কবি জ্ঞানদাসের পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কিশোর বয়েস মণি কাঞ্চনে আভরণ
ভালে চূড়া চিকণ বনান |
হেরইতে রূপ- সায়রে মন ডূবল
বহু ভাগ্যে রহল পরাণ ||
সখি হে--পেখলুঁ পন্থক মাঝ |
হাম নারি অবলা একলা যাইতে পথে
বিছুরল সব নিজ কাজ ||
নয়ান-সন্ধান- বাণে তবু জর জর
কাতর বিনি অবলম্বে |
বসন খসয়ে ঘন পুলকে পুরল তনু
পানি না পূরলুঁ কুম্ভে ||
ঘর নহে ঘোর যেন জাগিয়া স্বপন হেন
আরতি কহনে না যায় |
জ্ঞানদাস কহে মনে অনুমানিয়ে
বাস করব নিপ-ছায় ||
*****
কেন গেলাম জল ভরিবারে |
যাইতে যমুনার ঘাটে সেখানে ভুলিলুঁ বাটে
তিমিরে গরাসিল মোরে ||
রসে তনু ঢর ঢর তাহে নব কৈশোর |
আর তাহে নটবর বেশ |
চূড়া টালনী বামে মউর চন্দ্রিকা ঠামে
ললিত লাবণ্য রূপ-শেষ ||
ললাটে চন্দন পাঁতি নব গোরোচনা কাঁতি
তার মাঝে পূণিমক চাঁদ |
অলকা-বলিত মুখ ত্রিভঙ্গ-ভঙ্গিম রূপ
কামিনী জনের মন ফাঁদ ||
লোকে তারে কাল কয় সহজে সে কাল নয়
নীলমণি মুকুতার পাঁতি |
চাহনি চঞ্চল বাঁকা কদম্ব গাছে ত ঠেকা
ভূবন-মোহন রূপ-ভাঁতি ||
সঙ্গে ননদিনী ছিল সে সকল দেখি গেল
অঙ্গ কাঁপে থরহরি ডরে |
জ্ঞানদাসেতে কয় তারে তোমার কিবা ভয়
সে কি সতী বোলাইতে পারে ||
*******
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল |
অমিয়া-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল ||
সখি কি মোর করমে লেখি |
শীতল বলিয়া ও চাঁদ সেবিনু
ভানুর কিরণ দেখি ||
উচল বলিয়া অচলে চড়িতে
পড়িনু অগাধ জলে |
লছিমি চাহিতে দারিদ্র্য বেঢ়ল
মাণিক্য হারানু হেলে ||
নগর বসালাম সায়র বাঁধিলাম
মাণিক পাবার আশে |
সাগর শুকাল মাণিক লুকাল
অভাগার করম-দোষে ||
পিয়াস লাগিয়া জলদ সেবিনু
বজর পড়িয়া গেল |
জ্ঞানদাস কহে কানুর পিরীতি
মরণ অধিক শেল ||
********
মাগো গেনু খেলাবার তরে |
পথে লাগি পেয়ে এক গোয়ালিনী
লয়ে গেল মোরে ঘরে ||
গোপরাজরাণী নন্দের গৃহিনী
যশোদা তাহার নাম |
তৈহার বেটার রূপের ছটায়
জুড়াইল মোর প্রাণ ||
কি হেন আকুতে তার বাম ভিতে
লয়ে বসাইল মোরে |
এক দিঠে রহি তাহার আমার
রূপ নিরিক্ষণ করে ||
বিজুরি উজোর মোর অঙ্গখানি
সেহ নব জলধর |
সুমেল দেখিয়া দিবাকর ঠাঁই
কি হেতু মাগল বর ||
তবে মোর গোরা গা-খানি মাজিয়া
লাস বেশ বনাইয়া |
হরষিত মোরে পাঠাইলা দেখ
এ সব আঁচরে দিয়া ||
