| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| সুন্দরসমাগমের পরামর্শ বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র প্রভাতে কুসুম লয়ে হীরা গেল দ্রুত হয়ে সুন্দর রহিল পথ চেয়ে। বিদ্যার পোহায় রাতি ঐ কথা নানাজাতি১ পুরুষের আট গুণ মেয়ে॥ হীরা বলে ঠাকুরাণি কিবা কর কানাকানি শুভ কর্ম্ম শিঘ্র হৈলে ভাল। আপনি সচেষ্ট হও রাজারে রাণীরে কও আন্ধার ঘরেতে কর আল॥ বিদ্যা বলে চুপ চুপ যদি ইহা শুনে ভূপ তবে বিয়া হয় কি না হয়। গিণসিন্ধু মহারাজ তার পুত্র হেন সাজ বাপার না হইবে প্রত্যয়॥ তাঁহারে আনিতে ভাট গিয়াছে তাহার পাট তিনি এলে আসিত সে ভাট। লস্কর আসিত সঙ্গে শব্দ হৈত রাঢ়ে বঙ্গে হাটের দুয়ারে কি কপাট॥ এমনি বুঝিলে বাপা অমনি রহিবে চাপা অন্য দেশে যাইবে কুমার। সর্ব্ব কর্ম্ম হবে নট তুমি ত সুবুদ্ধি বট তবে বল কি হবে আমার॥ তেঁই বলি চুপে চুপে বিয়া হয় কোন রূপে শেষে কালী যা করে তা হবে। হীরা কহে শিহরিয়া লুকায়ে করিবে বিয়া এ কি কথা ছাপা ত না রবে॥ ঠক ফিরে পায় পায় রাণী বাঘিনীর প্রায় নরপতি প্রলয়ের কাল। কোতোয়াল ধূমকেতু কেবল অনর্থহেতু তিলেকেতে পাড়িবে জঞ্জাল॥ তোমার টুটিবে মান মোর যাবে জাতি প্রাণ২ দেশে দেশে কলঙ্ক রটিবে। সখীরা ঠেকাবে দায় তুমি কি কহিবে মায় ভাব দেখি কেমন ঘটিবে॥ দ্বারী আছে দ্বারে দ্বারে কেমনে আনিবে তারে ভাবি কিছু না পাই৩ উপায়। লোকে হবে জানাজানি আমা লয়ে টানাটানি মজাইবে পরের বাছায়॥ এই সহচরীগণ এক ধিঙ্গী এক জন উদ্দেশেতে করি নমস্কার। মুখে এক মনে আর কেবল ক্ষুরের ধার ঠারে ঠোরে করিবে প্রচার॥ বিদ্যা বলে কেন হীরা ইহা কহ ফিরা ফিরা সখীগণে তোমার কি ভয়। মোর খায় মোর পরে যাহা বলি তাহা করে মোর মতছাড়া কভু৪ নয়॥ যত সখীগণ কয় কেন হীরা কর ভয়৫ দাসী কোথা ঠাকুরাণী ছাড়া। বিরহিণী ঠাকুরাণী ঠাকুর মিলাবে আনি কিবা সুখ ইহা হৈতে বাড়া॥ কেবা দুই মাথা ধরে গুপ্ত কথা ব্যক্ত করে ঠাকুর পাবেন ঠাকুরাণী। সলিল চন্দন চুয়া কুসুম তাম্বূল গুয়া যোগাইব এই মাত্র জানি॥ বিদ্যা বলে চল চল বুঝাইয়া গিয়া বল৬ তিনি ভাবিবেন পথ তার। কালী কুলাইবে যবে ঘটনা হইবে তবে৭ নারিকেলে জলের সঞ্চার॥ কৈও কৈও কবিবরে কোনরূপে মোর ঘরে আমিতে পারেন যদি তিনি। হবে পণে আমি হারি হইব তাহার নারী কৃষ্ণ যেন হরিলা রুক্মিণী॥ বেষ্টিত ভূপতিজাল বর আইল শিশুপাল পিতা ভ্রাতা তাহে পুষ্টি ছিল। রুক্মিণীর কৃষ্ণে মন শূন্য হৈতে নারায়ণ হরিলেন তেঁই সে হইল॥ তেমনি আমার মন তাঁহে চাহে অনুক্ষণ ভয় করি বাপ ভাই মায়। রুক্মিণীর মতন করি হরি লয়ে লউন হরি৮ এই নিবেদন তাঁর পায়॥ এত বলি চারুশীলা হীরারে বিদায় দিলা হীরা গিয়া সুন্দরে কহিল। রায় বলে এ কি কথা কেমনে যাইব তথা ভারতের ভাবনা হইল॥ . *********** ১ – পু১, পু২, পু৩, পু৪, গ --- কত জাতি ২ – পু২ --- মোর যাবে নাক কান ৩ – পু১, পী --- দেখি ৪ – পু১ --- কেহ ৫ – পু১, পু২, পু৩ --- সহচরীগণ কয় . . . ৬ – পু১ --- . . . বিশেষ বুঝিয়া বল, . – পু৩, পী --- বিদ্যা বলে হীরা চল বিশেষ বুঝায়া বল ৭ – পু৩ --- কালী অনুকূল হবে . . . ৮ – পু১ --- রুক্মিণীর মত কব়্যা মোরে যান লৈয়া হব়্যা **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |