তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ২৩. ০৭. ১৮৯৮ ~ ১৪. ০৯. ১৯৭১
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে | পিতার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় |
তারাশঙ্কর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক | তিনি প্রথম জীবনে কাব্য চর্চা করেছেন কিন্তু তাঁর প্রতিভার পূর্ণ বিকাশ ঘটে উপন্যাস ও ছোট গল্পে | তাঁর প্রধান কাহিনীগুলির পটভূমিকা রাঢ় অঞ্চলের সমাজ ও প্রকৃতি | তাঁর অভিজ্ঞতা বিপুল, রচনার বৈচিত্র্যও বিস্ময়কর | তাঁর অনেক উপন্যাসে, বিশেষ করে "ধাত্রিদেবতা" (১৯৩৯), "গণদেবতা" (১৯৪২), "পঞ্চগ্রাম" (১৯৪৩), "হাঁসুলিবাঁকের উপকথা" (১৯৪৭), মহাকাব্যের বিশালতা |
গ্রামীণ সমাজ-ব্যবস্থার পরিবর্তনের ইতিহাস, জমিদার ও জমিদারী ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মূল্যবোধ, নতুন পুঁজিবাদী সমাজের অভ্যুত্থান এবং প্রাচীন ও নবীনের সংঘাত তারাশঙ্করের কথাসাহিত্যের প্রধান উপকরণ | বাংলাদেশের ভূমি ব্যাবস্থা, বিভিন্ন বৃত্তিনির্ভর মানুষ, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি এবং রাঢ় অঞ্চলের প্রকৃতি --- এই চারটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে তাঁর বিশাল উপন্যাসের জগৎ | সেই সঙ্গে যুক্ত হয়েছে তারাশঙ্করের নিজস্ব জীবন জিজ্ঞাসা, যা শেষ পর্যন্ত এক বলিষ্ঠ আধ্যাত্মবোধের প্রকাশ | জীবনে সূক্ষ্ম ও পেলব অনুভূতি তারাশঙ্করের রচনায় কখনো কখনো স্মরণীয় মহিমায় প্রকাশ পেয়েছে সন্দেহ নেই ( "রাইকমল" ও "কবি"-র মতো গীতলতা পূর্ণ রচনা বাংলা উপন্যাসে বিরল ) কিন্তু কঠিন, বর্বর ও আদিম প্রবৃত্তিগুলির রূপায়ণে তারাশঙ্করের কৃতিত্ব অসামান্য |
তাঁর রচনাশৈলী সূক্ষ্ম ও পরিশীলিত নয়, গঠনের পরিপাট্যও সর্বত্র নেই, কিন্তু তাঁর রচনার প্রধান লক্ষণ তার প্রাণধর্ম | প্রত্যেকটি রচনা যেন প্রকৃতির নিজস্ব নিয়মে গঠিত, বিশাল বলিষ্ঠ, জীবন্ত |
তারাশঙ্করের রচনা বিপুল | ছলনাময়ী (১৯৩৬), জলসাঘর (১৯৩৭), বেদেনী (১৯৪০), প্রভৃতি ছোট গল্পগ্রন্থ | চৈতালী ঘূর্ণি (১৯৩১), আগুন (১৯৩৭), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), গণদেবতা (১৯৪২), আরোগ্য নিকেতন (১৯৫৩) প্রভৃতি উপন্যাস, দুই পুরুষ (১৯৪২), দ্বীপান্তর (১৯৪৩) প্রভৃতি নাটক তাঁর রচনা জগতের বৈচিত্র্য, বিশালতা এবং গভীরতার উজ্জ্বল নিদর্শন |
আমরা এই পাতায় তাঁর "ত্রিপত্র" কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা তুলে দিয়েছি |
আমাদের কাছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এর চেয়ে ভাল ছবি নেই | একটি ভাল ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো | আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in