এ লড়াই মৃত্যুর সঙ্গে মানুষের আর হার-জিত দুটো কথাই যখন অভিধানে রয়েছে বিনা যুদ্ধে কেউ কাউকে মাটি ছেড়ে দেবে না |
শুধু ডাক্তার আর নার্সরাই নন যাদের নামের পিছনে মৃত্যুর পরোয়ানা ঝুলছে তারাও জানে, এখানে পিছন-হটার কোনো কারন নেই | মৃত্যুকে হটিয়ে দেবার কঠিন সংকল্প নিয়ে তারাও এখানকার মাটিতে, ঘাসে, পায়ের ছাপ রেখে যায় | কেউ কেউ বাড়ি ফেরে না, কিন্তু যারা ফেরে, তাদের কণ্ঠে আমরা শুনতে পাই নবজীবনের গান |
The proletariat has nothing to loose but his chains. . --- Communist Manifesto
এক অদ্ভুত মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি ; অর্থাৎ দাঁড়িয়ে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছি
এ মাটির গর্ভে কী আছে আজও আমাদের জানা নেই যদিও কান পাতলে শুনতে পাওয়া যায় এক লক্ষ সাপের গর্জনের চেয়েও কোন ভয়ঙ্কর পরিণাম, যা ক্রমেই আসন্ন হচ্ছে |
কিন্তু আমরা এক পা-ও এদিক ওদিক নড়ছি না ; যেন স্থির দাঁড়িয়ে থাকাই আমাদের নিরাপত্তা, এবং তা সম্ভব | আমরা গির্জার গম্বুজগুলির এবং স্টক এক্সচেঞ্জের চার দিকের বিরাট স্তম্ভগুলির দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে এক সময় ঈশ্বরের মহিমাকে জানতে পারছি আর এই কথা ভেবে নিশ্চিন্ত হচ্ছি--- আমাদের স্বদেশ স্বাধীন এবং তার সীমান্তে বন্দুকধারী প্রহরীরা প্রত্যহ টহল দিচ্ছে |
যদিও পায়ের নিচে মাটি এখন অগ্নিগর্ভ ; যদিও আমাদের মাথার উপর আকাশ বলতে কিছুই নেই |
এভাবে মানুষ নিয়ে খেলা মানুষের স্বপ্ন সাধ বিশ্বাস সন্মান নিয়ে মানুষের মস্তিস্ক হৃদয় নিয়ে হৃৎপিণ্ড ধমনী রক্ত অস্থি নিয়ে খেলা চক্ষু জঠর গর্ভ পৌরুষ মাতৃত্ব নিয়ে খেলা
গর্ভের সন্তান আর তারও পর যারা আসবে আর যারা ইতিমধ্যে হামাগুড়ি দিচ্ছে,বইখাতা নিয়ে স্কুল কিংবা কারখানায় যে-সব শিশু বালক-বালিকা, স্বাধীন দেশেই যারা জন্মেছে, স্বাধীন দেশে জন্মাবে, তাদের স্বাস্হ্য ঘরবাড়ি পড়াশুনা নিয়ে তাদের মুখের ভাত নিয়ে এই খেলা জন্মভূমি নিয়ে, দেশের নগর গ্রাম খামার কারখানা নিয়ে দেশের সীমান্ত নিয়ে,দেশের ভিতর পোস্টাপিস রেলগাড়ী রাস্তাঘাট হাসপাতাল স্কুল-কলেজ নিয়ে দেশের ভূগোল ইতিহাস বিঞ্জান সাহিত্য নিয়ে গান নিয়ে, ছবি নিয়ে,নুন আর রুটি নিয়ে দেশের আকাশ জল মাটি আলো অন্ধকার নিয়ে এই খেলা, এই ভয়ঙ্কর খেলা