ঝিয়ের কাহিনী শুনি গোয়ালিনী
মুচকি মুচকি হাসে |
কত সুধারস হিয়ায় বরিষে
কহে কবি জ্ঞানদাসে ||
******
গগনে ভরল নব বারিদ হে
বরখা নব নব ভেল |
ঝর ঝর বাদর ডাকে ডাহুকী সব
শবদে পরাণ হরি নেল ||
চাতক চকিত নিকট ঘন ডাকই
মদন বিজয়ী পিকরাব |
মাস আষাঢ় গাঢ় বিরহ বড়
বরখা কেমলে গোঁয়াব ||
সরসিজ বিনু সর শোভা না পাবই
কমল না শোভে অলিহীনা |
হাম কমলিনী কান্ত দেশান্তর
কত না সহ দুখ দীনা ||
সঞ্চরু সঘন সৌদামিনী জনু
বিন্ধয়ে শর খরধার |
মাস সাঙনে আশ নাহি জীবনে
বরিখয়ে জল অনিবার ||
নিশি আন্ধিয়ার অপার ঘোরতর
ডাহুকি ডহ ডহ ভাখ |
বিরহিনী-হৃদয় বিদারণ ঘন ঘন
শিখরে শিখন্ডিনী ডাক ||
উনমতি শকতি আরোপয়ে কাম নিতি
জনু সব-সাধন লাগি |
ভাদর দর দর অন্তর দোলন
মন্দিরে একলি অভাগী ||
উলসিত কুন্দ কুমুদ পরকাশিত
নিরমল শশধর কাঁতি |
ঘরে ঘরে নগরে নগরে সব রঙ্গিণী
নাহি জানে ইহ দিনরাতি ||
চির-পরবাসী যতহুঁ পরদেশী
সব পুন নিজ ঘরে গেল |
মাস আশিন খীন ভেল কলেবর
জ্ঞান কহে দুখ কোন দেল ||
********
নিষ্ঠুর প্রেম
কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই |
নিশ্চয় মরিব তোমার চান্দমুখ চাই ||
শাশুড়ী ননদীর কথা সহিতে না পারি |
তোমার নিঠুরপনা সোঙরিয়া মরি ||
চোরের রমণী যেন ফুকারিতে নারে |
এমত রহিয়ে পাড়াপড়শী ডরে ||
তাহে আর তুমি সে হইলে নিদারুণ |
জ্ঞানদাস কহে তবে না রহে জীবন ||
********
প্রেমদহন
মনেক মরম কথা শুনলো সজনি |
শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী ||
কিবা রূপে কিবা গুণে মন মোর বান্ধে |
মুখেতে না ফুরে বাণী দুটি আঁখি কান্দে ||
কোন বিধি নিরমিল কুলবতী বালা |
কেবা নাহি করে প্রেম কার এত জ্বালা ||
চিতের আগুনি কত চিতে নিবারিব |
না যায় কঠিন প্রাণ কারে কি বলিব ||
জ্ঞানদাস কহে মুঞি কারে কি বলিব |
বন্ধুর লাগিয়া আমি সাগরে পশিব ||
********
অভিমানিনী
পহিলহি চাঁদ করে দিল আনি |
ঝাঁপল শৈলশিখরে একপাণি ||
অব বিপরীত ভেল গো সব কাল |
বাসি কুসুমে কিয়ে গাঁথই মাল ||
না বোলহ সজনি না বোলহ আন |
কী ফল আছয়ে ভেটব কান ||
অন্তর বাহির সম নহ রীত |
পানি-তৈল নাহি গাঢ় পিরীত ||
হিয়া সম-কুলিশ বচন মধুরার |
বিষঘট-উপরে দুধ-উপহার ||
চাতুরি বেচহ গাহক ঠাম |
গোপত প্রেম-সুখ ইহ পরিণাম ||
তুহুঁ কিয়ে শঠি নিকপটে কহ মোয় |
জ্ঞানদাস কহ সমুচিত হোয় ||
********