোজা ভাঙ্গে না ছ মাস, হয় ধর্ম লোপ নয় জীবন বিনাশ || ছয় মাস নিরন্তর থাকে অন্ধকার, কালনিশি অনুরূপ নিশির আকার ; নিশিতে করিছে স্নান, নিশিযোগে পূজা ধ্যান, সম্পাদন নিশিযোগে আহার বিহার ; সাগরে মারিয়ে তিমি তেলের সঞ্চয়, ছয়মাস অবিরত তাতে আলো হয় || যমুনা তনয়া তব শ্যামল বরণ, বিরাজিত তটে তার সুখ-বৃন্দাবন ; যমুনার উপকূলে, লইয়ে গোপিনীকুলে করে কেলি বনমালী মুরলীমদন | সুবাসিত স্বচ্ছ বারি শীতলতাময়, স্নানে পানে পরিতৃপ্ত মানব নিচয় || |
![]() |
সুখী স্বামী সমাদরে, কান্তাকর করে করে, পীরিতি পূরিত বাণী বলে --- "তব সন্নিধানে সতি, অমলা অমরাবতী, ভুলে যাই নর নশ্বরতা, অভাব অভাব হয়, পরিতাপ পরাজয়, ব্যাধি বলে বিনয় বারতা |" রমণী অমনি হেসে, স্নেহের সাগরে ভেসে, বলে, "কান্ত, কামিনী কেমনে, বেঁচে থাকে ধরাতলে, যেই হতভাগ্য ফলে, পতিত পতির অযতনে?" নবশিশু সুখরাশি, প্রণয়-বন্ধন-ফাঁসি, পেলে কোলে কাল সহকারে, দম্পতীর বাড়ে সুখ, যুগপত্ চুম্বে মুখ, কাড়াকাড়ি কোলে লইবারে || . ************************* উপরে |
![]() |
