কালিদাস রায় ২২. ০৬. ১৮৮৯ - ২৫. ১০. ১৯৭৫
|
কালিদাস রায় - এর জন্ম বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত বৈষ্ণবতীর্থ শ্রীখণ্ডের
কাছে কড়ুই গ্রামের এক ঐতিহ্যসম্পন্ন মধ্যবিত্ত পরিবারে হয় |
বাংলার সাহিত্যাকাশের সর্বকালের সেরা নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে এবং তাঁহার
মৃত্যুর পরবর্তি সময়ে, তাঁকে কেন্দ্র করে কাব্যের যে রবীন্দ্রানুসারী কাব্য ধারা গড়ে উঠেছিল,
তারই একজন উজ্জ্বল তারকা কবিশেখর কালিদাস রায় | কাশিমবাজারে, ১৯০৭ সালের বঙ্গীয়
সাহিত্য সম্মেলনে তাঁর সাক্ষাত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে| তিনিই কবিশেখরকে একশোটি
ইংরেজী কবিতা অনুবাদ করতে বলেন | এই অনুবাদ কাব্যের মাধ্যমেই কবির প্রকৃত সাহিত্য
সাধনার সূচনা হয় |
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'কুন্দ' | এ ছাড়া কিশলয়, পর্ণপূট, ব্রজবেণু, ঋতুমঙ্গল এবং আরো অনেক
কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন | মর্মবাণী, উত্তরা, বিশ্ববাণী, শনিবারের চিঠি, প্রবাসী, মানসী,
কণীকা, উপাসনা, ভারতী প্রভৃতি মত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে |
কর্মজীবনে তিনি ছিলেন ইস্কুলের শিক্ষক |
তাঁর কবিতা ভাবে স্নিগ্ধ, ভাষায় সুন্দর, ঝংকারে রমণীয়, ছন্দে মনোহর |
উত্স: ডঃ মঞ্জুশ্রী সান্যাল, "বাংলা কাব্যে কালিদাস রায়"