কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় - আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি জন্মগ্রহণ
করেন অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরে। তাঁর স্কুল ও কলেজ ছাত্রজীবন কাটে কলকাতার রিপন
স্কুল ও কলেজে।
তাঁর প্রথম জীবনে তিনি স্বাধীনতা সংগ্রামী অনুশীলন দলের সঙ্গে ও পরে বাংপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত
ছিলেন।
প্রেম, প্রকৃতি, চার পাশের মানুষ, সামাজিক আন্দোলন, ইত্যাদি তাঁর কবিতার মূল উপকরণ। তাঁর কাব্যকে
ঘিরে আছে তীব্র সচেতনতা ও দায়বদ্ধতা। সমাজতন্ত্রের উপর বিশ্বাস এবং আস্থা তার কবিতা এবং
জীবনকে নিয়ন্ত্রণ করেছে। ওই দৃঢ় বিশ্বাস এর জন্যই তাঁর রাজনৈতিক আন্দোলনে প্রত্যখ্য যোগদান, জেল
যাত্রা এবং কবিতা। এই বিশ্বাস থেকেই তাঁর দলের সঙ্গে মত বিরোধ এবং নিজেকে দল থেকে সরিয়ে আনা।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - গ্রহচ্যুত (১৯৪২), রাণুর জন্য (১৯৫২), লখিন্দর (১৯৫৬), ভিসা
অফিসের সামনে (১৯৬৭), মহাদেবের দুয়ার (১৯৬৭), মানুষের মুখ (১৯৬৯), ভিয়েতনাম : ভারতবর্ষ
(১৯৭৪), আমার যজ্ঞের ঘোড়া : জানুয়ারি (১৯৮৫)। এ ছাড়া তিনি অনেক কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন।
তাঁর সম্পাদিত কাব্য সংকলনের মধ্যে রয়েছে "ব্রাত্য পদাবলী" (১৯৮০)। কবি অতীন্দ্র মজুমদারের
সহসম্পাদনায় সম্পাদনা করেছেন মে-দিনের কবিতা (মে ১৯৮৬)। এছাড়া তাঁর সম্পাদিত কবিতা বুলেটিনের
সংখ্যা পঁচিশের বেশি।
কবির কবিজীবন বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয়, কারণ তিনি মূলত ছোট পত্রিকার কবি এবং তাঁর
কোনো কবিতা কোনো বড় পত্রিকায় ছাপা হয় নি। কোনো বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা না থাকা সত্বেও
তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ক্যানসারে আক্রান্ত অবস্থায়, কলকাতার উপকণ্ঠে অবস্থিত
ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের শেষ শয্যায়, অনেক অনুরোধে, তিনি তাঁর দুটি কবিতা
একটি প্রতিষ্ঠিত পত্রিকায় ছাপার অনুমতি দিয়েছিলেন | তাঁর কবিতা সংক্ষিপ্ত এবং সংকেতময়। তাঁর বহু
কবিতা আজও ভারতবর্ষের রাজনৈতিক দৈন্যতার মুখোশ খুলে দেয় সুতীক্ষ্ণ কাব্যিক কশাঘাতে। স্বাধীনতা
উত্তর বাংলার রাজনৈতিক চালচিত্রে, তাঁর "রাজা আসে যায়" কবিতাটি প্রবাদ-বাক্যের জায়গা করে নিয়েছে
. . .
রাজা আসে যায় রাজা বদলায়
নীল জামা গায় লাল জামা গায়
এই রাজা আসে ওই রাজা যায়
জামা কাপড়ের রং বদলায়....
. দিন বদলায় না!
১৯৮২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।
তাঁর বহু কবিতায় সুর সংযোজন করে পরিবেশন করেন হেমাঙ্গ বিশ্বাস, প্রতুল মুখোপাধ্যায়, বিপুল
চক্রবর্তী, অজিত পাণ্ডে, অনুপ মুখোপাধ্যায়, অসীম ভট্টাচার্য , সমরেশ বন্দ্যোপাধ্যায়, বিনয় চক্রবর্তী,
অমিত রায়, কালী দাশগুপ্ত, হাবুল দাস প্রমুখ বিশিষ্ট গণসঙ্গীতকারগণ।
আমরা মিলনসাগরে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টাকে সার্থক বলে মনে করবো।
কবির জীবন ও কাজ সম্বন্ধে বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণ কমিটি, নমিতা চৌধুরী, অমিত রায়, ১৪সি ঢাকুরিয়া স্টেশন রোড,
কলকাতা ৭০০০৩১. চলভাষ : অমিত রায় - ৯৮৩০১১৮০৬৫
উত্স - শিশিরকুমার দাশ সম্পাদিত সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
. ডঃ শর্মিষ্ঠা সেন ।
. কবির জামাতা, খ্যাতনামা সঙ্গীতকার অমিত রায়ের সঙ্গে নানা সময়ে কথোপকথন।
. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাবিধান, দ্বিতীয় খণ্ড, ২০০১।
. সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ, ১৯৯০।
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের যোগাযোগের ঠিকানা :-
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.০৫.২০০৮
পরিবর্ধিত সংস্করণ - ১০.০১.২০১১
৭০টি নতুন কবিতা নিয়ে পরিবর্ধিত সংস্করণ - ২৪.১২.২০১৬
.