কবি বীরবল্লভদাসের বৈষ্ণব পদাবলী
*
ভালি গোরাচাঁদের আরতি বনী
কবি বীর বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫), চতুর্থ খণ্ড, ৪র্থ
শাখা-২য় ভাগ, ৩২শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৮৬৮।


অথ সায়ংকালোচিতং আরাত্রিকং।

.        ॥ গৌরী॥

ভালি গোরাচাঁদের আরতি বনি।
বাজে সংকীর্ত্তন মধুর ধ্বনি॥
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল।
মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল॥
বিবিধ-কুসুম-ফুলে বনি বন-মালা।
কত কোটি চন্দ্র জিনি বদন উজালা॥
ব্রহ্মা-আদি দেব যাকো যোড়-করে।
সহস্র বদনে ফণি ছত্র ধরে॥
শিব শুষ্ক নারদ ব্যাস বিসারে।
নাহি পরাপর ভাব-ভরে॥
শ্রীনিবাস হরিদাস মঙ্গল গাওয়ে।
গদাধর নরহরি চামর ঢুলায়ে॥
বীর বল্লভ দাস গৌর-চরণে আশ।
জগ ভরি রহল মহিমা পরকাশ॥



এই পদটি, ১৮৪৯ সালে প্রকাশিত, গৌর মোহন দাস সম্পাদিত “পদ-কল্পলতিকা” সংকলন
গ্রন্থে ৩য় পৃষ্ঠা, গৌরচন্দ্র অধ্যায়, ৮ম পদ, এইরুপে রয়েছে।


॥ গৌরী॥

ভালি গোরাচাঁদের আরতি বনী।
বাজে সংকীর্ত্তন মধুর ধ্বনি॥ ধ্রু॥
বিবিধ কুসুমফুলে বনি বনমালা।
কোত কোটিচন্দ্র জিনি বদন উজারা॥
ব্রহ্মাদি দেব যারে কর যোড় করে।
সহস্র বদনে ফণি ছত্রধরে॥
বীর বল্লভ দাস গৌর চরণে আশ।
জগভরি রহল মহিমা প্রকাশ॥


এই পদটিই, ১৩৪৮ বঙ্গাব্দে (১৯১৬) সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত
“শ্রীশ্রীপদ-রত্ন-মালা” সংকলন গ্রন্থে এইভাবে দেওয়া রয়েছে। তৃতীয়
অধ্যায়“সায়ংকালোচিত শ্রীগৌরাঙ্গের আরতি”, পদসংখ্যা ৬৯।

॥ গৌরী॥

ভালি গোরাচাঁদের আরতি বনী।
বাজে সংকীর্ত্তন মধুর ধ্বনি॥
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল।
মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল॥
বিবিধ কুসুম ফুলে গলে বনমালা।
কত কোটি চন্দ্র জিনি বদন উজালা॥
ব্রহ্মা আদি দেব যাকো কর-জোড় করে।
সহস্র বদনে ফণি শিরে ছত্র ধরে॥
শিব নারদ শুক ব্যাস বিসারে।
নাহি পারত্পর ভাব-ভরে॥
শ্রিনিবাস হরিদাস মঙ্গল গাওয়ে।
গদাধর নরহরি চামর ঢলাওয়ে॥
বীর বল্লভ দাস গৌর চরণে আশ।
জগভরি রহল মহিমা প্রকাশ॥

.            *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর