| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| সুন্দর প্রসাদন বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র শুনিয়া ভাটের মুখে বীরসিংহ মহাসুখে ভাটেরে শিরোপা দিলা হাতী। রুঠার১ বান্ধিয়া গলে আপনি মশানে চলে পাত্র মিত্রগণ সব সাথী॥ মশানেতে গিয়া রায় সুন্দরে দেখিতে পায় ঊর্দ্ধমুখে দেবতা২ ধেয়ায়। কোটাল সৈন্যের সনে বান্ধা আছে জনে জনে কে বান্ধিলে দেখিতে না পায়॥ শূন্যেতে হুঙ্কার দিয়া ভূত নাচে ধিয়া ধিয়া ডাকিনী যোগিনী হুহুঙ্কার। ভৈরবের ভীম রব নৃত্যগীত মহোত্সব মশানে শ্মশান অবতার॥৩ দেব অনুভব৪ জানি রাজা মনে অনুমানি সুন্দরে বিস্তর কৈলা স্তব। না জানি করিনু দোষ দূর কর অভিরোষ জানিনু তোমার অনুভব॥ হাসিয়া সুন্দর রায় শ্বশুর জ্ঞেয়ানে তায় কহিলেন প্রসন্নবদনে। আফনি হইনু চোর দুঃখ নহে সুখ মোর তুমি মাত্র দয়া রেখো মনে॥ নৃপ বীরসিংহ কয় শুন বাপা মহাশয় কোটালের কি হবে উপায়। কিসে হবে বন্ধমুক্তি বলহ তাহার যুক্তি সুন্দর কহেন শুন রায়॥ বিশেষিয়া শুন কই কালিকা আকাশে অই অই অনুভবে এ সকল। পূজা কর কালিকার রক্ষা হবে সবাকার ইহ পর লোকের মঙ্গল॥ বীরসিংহ এত শুনি মহা পুণ্য মনে গুণি গুরু পুরোহিত আদি লয়ে। আনি নানা উপহার পূজা কৈল অন্নদার স্তুতি কৈলা সাবধান হয়ে॥ বীরসিংহ পুনঃ কয় শুন বাপা মহাশয় অই যে কহিলা কালী কই। যদ্যপি দেখিতে পাই তবে ত প্রত্যয় যাই তোমার কৃপায় ধন্য হই॥ হাসিয়া সুন্দর রায় অঙ্গুলে ছুঁইলা তায় বীরসিংহ পায় দিব্য জ্ঞান। দেখি কাল রাঙ্গা পায় আনন্দে অবশ কায় ভবানী করিলা অন্তর্দ্ধান॥ ডাকিনী যোগিনীগণ সঙ্গে গেল সর্ব্ব জন কোটালের বন্ধন ছাড়িয়া। বীরসিংহ৫ জ্ঞান পায় সুন্দরে লইয়া যায় নিজপুরে উত্তরিলা গিয়া॥ সিংহাসনে বসাইয়া বসন ভূষণ দিয়া বিদ্যা আনি কৈল সমর্পণ। করিল বিস্তর স্তব নানামত মহোত্সব হুলাহুলি দেই রামাগণ॥ সুন্দর বিদ্যারে লয়ে চোর ছিলা সাধু হয়ে কত দিন বিহারে৬ রহিলা। পূর্ণ হৈল দশ মাস শুভ দিন পরকাশ বিদ্যা সতী পুত্র প্রসবিলা॥ ষষ্ঠাপূজা সমাপিলা ছয় মাসে অন্ন দিলা বত্সরের হইল তনয়। সুন্দর বিদ্যারে কন যাব আমি নিকেতন ভারত কহিছে যুক্তি হয়॥ ****************** ১ – পু১ --- কুড়ালি ২ – পু১, পু২, পু৩, পী --- কালীরে ৩ – পু১, পু২, পু৩, পী --- মশানে দিবসে অন্ধকার॥ ৪ – পু১ --- অনুগ্রহ ৫ – পু৪, গ, বি --- রাজ রাজ্য ৬ – পু১, পু২, পু৩, পী --- আনন্দে **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |