বিংশ শতকের আশির শেষ থেকে নব্বই এর দশকের শুরুর দিকে আধুনিক বাংলা গান তার গতি ও ছন্দ যেন অনেকটাই হারিয়ে ফেলেছিল | বিশ্বায়ণের সূচনা ও হিন্দী গানের জগতের অসাধারন কথা ও সুরের মায়াজাল যেন বাঙালীকে আচ্ছন্ন করে ফেলছিল | বাংলা গানের তৃষ্ণা বাঙালী কে মেটাতে হোতো কেবল ফেলে আসা দিনের বাংলা গান থেকে | আধুনিক বাংলা গানের তখন শ্বাসরুদ্ধ অবস্থা|
ঠিক সেই সময়ে কয়েকজন তরুণ-তরুণী বাঙালীকে শোনালেন একেবারে নতুন স্বাদের গান | বাংলা গান যেন তাঁদের যাদুর ছোঁওয়ায় ফিরে পেল তাঁর প্রাণ | মৌসুমি ভৌমিক তাঁদেরই অন্যতম | তাঁরা শোনালেন নিজের সুর দেওয়া গান, নিজের কথায় | তাঁর গান শুনে উদ্বুদ্ধ হয়ে কবিতা লিখেছেন কেতকী কুশারী ডাইসন |
গান তো কেবল সুর নয়, গান মানে কথাও | আর কথা মানেই কবিতা| যে কবিতা তাঁরা রচনা করেছেন তা বাদ দিলে বাংলা কবিতাই অসমাপ্ত থেকে যাবে | আমরা এই সাইটের কবিদের সভায় তাঁদের আসন দিতে পেরে গর্বিত |
মৌসুমি ভৌমিকের অবশ্য তাঁর গানকে কবিতা বলায় একটু আপত্তি আছে | আপত্তি আছে জীবনমুখী গান কথাটিতেও। তিনি চান তাঁর গান মৌসুমি ভৌমিকের গানই থাকুক| তবু, আমাদের কথা ভেবে তিনি কয়েকটি কবিতা এখানে দিতে রাজি হয়েছেন | তার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ | ব্রিটিশ ও ভারতীয় শিল্পীদের নিয়ে মৌসুমির নতুন ব্যন্ড পারাপার | ভারতীয় এবং পাশ্চাত্য সংগীতে এক যথার্থ মেল বন্ধন যা এক নিজেস্ব ধারা প্রবর্তন করেছে | পারাপার সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন |