কবি জ্ঞানদাসের পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কিশোর বয়েস মণি             কাঞ্চনে আভরণ
          ভালে চূড়া চিকণ বনান |
হেরইতে রূপ-                  সায়রে মন ডূবল
          বহু ভাগ্যে রহল পরাণ ||
        সখি হে--পেখলুঁ পন্থক মাঝ |
হাম নারি অবলা            একলা যাইতে পথে
          বিছুরল সব নিজ কাজ ||
নয়ান-সন্ধান-                 বাণে তবু জর জর
           কাতর বিনি অবলম্বে |
বসন খসয়ে ঘন               পুলকে পুরল তনু
           পানি না পূরলুঁ কুম্ভে ||
ঘর নহে ঘোর যেন          জাগিয়া স্বপন হেন
         আরতি কহনে না যায় |
জ্ঞানদাস কহে                  মনে অনুমানিয়ে
           বাস করব নিপ-ছায় ||
             
                     *****
         কেন গেলাম জল ভরিবারে |
যাইতে যমুনার ঘাটে        সেখানে ভুলিলুঁ বাটে
          তিমিরে গরাসিল মোরে ||
রসে তনু ঢর ঢর              তাহে নব কৈশোর |
           আর তাহে নটবর বেশ |
চূড়া টালনী বামে              মউর চন্দ্রিকা ঠামে
          ললিত লাবণ্য রূপ-শেষ ||
ললাটে চন্দন পাঁতি           নব গোরোচনা কাঁতি
          তার মাঝে পূণিমক চাঁদ |
অলকা-বলিত মুখ              ত্রিভঙ্গ-ভঙ্গিম রূপ
          কামিনী জনের মন ফাঁদ ||
লোকে তারে কাল কয়        সহজে সে কাল নয়
          নীলমণি মুকুতার পাঁতি |
চাহনি চঞ্চল বাঁকা             কদম্ব গাছে ত ঠেকা
         ভূবন-মোহন রূপ-ভাঁতি ||
সঙ্গে ননদিনী ছিল           সে সকল দেখি গেল
         অঙ্গ কাঁপে থরহরি ডরে |
জ্ঞানদাসেতে কয়        তারে তোমার কিবা ভয়
       সে কি সতী বোলাইতে পারে ||

                     *******
সুখের লাগিয়া                    এ ঘর বাঁধিনু
           অনলে পুড়িয়া গেল |
অমিয়া-সাগরে                    সিনান করিতে
           সকলি গরল ভেল ||
        সখি কি মোর করমে লেখি |
শীতল বলিয়া                     ও চাঁদ সেবিনু
           ভানুর কিরণ দেখি ||
উচল বলিয়া                      অচলে চড়িতে
           পড়িনু অগাধ জলে |
লছিমি চাহিতে                    দারিদ্র্য বেঢ়ল
           মাণিক্য হারানু হেলে ||
নগর বসালাম                     সায়র বাঁধিলাম
           মাণিক পাবার আশে |
সাগর শুকাল                      মাণিক লুকাল
          অভাগার করম-দোষে ||
পিয়াস লাগিয়া                     জলদ সেবিনু
            বজর পড়িয়া গেল |
জ্ঞানদাস কহে                    কানুর পিরীতি
            মরণ অধিক শেল ||

                      ********
         মাগো গেনু খেলাবার তরে |
পথে লাগি পেয়ে                    এক গোয়ালিনী
            লয়ে গেল মোরে ঘরে ||
গোপরাজরাণী                        নন্দের গৃহিনী
             যশোদা তাহার নাম |
তৈহার বেটার                        রূপের ছটায়
             জুড়াইল মোর প্রাণ ||
কি হেন আকুতে                 তার বাম ভিতে
             লয়ে বসাইল মোরে |
এক দিঠে রহি                      তাহার আমার
             রূপ নিরিক্ষণ করে ||
বিজুরি উজোর                    মোর অঙ্গখানি
               সেহ নব জলধর |
সুমেল দেখিয়া                       দিবাকর ঠাঁই
             কি হেতু মাগল বর ||
তবে মোর গোরা                গা-খানি মাজিয়া
             লাস বেশ বনাইয়া |
হরষিত মোরে                      পাঠাইলা দেখ
             এ সব আঁচরে দিয়া ||
ঝিয়ের কাহিনী                   শুনি গোয়ালিনী
             মুচকি মুচকি হাসে |
কত সুধারস                         হিয়ায় বরিষে
             কহে কবি জ্ঞানদাসে ||

                       ******
গগনে ভরল                      নব বারিদ হে
          বরখা নব নব ভেল |
ঝর ঝর বাদর               ডাকে ডাহুকী সব
        শবদে পরাণ হরি নেল ||
চাতক চকিত                 নিকট ঘন ডাকই
         মদন বিজয়ী পিকরাব |
মাস আষাঢ়                      গাঢ় বিরহ বড়
         বরখা কেমলে গোঁয়াব ||
সরসিজ বিনু সর              শোভা না পাবই
       কমল না শোভে অলিহীনা |
হাম কমলিনী                    কান্ত দেশান্তর
         কত না সহ দুখ দীনা ||
সঞ্চরু সঘন                     সৌদামিনী জনু
          বিন্ধয়ে শর খরধার |
মাস সাঙনে                  আশ নাহি জীবনে
         বরিখয়ে জল অনিবার ||
নিশি আন্ধিয়ার                অপার ঘোরতর
          ডাহুকি ডহ ডহ ভাখ |
বিরহিনী-হৃদয়                  বিদারণ ঘন ঘন
         শিখরে শিখন্ডিনী ডাক ||
উনমতি শকতি         আরোপয়ে কাম নিতি
           জনু সব-সাধন লাগি |
ভাদর দর দর                    অন্তর দোলন
         মন্দিরে একলি অভাগী ||
উলসিত কুন্দ                 কুমুদ পরকাশিত
         নিরমল শশধর কাঁতি |
ঘরে ঘরে নগরে             নগরে সব রঙ্গিণী
        নাহি জানে ইহ দিনরাতি ||
চির-পরবাসী                    যতহুঁ পরদেশী
         সব পুন নিজ ঘরে গেল |
মাস আশিন               খীন ভেল কলেবর
         জ্ঞান কহে দুখ কোন দেল ||

                     ********
    নিষ্ঠুর প্রেম

কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই |
নিশ্চয় মরিব তোমার চান্দমুখ চাই ||
শাশুড়ী ননদীর কথা সহিতে না পারি |
তোমার নিঠুরপনা সোঙরিয়া মরি ||
চোরের রমণী যেন ফুকারিতে নারে |
এমত রহিয়ে পাড়াপড়শী ডরে ||
তাহে আর তুমি সে হইলে নিদারুণ |
জ্ঞানদাস কহে তবে না রহে জীবন ||

                   ********
    প্রেমদহন

মনেক মরম কথা শুনলো সজনি |
শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী ||
কিবা রূপে কিবা গুণে মন মোর বান্ধে |
মুখেতে না ফুরে বাণী দুটি আঁখি কান্দে ||
কোন বিধি নিরমিল কুলবতী বালা |
কেবা নাহি করে প্রেম কার এত জ্বালা ||
চিতের আগুনি কত চিতে নিবারিব |
না যায় কঠিন প্রাণ কারে কি বলিব ||
জ্ঞানদাস কহে মুঞি কারে কি বলিব |
বন্ধুর লাগিয়া আমি সাগরে পশিব ||

                 ********
 অভিমানিনী

পহিলহি চাঁদ করে দিল আনি |
ঝাঁপল শৈলশিখরে একপাণি ||
অব বিপরীত ভেল গো সব কাল |
বাসি কুসুমে কিয়ে গাঁথই মাল ||
না বোলহ সজনি না বোলহ আন |
কী ফল আছয়ে ভেটব কান ||
অন্তর বাহির সম নহ রীত |
পানি-তৈল নাহি গাঢ় পিরীত ||
হিয়া সম-কুলিশ বচন মধুরার |
বিষঘট-উপরে দুধ-উপহার ||
চাতুরি বেচহ গাহক ঠাম |
গোপত প্রেম-সুখ ইহ পরিণাম ||
তুহুঁ কিয়ে শঠি নিকপটে কহ মোয় |
জ্ঞানদাস কহ সমুচিত হোয় ||

               ********