| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| সুন্দরের বর্দ্ধমান প্রবেশ বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র দেখি পুরী বর্দ্ধমান সুন্দর চৌদিকে চান ধন্য গৌড় যে দেশে এ দেশ।১ রাজা বড় ভাগ্যধর কাছে নদ দামোদর ভাল বটে জানিনু বিশেষ॥ চৌদিকে সহরপনা দ্বারে চৌকী কত জনা মুরুচা বুরুজ শিলাময়॥ কামানের হুড়হুড়ি বন্দুকের দুড়দুড়ি সলখে বাণের গড় হয়॥২ বাজে শিঙ্গা কাড়া ঢোল নৌবত ঝাঁঝের রোল শঙ্খ ঘন্টা বাজে ঘড়ি ঘড়ি।৩ তীর গুলি শনশনি গজঘন্টা ঠনঠনি ঝড় বহে অশ্ব দড়বড়ি॥ ঢালী খেলে উড়াপাকে ঘন হান হান হাঁকে রায়বেঁশে লোফে রায়বাঁশ। মল্লগণ মালসাটে ফুটি হেন মাটি কাটে দূরে হৈতে শুনিতে তরাস॥ নদী জিনি গড়খানা দ্বারে হাবসীর থানা বিকট দেখিয়া লাগে শঙ্কা। দয়া সর্ব্বমঙ্গলার লঙ্ঘিতে শকতি কার সমুদ্রের মাঝে যেন লঙ্কা॥ যাইতে প্রথম থানা জিজ্ঞাসে করিয়া মানা কোথা হইতে আইলা কোথা যাও। কি জাতি কি নাম ধর কোন্ ব্যাবসায় কর৪ না কহিলে যাইতে না পাও॥ সুন্দর বলেন ভাই আমি বিদ্যাব্যাবসাই দাক্ষিণাত্য৫ কাঞ্চীপুর গ্রাম। এসেছি বিদ্যার আশে যাইব রাজার পাশে সুকবি সুন্দর মোর নাম॥ দ্বারী কয় এ কি হয় পড়ুয়ার বেশ নয় খুঙ্গী পুথি ধুতি ধরে তারা। ঘোড়াচড়া জোড়া অঙ্গে পাঁচ হাতিয়ার সঙ্গে চোর কিম্বা হবা হরকরা॥ নীচ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায়ে হাসে রায় বলে বটি বিদ্যাচোর। খুঙ্গী পুথি ছিল সঙ্গে দেখায়ে কহেন রঙ্গে তুষ্ট হৈনু রুষ্ট বাক্যে তোর॥ বিনয়ে দুয়ারী কয় শুন শুন মহাশয় বুঝিনু পড়ুয়া তুমি বট। ঘোড়াচড়া জোড়াপরা বিদেশী হেতের ধরা৬ ছাড়ি দিলে আমি হব নট॥ ঠক ভরা দরবার ছলে লয়ে ঘর দ্বার খরধার৭ ছুঁতে কাটে মাছি। চাকুরির মুখে ছাই ছাড়িতে না পারি ভাই বিষকৃমিসম হয়ে আছি॥ সুন্দর কহেন ভাই ঘোড়া জোড়া ছেড়ে যাই খুঙ্গী পুথি ধুতি পাখি লয়ে। তবে নাকি ছাড় দ্বারী দ্বারী কহে তবে পারি জমাদ্দার বখশীরে কয়ে॥ শিরোপা স্বরূপে রায় পেসকোশ দিলা তায় ঘোড়া জোড়া পাঁচ হাতিয়ার। দ্বারী ছেড়ে দিল দ্বার থানায় হইয়া পার প্রবেশিলা নগরে কুমার॥ ভূরিশিটে মহাকায় ভূপতি নরেন্দ্র রায়৮ মুখটি বিখ্যাত দেশে দেশে। ভারত তনয় তার অন্নদামঙ্গল সার কহে কৃষ্ণচন্দ্রের আদেশে॥ *********** ১ - পু১ --- ধন্য২ এই গৌড় দেশ। পু৩ --- ধন্য২ গৌড় প্রদেশ। ২ - পু২ --- সমুখে প্রধান গড় ছয়। ৩ - পু১ --- শঙ্খ ঘন্টা ঘন বাজে ঘড়ি। ৪ - পু১ --- কোন বা বেবসা কর ৫ - পু১, পু২, পু৩, পী --- দক্ষিণেতে ৬ - পু১, পী --- ঘোড়াচড়া জোড়াপরা পাচ হাতিয়ার ধরা ৭ - পু১, পু২, পী --- খুরধার ৮ - পু১, পী --- ভুরসিট পরগণায় নরেন্দ্র নরেন্দ্র রায় . পু৩ --- ভুরসিট পরগণায় নৃপতি নরেন্দ্র রায় **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |