কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা
লেনিন শুধু লেনিন বলে লোকে
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন সমরেশ বন্দ্যোপাধ্যায়।


লেনিন শুধু লেনিন বলে লোকে
যেন তাদের বুক জুড়ে আজ লেনিন ;
যেন সুখে দুঃখে তাদের লেনিন---
সে ছাড়া আর এত কাছের কে ?

লেনিন শুধু লেনিন বলে লোকে।
দূরে ভাই, কাছের ভাই, ভাই
তবু লেনিন ; যতই দূরে থাকে
লেনিন শুধু লেনিন বলে লোকে---
ঘর আঁধার, বাইরে রোশনাই ;
যেন আলোয় আজও লেনিন ডাকে।

লেনিন শুধু লেনিন বলে লোকে
যেন শীতের আগুন হাতে লেনিন---
যেন চোখের জল শুকাতে লেনিন ;
সে ছাড়া আর ঝড়ের রাতে কে ?
সম্স্ত রাত পথ দেখাতে লেনিন।

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
পাথরে পাথরে নাচে আগুন
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়।


পাথরে পাথরে নাচে আগুন। আগুন হাতে
দ্যাখোরে মানুষ নাচে। নাচে রাত, শীত নাচে
পাথরে পাথরে নাচে : শীতের পাহাড় নাচে
রাতের পাহাড় নাচে। আগুনের মতো লাল

হাজার হাজার লাল পতাকা রাত শেষের
বন্দীর চোখে নাচে : নাচে রে, স্বপ্ন নাচে . . .

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
তোর কি কোনো তুলনা হয় ?
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী। অন্য একটি সুর দিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়।

তোর কি কোনো তুলনা হয় ?
তুই
চোখ বুজলে হিম সাগর, চোখ মেললে অনন্ত নীল আকাশ!
বুকের মধ্যে সমস্ত রাত তুষারে ঢাকা পাহাড়
সমস্ত দিন সূর্য ওঠার নদী . . .
তোর কি কোনো তুলনা হয় ?
তুই
ঘুমের মধ্যে জল ভরা মেঘ, জাগরণে জন্মভূমির মাটি!

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
মানুষরে তুই সমস্ত রাত জেগে
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী।


মানুষরে তুই সমস্ত রাত জেগে
নতুন ক’রে পড়
জন্মভূমির বর্ণ পরিচয়!
পায়ের নীচে তোর
গভীর হচ্ছে চোরাবালির চেয়ে ভীষণ
ঘুমের শূন্যতা ;
তুই
সারা জীবন শিখলি পরের মুখের কথা
শুধুই কথা!
রাজেশ্বরী জননী তোর তাই উপোসে
রাত্রি কাটায়।
বোঝে না তোর মুখের ভাষা!

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
একদিন মাকে দিয়েছিলাম দোষ
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী।


একদিন মাকে দিয়েছিলাম দোষ
মা আমার আধা ভিখারী
‘না-হয় আমরা ঘরে করবো উপোস,
তাই ব’লে কি যাবে রাজার বাড়ি ?’  

ছেলে ছেলে আমার ছেলে।
ঘুঁটে কুড়িয়ে পেট তো ভরে না!
দোষ যদি হয় রাজার বাড়ি গেলে,
ছেলের উপোস দেখবে কি তার মা ?

একদিন মা-কে দিয়েছিলাম দোষ
ছিলেন তিনি আধা ভিখারী।
এখন আমার সঙ্গে রাজার ভাব ;
মায়ের সঙ্গে আমার আড়ি!

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
স্বপ্নে আমি দেখেছিলাম তাকে
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে। এই
গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী। অন্য একটি সুর দিয়েছেন অনুপ মুখোপাধ্যায়।


স্বপ্নে আমি দেখেছিলাম তাকে
মাটির সরায় আঁকা আমার মা।
মাথার ওপর কোজাগরীর আলো
.        পায়ের পদ্মে জলের যন্ত্রণা।

কোলের উপর লুটিয়ে দিলাম মাথা।
মাগো কোথায় শান্তি কোথায় সুখ ?
দেখিসনে তুই অনাহারের জ্বালা
.        চোখ চাইতে কাঁপে না তোর বুক ?

স্বপ্ন ভাঙলো ; তেরো নদীর জলে
.        বুক ডুবিয়ে ক্ষুধার মিছিল চলে॥

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
অন্ন বাক্য অন্ন প্রাণ অন্নই চেতনা
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী।


অন্ন বাক্য অন্ন প্রাণ অন্নই চেতনা ;
অন্ন ধ্বনি অন্ন মন্ত্র অন্ন আরাধনা।
অন্ন চিন্তা অন্ন গান অন্নই কবিতা,
অন্ন অগ্নি বায়ু জল নক্ষত্র সবিতা॥
অন্ন আলো অন্ন জ্যোতি সবধর্মসার
অন্ন আদি অন্ন অন্ত অন্নই ওঙ্কার।
সে অন্নে যে বিষ দেয় কিংবা তাকে কাড়ে
ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো তারে॥

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আমার মা যখন মাটিতে মুখ থুবড়ে
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী।


আমার মা যখন
মাটিতে মুখ থুবড়ে পড়ে আছ
আপনি তখন
মস্কো বা মহেঞ্জদরোয়
তীর্থে বেরিয়েছ।
আপনার জমি
লাঙল দিয়ে চষছি
আপনি যেমনটি বলেছিলে
মোদের দুঃখই থাকবে না।
আমার মা তবু
মাটিতে মুখ থুবড়ে পড়ে আছ।
আপনার পা দুটি জড়িয়ে
মার জীবন ভিক্ষা নেব
সেই পা দুটিও যে---
দেশান্তরে।
মেদের খিদের দেবতা
কভু যান না---
দেশান্তরে

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
রাত ভোর আগুন জ্বেলে
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী।


রাত ভোর আগুন জ্বেলে
শীত তাড়াস তোরা মানুষ,
রাত ভোর উপোসে তবু কাঁপিস।
আগুন পারে দারুণ শীত
জাগিয়ে দিতে গানের পাখী
এক থালা গরম ভাত হাজার ফুল ফোটায়,
তোরা শুধুই খুঁজিস
শীতের গরম জামা
সারারাত।
আগুন তোদের করবে রাজা।

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
নীল কমল লাল কমল
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” কাব্য সংকলন (অক্টোবর ১৯৯০) থেকে।
এই গানটিতে সুর দিয়েছেন বিনয় চক্রবর্তী।


নীল কমল আর লাল কমল
খুঁজছে তাদের সত্যিকারের মা
লুকিয়ে যিনি মানুষ খাবেন না
সত্যিকারের মা।

এই দেশে নয় ওই দেশেও নয়
কোথায় আছে সত্যিকারের দেশ
সত্যিকারের আকাশ, সত্যিকারের বাতাস
খুঁজছে তারা খুঁজছে তারা
কোথায় আছে ভোরবেলার
অমল আলোর মতো
সত্যিকারের মা।

.              *******************
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*