কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com
১।  ভারত সঙ্গীত
২।  জন্মভূমি          
৩।  
কৌমুদী             
৪।   
জীবন-সঙ্গীত       
৫।   
পরশমণি               
    
*
আয়ত লোচন, উন্নত ললাট,
সুগৌরাঙ্গ তনু, সন্ন্যাসীর ঠাট,
শিখরে দাঁড়ায়ে, গায়ে নামাবলি,
নয়ন-জ্যোতিতে হানিল বিজলী,
           বদনে ভাতিল অতুল আভা | ---
নিনাদিল শৃঙ্গ করিয়া উচ্ছাস,
বিংশতি কোটি মানবের বাস
এ ভারতভূমি যবনের দাস ?
           রয়েছে পড়িয়া শৃঙ্খলে বাঁধা !
আর্যাবর্ত জয়ী পুরুষ যাহারা,
সেই বংশোদ্ভব জাতি কি ইহারা ?
জন কত শুধু প্রহরী পাহারা,
           দেখিয়া নয়নে লেগেছে ধাঁধা ?
ধিক হিন্দুকুলে ! বীরধর্ম ভুলে,
আত্ম-অভিমান ডুবায়ে সলিলে,
দিয়াছে সঁপিয়া শত্রু-করতলে,
           সোনার ভারত করিতে ছার !
হীনবীর্যসম হয়ে কৃতাঞ্জলি,
মস্তকে ধরিতে বৈরি-পদধূলি,
হ্যাদে দেখ ধায় মহাকুতূহলী,
           ভারতনিবাসী যত কুলাঙ্গার |                     
উপরে
এসেছিল যবে আর্যাবর্তভূমে,
দিক্ অন্ধকার করি তেজোধূমে,
রণ-রঙ্গ-মত্ত পূর্ব-পিতৃগণ,
যখন তাহারা করেছিল রণ,
করেছিল জয় পঞ্চনদগণ,
            তখন তাহারা ক'জন ছিল ?
আবার যখন জাহ্নবীর কুলে
এসেছিল তারা জয়ডঙ্কা তুলে,
যমুনা, কাবেরী, নর্মদা পুলিনে,
দ্রাবিড়, তৈলঙ্গ, দক্ষিণাত্যবনে ;
অসংখ্য বিপক্ষ পরাজয়ি রণে,
            তখন তাহারা ক'জন ছিল ?
এখন তোরা যে শত কোটি তার,
স্বদেশ-উদ্ধার করা কোন্ ছার,
পারিস্ শাসিতে হাসিতে হাসিতে,
সুমেরু অবধি কুমেরু হইতে,
বিজয়ী পতাকা ধরায় তুলিতে,
            বারেক জাগিয়া করিলে পণ |
তবে ভিন্ন জাতি শত্রু-পদতলে,
কেন রে পড়িয়া থাকিস সকলে ?
কেন না ছিঁড়িয়া বন্ধন-শৃঙ্খলে,
            স্বাধীন হইতে করিস মন ?
এই দেখ সেই মাথার উপরে,
রবি, শশী, তারা, দিন দিন ঘোরে,
ঘুরিত যেরূপ দিক শোভা করে
            ভারত যখন স্বাধীন ছিল !
সেই আর্যাবর্ত এখন (ও) বিস্তৃত,
সেই বিন্ধ্যগিরি এখন (ও) উন্নত,
সেই ভাগীরথী এখন (ও) ধাবিত,
            পুরাকালে তারা যেরূপ ছিল |
কোথা সে উজ্জ্বল হুতাশন-সম
হিন্দু বীর দর্প, বুদ্ধি, পরাক্রম,
কাঁপিত যাহাতে স্থাবর জঙ্গম,
             গান্ধার অবধি জলধি-সীমা ?
সকলি ত আছে সে সাহস কই ?
সে গম্ভীর জ্ঞান, নিপুণতা কই ?
প্রবল তরঙ্গ সে উন্নতি কই ?
            কোথারে আজি সে জাতি-মহিমা !
হয়েছে শ্মশান এ ভারতভূমি !
কারে উচ্চৈঃস্বরে ডাকিতেছি আমি ?
গোলামের জাতি শিখিছে গোলামি ! ---
             আর কি ভারত সজীব আছে ?
সজীব থাকিলে এখনি উঠিত,
বীর-পদ-ভরে মেদিনী দুলিত,
ভরতের নিশি প্রভাত হইত,
             হায় রে সেদিন ঘুচিয়া গেছে !
এই কথা বলি অশ্রুবিন্দু ফেলি,
ক্ষণমাত্র যুবা শৃঙ্গনাদ ভুলি,
পুনর্বার শৃঙ্গ মুখে নিল তুলি,
            গর্জিয়া উঠিল গম্ভীর স্বরে ---
এখন (ও) জাগিয়া উঠরে সবে,
এখন (ও) সৌভাগ্য উদয় হবে,
রবি-কর-সম দ্বিগুণ প্রভাবে,
             ভারতের মুখ উজ্জ্বল ক'রে |
একবার শুধু জাতিভেদ ভুলে,
ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্ব শূদ্র মিলে,
করি দৃঢ় পণ এ মহীমণ্ডলে
             তুলিতে আপন মহিমা-ধ্বজা |                   
উপরে  
জপ, তপ আর যোগ আরাধনা,
পূজা, হোম, যাগ, প্রতিমা-অর্চনা,
এ সকলে এবে কিছুই হবে না,
             তূণীর কৃপাণে কর্ রে পূজা |
যাও সিন্ধুনীরে, ভূধর-শিখরে,
গগনের গ্রহ তন্ন তন্ন ক'রে,
বায়ু, উল্কাপাত, বজ্রশিখা ধরে'
             স্বকার্য-সাধনে প্রবৃত্ত হও !
তবে সে পারিবে বিপক্ষে নাশিতে,
প্রতিদ্বন্দ্বী সহ সমকক্ষ হতে,
স্বাধীনতারূপ রতনে মণ্ডিতে,
             যে শিরে এখনে পাদুকা বও |
ছিল বটে আগে তপস্যার বলে
কার্যসিদ্ধি হ'ত এ মহীমণ্ডলে,
আপনি আসিয়া ভক্ত-রণস্থলে,
             সংগ্রাম করিত অমরগণ |
এখন সে দিন না হ'ক রে আর,
দেব-আরাধনে ভারত উদ্ধার
হবে না, ---হবে না ---খোল্ তরবার ;
             এ সব দৈত্য মহে তেমন |
অস্ত্র পরাক্রমে হও বিশারদ,
রণ-রঙ্গ-রসে হওরে উন্মাদ,---
তবে সে বাঁচিবে, ঘুচিবে বিপদ,
             জগতে যদ্যপি থাকিতে চাও |
কিসের লাগিয়া হলি দিশেহারা,
সেই হিন্দুজাতি, সেই বসুন্ধরা,
জ্ঞান-বুদ্ধিজ্যোতিঃ তেমতি প্রখরা,
             তবে কেন ভূমে পড়ে লুটাও ?
ওই দেখ সেই মাথার উপরে,
রবি, শশী, তারা দিনদিন ঘোরে,
ঘুরিত যেরূপে দিক্ শোভা করে,
             ভারত যখন স্বাধীন ছিল ;
সেই আর্যাবর্ত এখন (ও) বিস্তৃত,
সেই বিন্ধ্যগিরি এখন (ও) উন্নত,
সেই ভাগীরথী এখন (ও) ধাবিত,
              কেন সে মহত্ত্ব হবে না উজ্জ্বল ?
বাজরে শিঙ্গা বাজ্ এই রবে,
শুনিয়া ভারতে জাগুক সবে,
সবাই স্বাধীন এ বিপুল ভবে,
সবাই জাগ্রত মানের গৌরবে,
              ভারত শুধু কি ঘুমায়ে রবে ?


