কে বুঝিবে ? (নির্ঝর কাব্য ১৮৯১ থেকে নেওয়া) বিনয়কুমারী বসু, বিনয়কুমারী ধর
নিরখি নয়ন কোণে এক বিন্দু অশ্রুবারি, . কে বুঝিবে বল ? প্রাণের ভিতরে তব কি সিন্ধু লুকায়ে আছে, . কত তার তরঙ্গ প্রবল! একটি দীরঘ শ্বাসে, কে বুঝিবে, এ জগতে . কি ভীম তুফান হৃদয়ের মাঝে তব, বহিতেছে দিবানিশি . চূরমার করিছে পরাণ! শুনিয়া ও ক্ষীণ কণ্ঠে বিষাদের মৃদুতান, . কে বুঝিবে হায় ? কি গভীর মর্ম্মোচ্ছ্বসে কি গভীর হাহাকারে . বুক তব ভেঙ্গে নিতি যায়! সজল নয়ন যুগে কাতর চাহনি আধ, . দেখে একবার! কে বুঝিবে হৃদিমাঝে আকুল পিপাসা-ভরা . কি বাসনা, কি ভিক্ষা তোমার ? বিন্দুমাত্র দেখাইয়া বুঝাইতে সব কথা, . কেন আকিঞ্চন! কে এত মরমগ্রাহী দেখিয়া বালুকাকণা . মরুদৃশ্য বুঝিবে কেমন ?