চিরঞ্জিৎ চক্রবর্তীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কি করি
কিছু সময় সংসার চালাতে কাটাই
কি খাবো, কি কি লাগবে, কালকে কি পরবো
কাজের লোকদের সঙ্গে গজ্ গজ্ করি
কুকুরদের সঙ্গে খেলি, ওদের যত্ন করি
অনেক বই পড়ি, কত কিছু শিখি
আর সব সময়ই ভাবি, অনেক কথা
কি ভাবি
কত কিছুই তো ভাবার আছে
পৃথিবীর অবস্থা, জীবন, সৌন্দর্য
ভালবাসা, দেশ, সত্য
মনুষ্যত্ব, কর্তব্য, ন্যায়
আরও অনেক কিছু
বন্ধুবান্ধবদের দেখতে যাই
ওদের খবর নিই, ওরাও আসে
হ্যাঁ, মাঝে মাঝে কফি-হাউসে যাই
বোধ হয় পরিবর্তনের জন্য
অস্থির লাগে, চঞ্চল লাগে
তখন রান্না করি, বেশি খাই
দেশী মদ পান করি
গান শুনি, ক্রিকেট দেখি, লিখি
কিছু লোকদের সাহায্য করার চেষ্টা করি
কিন্তু কোনো বিশেষ লাভ হয় না
কেবল তাঁদের চটাতেই সফল হই
কি আর করবো, ইহাই আমার জীবন
ভাবি, শুধু ভাবি
মনুষ্যত্ব বলে কিছু কি আছে
না সে কি কেবলই মানুষের আশা
আমি জানি না, তুমি জান কি
************