কে কেমন আছে তার কুশল খবর শীতের সম্ভ্রান্ত রৌদ্রের সাক্ষাতে জানতে চেয়েছি আমি, বয়সী বালক ভাব বিনিময় শেষে বিরহের সেই মৃদু তান ধাক্কা দিয়ে ভাসায় আসমান, আবার-ও ডাকে কাছে বৃষ্টি ভেজা পথ
মন খারাপের লোভে কলমে ভরেছি কালি বিরহ মধুর যদি ছেড়ে যাওয়া পথে |
নিপাতনে কেটে গেল অনেক সময়, বুঝিবা ক্লান্তির দিন হল শেষ |
ভাবছি, আবার শুরু অ- আ- ক- খ বাতাবি লেবুর গোল বোকা বোকা আমার ক্রিকেট, ছুটতে ছুটতে গেটহীন স্কুল-- হাফ প্যান্ট ছেড়ে হটাৎ লাজুক পাৎলুন |
আবার কি শুরু হবে বুকের ধুকপুক সরস্বতী পূজোর সকালে যদি দেখা হয় ! আবার-ও খালবিল, ইছামতীর বুকে সাঁতার চপ্পল খুলতেই বুট জুতো মচ্ মচ্ টেবিল বাজিয়ে মাত করা ক্যান্টিন সং |
লেখাপড়া অনেক হয়েছে-এই ভেবে সহসা আত্মগোপন, পালা বদলের টানে ফিরে যাওয়া বাংলার গ্রামে গ্রামে স্বপ্নের সে-সব দিনে বন্দুক হাতে ঝাপিয়ে পড়া-- যদি ডেকে তোলে বন্ধুর মতন আবার-ও কথা বলে হাতছানি দিয়ে কবিতায় !
আমাকে ভাগ্যবান বলেই জেন কেননা, আমার ভবিষ্যৎ আমি জেনে গেছি, না, না অবাক হওয়ার মত কিছু নেই যেহেতু কাজ না থাকার পরে কিছু থাকেনা তবে, বিস্তৃত আকাশ , মেঘেদের খেলাধুলো গ্রহতারাদের রাতভোর পার্টি আর ওই অগ্নি --
জানি তোমরা থাকবে থেকে থেকে উঁকি দেবে আর ভালবেসে বলবে, ভাল থেকো ;
একদিন হয়তো কেউ হাহাকার করে উঠবে কেউ চিৎকার করে হয়তো বলবে ওকে শান্তিতে রেখো’ !
আমি ভাগ্যবান, তবু কষ্ট হয় এই ভেবে অসীম শূন্যের দেশে . হাওয়া খেলবে কার সঙ্গে |