কবি নরেশ গুহ -র জন্ম অবিভক্ত বাংলার মৈমনসিংহ জেলার বিন্যাফৈর গ্রামে | তিনি ১৬ বছর বয়সে কলকাতায় আসেন | প্রথমে রিপন কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়া সমাপ্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গবেষণা করেন "ভারতীয় দৃষ্টিতে আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস্" |
কর্ম জীবন শুরু করেন যুগান্তর পত্রিকার সাংবাদিক হিসেবে | এই সময় অমিয় চক্রবর্তীর সঙ্গী হয়ে গিয়েছিলের দাঙ্গা বিদ্ধস্ত বিহারের আন্দ্ধেরি গ্রামে | সেখানে তিনি পেয়েছিলেন গান্ধিজীর সান্নিধ্য | ১৯৪৬ সালের "গ্রেট ক্যালকাটা কিলিংস" এর দাঙ্গার সময় তাঁর তৈরী করা খবরের শিরোনাম বদলে দিলে, তিনি যুগান্তর থেকে পদত্যাগ করে বেরিয়ে আসেন | এরপর সিগনেট প্রেসের দিলিপ গুপ্তের সহায়তায় বাংলা বইয়ের পরিচিতি মূলক মাসিক বার্তা "টুকরো কথা" সম্পাদনা করেছেন | ১৯৫৬ সালে চারুচন্দ্র কলেজের অধ্যাপনার কাজ ছেড়ে বুদ্ধদেব বসুর আহ্বানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে যোগদান করেন |
তাঁর প্রথম কবিতার বই "দুরন্ত দুপুর" (১৯৫২) | এর পরে রয়েছে "তাতার সমুদ্রঘেরা" (১৯৭৬), "বিদিশার ইতি আর উনি" (১৯৯৩), "কবিতাসংগ্রহ" (১৯৯৩), ইত্যাদি ছাড়া রয়েছে "তপতির মন" নামে একটি ছোট গল্প সংকলন কিছু প্রবন্ধ গ্রন্থ, অনুবাদ এবং "কবির চিঠি কবিকে" (১৯৯৫) -- রবীন্দ্রনাথকে লিখিত অমিয় চক্রবর্তীর চিঠির সংকলন সম্পাদনার কাজ | তাঁর কবিতায় আছে নাগরিক বৈদগ্ধ ও পরিশীলিত রুচি | প্রেম ও প্রকৃতি তাঁর কবিতার প্রধান উপাদান | তিনি "দুরন্ত দুপুরের রোমান্টিক কবি" হিসেবে খ্যাত ছিলেন |
তাঁর পুরস্কারের ঝুলিতে আছে ১৯৭৯ সালের কুমারণ আসান পুরস্কার, ১৯৯৫ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার, ২০০১ সালের চোখ সাহিত্য পুরস্কার ১৪০৮ প্রভৃতি | . উত্স --- শিশিরকুমার দাশ, বাংলা সাহিত্য সঙ্গী . স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়, দৈনিক স্টেটসম্যান আমাদের যোগাযোগের ঠিকানা E-mail : srimilansengupta@yahoo.co.in