কবি মৃদুল শ্রীমানীর শৈশব কাটে পশ্চিমবঙ্গের বরানগরে | পিতা শ্রী মধুসূদন শ্রীমানী এবং মাতা শ্রীমতী সেবা শ্রীমানী | বরানগর রামকৃষ্ণ মিশন থেকে স্কুলের পড়া শেষ করে কলকাতার গোয়েঙ্কা কলেজ থেকে কমার্স এ স্নাতক হন | ১৯৮৯ সালে পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে যোগ দেন | কাজের সাথে পড়া চালিয়ে যান এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাশ করেন | ১৯৯৩ সালে WBCS পরীক্ষায় পাশ করে পশ্চিমবঙ্গ সরকারের "ভূমি ও ভূমি সংস্কার বিভাগে" রেভিনিউ অফিসার হিসেবে যোগ দেন |
সরকারী চাকরির মধ্যে থেকেও তাঁর নানা বিষয়ে আগ্রহে কোনো ভাটা পড়ে নি | তিনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কলকাতার "টেগোর রিসার্চ ইন্স্টিটিউট" এর অনারারী অধ্যাপক | এখানে তাঁর অধ্যাপনার বিষয় রবীন্দ্রনাথের "সে" | এ যাবৎ তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে "সে - একটি পল্লবিত জীবন" এবং "রক্তকরবী - নন্দিনীর খোঁজে" , প্রকাশক পত্রলেখা |
স্কুল থেকেই কবিতা লেখার শুরু | তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় "সাহিত্য-সংহিতা" পত্রিকায় | কবি সম্মেলন, রুদ্রাক্ষ, ক্ষুদ, দলছুট, চান্দ্রমাস প্রভৃতি পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে | তিনি মূলত প্রতিবাদী কবি কিন্তু রবীন্দ্রবোধ সম্পন্ন, অত্যন্ত মার্জিত | তাঁর নানা সময়ে লেখা প্রবন্ধে পরিবেশ এক বিশেষ যায়গা করে নিয়েছে | একজন পরিবেশবিদ হিসেবেও তিনি আত্মপ্রকাশ করছেন |
সিঙ্গুর নন্দীগ্রাম এ পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা তাঁকে অত্যন্ত বেদনা দিয়েছে | তাঁর প্রতিবাদী কবিতায় তাঁরই প্রতিফলন |