.            *******************                                      
উপরে
জন্মভূমি
(বীরবাহুর উক্তি, বীরবাহু কাব্য থেকে নেওয়া)

মাগে ওমা জন্মভূমি !
আরো কত কাল তুমি,
এ বয়সে পরাধীনা হয়ে কাল যাপিবে |
পাষণ্ড যবনদল
বল আর কত কাল,
নির্দয় নিষ্ঠুর মনে নিপীড়ন করিবে ||
কতই ঘুমাবে মাগো,
জাগো গো মা জাগো জাগো,
কেঁদে সারা হয় কন্যা পুত্র সকলে |
ধুলায় ধূসর কায়,
ভূমি গড়াগড়ি যায়,
একবার কোলে কর, ডাকি গো মা, মা বলে ||
কাহার জননী হয়ে,
কারে আছ কোলে লয়ে,
স্বীয় সুতে ঠেলে ফেলে কার সুতে পালিছ ?
কারে দুগ্ধ কর দান,
ও নহে তব সন্তান,
দুগ্ধ দিয়ে গৃহমাঝে কালসর্প পুষিছ ||
মোরে দিলে বনবাস,
প্রিয়ে আছে কার পাশ,
হায় কত পীড়া পাও, হে সুধাংশু-বদনে !
কোথা বসো, কোথা যাও,
কিবা পর কিবা খাও,
হায় পুনঃ কতদিনে জুড়াইব নয়নে ||

.                                             ******************                                      
উপরে
*
জীবন-সঙ্গীত

বলো না কাতর স্বরে,                বৃথা জন্ম এ সংসারে,
এ জীবনে নিশার স্বপন,
দারা পুত্র পরিবার                  তুমি কার কে তোমার
বলে' জীব করো না ক্রন্দন |
মানব-জনম সার                       এমন পাবে না আর
বাহ্যদৃশ্বে ভুলো না রে মন |
কর যত্ন হবে জয়                    জীবাত্মা অনিত্য নয়
অহে জীব কর আকিঞ্চন |
করো না সুখের আশ,               প'রো না দুঃখের ফাঁস
জীবনের উদ্দেশ্য তা নয়,
সংসারে সংসারী সাজ               কর নিত্য নিত্য কাজ
ভবের উন্নতি যাতে হয় |
দিন যায় ক্ষণ যায়,                       সময় কাহারো নয়
বেগে যায় নাহি রহে স্থির ;
সহায় সম্পদ বল                          সকলি ঘুচায় কাল
আয়ুঃ যেন শৈবালের নীর |
সংসার-সমরাঙ্গনে                          যুদ্ধ কর দৃঢ়পণে
ভয়ে ভীত হয়ো না মানব ;
কর যুদ্ধ বীর্যবান্                       যায় যাবে যাক প্রাণ
মহিমাই জগতে দুর্লভ |
মনোহর মূর্তি হেরে                    অহে জীব অন্ধকারে
ভবিষ্যতে ক'রো না নির্ভর ;
অতীত সুখের দিনে                   পুনঃ আর ডেকে এনে
চিন্তা ক'রে হয়ো না কাতর |
সাধিতে আপন ব্রত                     স্বীয় কার্যে হও রত
এক মনে ডাক ভগবান ;
সঙ্কল্প সাধন হবে                         ধরাতলে কীর্তি রবে
সময়ের সার বর্তমান |
মহাজ্ঞানী মহাজন                         যে পথে করে গমন
হয়েছে প্রাতঃস্মরণীয় ;
সেই পথ লক্ষ্য ক'রে                    স্বীয়কীর্তিধ্বজা ধ'রে
আমরাও হব যে অমর ;
সেই চিহ্ন লক্ষ্য করে                    অন্য কোন জন পরে
যশোদ্ধারে আসিবে সত্বর |
ক'রো না মানবগণ                        বৃথা ক্ষয় এ জীবন
সংসার-সমরাঙ্গন-মাঝে ;
সঙ্কল্প করেছ যাহা,                        সাধন করহ তাহা
রত হয়ে নিজ নিজ কাজে |

.                                             ******************                                      
উপরে
*
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য, কবিতা
বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা http://www.milansagar.com/index.html এ দয়া করে
একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
কৌমুদী


হাস রে কৌমুদী হাস সুনির্মল গগনে,
এমন মধুর আর নাহি কিছু ভূবনে ;
সুধা পেয়ে সিন্ধু তলে
দেবতারা সুকৌশলে
লুকাইয়া চন্দ্রকোলে :-- লেখা আছে পুরাণে,
বুঝি কথা মিথ্যা নয়,
নহিলে চন্দ্র উদয়,
কেন হেন সুধাময় ব্রহ্মাণ্ডের নয়নে |
আহা কি শীতল রশ্মি চন্দ্রমার কিরণে,
যেখানে যখন পড়ে,
প্রাণ যেন লয় কেড়ে,
ভুলে যাই সমুদয়,
চেতনা নাহিক রয়,
জাগিয়া আছি কি আমি কিম্বা আছি স্বপনে |
আহা কি অমিয়খনি শরতের গগনে !
কিবা সন্ধ্যা কিবা নিশি,
যেই হেরি পূর্ণ শশী,
ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই,
শুধু সেই দিকে চাই,
হেরি পূর্ণ সুধাকরে অনিমিষ নয়নে |
পড়ে কিরণের ঝারা ঢাকি হৃদি বদনে,
যত হেরি সুধাকরে,
হৃদয়ের জ্বালা হরে,
কোথা যেন যাই চলে,
স্বপ্নময় ভূমণ্ডলে,
সংসারের সুখদুঃখ নাহি থাকে স্মরণে ||

.                                             ******************                                      
উপরে
*
পরশমণি

কে বলে পরশমণি অলীক স্বপন ?
অই যে অবনীতলে                        পরশমাণিক জ্বলে
বিধাতা-নির্মিত চারু মানব-নয়ন |
পরশমণির সনে                          লৌহ-অঙ্গ-পরশনে,
সে লৌহ কাঞ্চন হয় প্রবাদ-বচন,---
এ মণি পরশ যায়,                      মানিক ঝলসে তায়,
বরিষে কিরণধারা নিখিল ভূবন |

কবির কল্পিত নিধি                     মানবে দিয়াছে বিধি,
ইহার পরশগুণে মানব-বদন
দেব তুল্য রূপ ধরি'                আছে ধরা আলো করি',
মাটির অঙ্গেতে মাখা সোনার কিরণ |

পরশমণি যদি অলীক হইত,
কোথা বা এ শশধর,                  কোথা বা ভানুর কর,
কোথা বা নক্ষত্র-শোভা গগনে ফুটিত ?
কে রাখিত চিত্র করে                   চাঁদের জোছনা ধ'রে

তরঙ্গে মেঘের অঙ্গে এমন মাখায় ?
কে বা এই সুশীতল                        বিমল গঙ্গার জল
ভারত-ভূষণ করি রাখিত ছড়ায়ে ?
কে দেখা'ত তরুকুল,                   নানা এঙ্গে নানা ফুল,

মরাল, হরিণ,মৃগে পৃথিবী শোভিয়া ?
ইন্দ্রধনু-আলো তুলে                    সাজায়ে বিহঙ্গ-কুলে,
কে রাখিত শিখি পুঞ্জে শশাঙ্ক আঁকিয়া ?
দিয়াছে বিধাতা যাই এ পরশমণি---

স্রগের উপমাস্থল                        হয়েছে এ মহীতল,
সুখের আকর তাই হয়েছে ধরণী !
কি আছে ধরণীর অঙ্গে,                   নয়নমণির সঙ্গে
না হয় মানব চিত্তে আনন্দদায়িনী !

নদীজলে মীন খেলে,                 বিটপীতে পাতা হেলে,
চরে বালুকণা ফুটে, তৃণেতে হিমানী,
পক্ষী পাখে উড়ে যায়,                কীটেরা শ্রেণীতে ধায়,
কঙ্করে তুষার পড়ে, ঝিনুক চিক্কণী |

তাতেও আনন্দ হয়---                   অরণ্য কুজ্ঝটিময়,
জ্বলন্ত বিদ্যুত্লতা, তমিস্রা রজনী |
অপূর্ব মাণিক এই পরশ-কাঞ্চন !
জননী-বদন-ইন্দু                         জগতে করুণা-সিন্ধু

দয়াল পিতার মুখ, জায়ার বদন |
শত শশি-রশ্মিমাখা                    চারু ইন্দীবর-আঁকা
পুত্রের অধর-ওষ্ঠ, নলিন আনন ;
সোদরের সুকোমল,                       স্বসা-মুখ নিরমল,

পবিত্র প্রণয়পাত্র, গৃহির কাঞ্চন---
এই মণি পরশনে                          হয় সুখ দরশনে,
মানব-জনম সার, সফল জীবন |---
কে বলে পরশমণি অলীক স্বপন ?

.                                             ******************                                      
উপরে
*