| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| বিদ্যার আক্ষেপ বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র প্রভাত হইল বিভাবরী বিদ্যারে কহিল সহচরী। সন্দর পড়েছে ধরা শুনি বিদ্যা পড়ে ধরা সখী তোলে ধরাধরি করি॥ কাঁদে বিদ্যা আকুলকুন্তলে১ ধরা তিতে নয়নের জলে।২ কপালে কঙ্কণ হানে অধীর রুধিরবানে কি হৈল কি হৈল ঘন বলে॥ হায় রে বিধাতা নিদারুণ কোন্ দোষে হইলি বিগুণ। আগে দিয়া নানা দুখ মধ্যে দিত কত সুখ শেষে দুখ বাড়ালি দ্বিগুণ॥৩ রমণীর রমণ পরাণ তাহা বিনা কেবা আছে আন। সে পরাণ ছাড়া হয়ে যে রহে পরাণ লয়ে ধিক ধিক তাহার পরাণ॥ হায় হায় কি কব বিধিরে সম্পদ ঘটায় ধীরে ধীরে। শিরোমণি মস্তকের মণিহার হৃদয়ের দিয়া লয় সুখের নিধিরে॥ কাঁদে বিদ্যা বিনিয়া বিনিয়া শ্বাস বহে অনল জিনিয়া। ইহা কব কার কাছে এখনো পরাণ আছে বঁধুয়ার বন্ধন শুনিয়া॥ প্রভু মোর গুণের সাগর রসময় রূপের৪ নাগর। রসিকের শিরোমণি৫ বিলাসধনের ধনী নৃত্য গীত বাদ্যের আকর॥ জননী ডাকিনী হইল মোর মোর প্রাণনাথে বলে চোর। বাপ অনর্থের হেতু ধূমকেতু৬ ধূমকেতু বিধাতার হৃদয় কঠোর॥৭ চোর ধরা গেল শুনি রাণী অন্তঃপুরে করে কানাকানি। দেখিবারে ধায় রড়ে কোঠার উপরে চড়ে৮ কাঁদে দেখি চোরের মুখানি॥ রাণী বলে কাহার বাছনি মরে যাই লইয়া নিছনি। কিবা অপরূপ রূপ মদনমোহন কূপ ধন্য ধন্য ইহার জননী॥ কি কহিব বিদ্যার কপাল পেয়েছিল মনোমত ভাল। আপনার মাথা খেয়ে মোরে না কহিল মেয়ে তবে কেন হইবে জঞ্জাল॥ হায় হায় হায় রে গোসাঁই পেয়েছিনু সুন্দর জামাই। রাজার হয়েছে ক্রোধ না মানিবে উপরোধ এ মরিলে বিদ্যা জীবে নাই॥ এইরূপে পুরবধূগণ সুন্দরে বাখানে জনে জন। কোটাল সত্বর হয়ে চলিল দুজনে৯ লয়ে ভেট দিতে যেখানে রাজন॥ চোর লয়ে কোতোয়াল যায় দেখিতে সকল লোক ধায়। বালক যুবক জরা কানা খোঁড়া করে ত্বরা গবাক্ষেতে কুলবধূ চায়॥ কেহ বলে এ চোর কেমন এখনি করিল চুরি মন। বিদ্যারে কে মন্দ বলে ভারত কহিছে ছলে১০ পতি নিন্দে আপন আপন॥ ******************* ১ – পু১, পু২, পু৩, পী --- পড়িয়া ভূতলে ২ – পী --- ধারা বহে নয়নের জলে। ৩ – এর পর পু১, পু২, পু৩, পী-তে আছে--- যুবতীজনম কালামুখ পরের অধীন সুখ দুখ। পরের মরণে মরে পরঘরে ঘর করে পরে সুখ দিলে হয় সুখ॥ ৪ – পু২ --- রসিক, পু৩ --- গুণের, পী --- রসের ৫ – পু১, পু৩, পী --- চূড়ামণি ৬ – পু১ --- আজ্ঞা পেয়ে ৭ – পু১ --- বিনি অপরাধে ধরে চোর॥ ৮ – পু১, পু২, পী --- কেহ উঠে কেহ পড়ে দেখিবারে ধায় রড়ে ৯ – পু১, পু২, পু৩, পী --- সুন্দরে ১০ – পু১, পু২ --- বিদ্যার কুবোল বলে ভারত বলিছে ছলে **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |