কবি দ্বিজ চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে
কবি দ্বিজ চণ্ডীদাস

শ্যামসুন্দর

সুধা ছানিয়া কেবা          ও সুধা ঢেলেছে রে
তেমতি শ্যামের চিকণ দেহা |
অঞ্জন রঞ্জিয়া কেবা          খঞ্জন বসাইল রে
চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা ||
থেহা নিঙ্গাড়িয়া কেবা          মুখানি বনাইল রে
জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড |
বিম্বফল জিনি কেবা                ওষ্ঠ গড়িল রে
ভুজ জিনিয়া করিশুণ্ড ||
কম্বু জিনিয়া কেবা               কণ্ঠ বনাইল রে
কোকিল জিনিয়া সুস্বর |
আরদ্র মাখিয়া কেবা          সারদ্র বনাইল রে
ঐছন দেখি পীতম্বর ||
বিস্তারি পাষাণে কেবা          রতন বসাইল রে
এমতি লাগয়ে বুকের শোভা |
কানড়-কুসুমে কেবা          সুষম করিল রে
এমতি তনুর দেখি আভা ||
আদলি উপরে কেবা          কদলী রোপল রে
ঐছন দেখি ঊরুযুগ |
অঙ্গুলি উপরে কেবা          দর্পণ বসাইল রে
চণ্ডীদাস দেখে যুগ যুগ ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
*
কালা গরলের জ্বালা আর তাহে অবলা
কবি দ্বিজ চণ্ডীদাস

শ্রীকৃষ্ণের বাঁশী

কালা গরলের জ্বালা          আর তাহে অবলা
তাহে মুঞি কুলের বৌহারী |
অন্তরে মরম ব্যথা          কাহারে কহিব কথা
ঘুপতে সে গুমরিয়া মরি ||

সখি হে বংশী দংশিল মোর কানে |
ডাকিয়া চেতন হরে          পরাণ না রহে ধড়ে
তন্ত্র মন্ত্র কিছুই না মানে ||
মুরলী সরল হয়ে          বাঁকার মুখেতে রয়ে
শিখিয়াছ বাঁকার স্বভাব |
দ্বিজ চণ্ডীদাস কয়          সঙ্গদোষে কি না হয়
রাহুমুখে শশী মসি লাভ ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
*
এমন পিরীতি কভু দেখি নাই শুনি
কবি দ্বিজ চণ্ডীদাস

প্রেমের তুলনা

এমন পিরীতি কভু দেখি নাই শুনি |
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি ||
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া |
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া ||
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে |
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে ||
দুগ্ধে আর জলে প্রেম কিছু নাহি স্থির |
উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর ||
ভানু কমল বলি সেহ হেন নহে |
হিমে কমল মরে ভানু সুখে রহে ||
চাতক জলদ কহি সে নহে তুলনা |
সময় নহিলে সে না দেয় এক কণা ||
কুসুমে মধুপে কহি সেহ নহি তুল |
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল ||
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে |
ত্রিভূবনে হেন নাহি চণ্ডীদাস কহে ||

.            ****************         
.                                                                               
সূচীতে . . .    



মিলনসাগর
*
সই কে বা শুনাইল শ্যাম নাম
কবি দ্বিজ চণ্ডীদাস


সই কে বা শুনাইল শ্যাম নাম |
কানের ভিতর দিয়া          মরমে পশিল গো
আকুল করিল মোর প্রাণ ||
না জানি কতেক মধু          শ্যাম-নামে আছে গো
বসন ছাড়িতে নাহি পারে |
জপিতে জপিতে নাম          অবশ করিল গো
কেমনে পাইব সই তারে ||
নাম-পরতাপে যার          ঐছন করিল গো
অঙ্গের পরশে কি বা হয় |
যেখানে বসতি তার          নয়নে দেখিল গো
যুবতী-ধরম কৈছে রয় ||
পাসরিতে করি মনে          পাসরা না যায় গো
কি করিব কি হবে উপায় |
কহে দ্বিজ চণ্ডীদাসে          কুলবতী কুল নাশে
আপনার যৌবন যাচায় ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
*
রাধার কি হৈল অন্তরে ব্যথা

রাধার কি হৈল অন্তরের ব্যাথা |
বসিয়া বিরলে          থাকায়ে একলে
না শুনে কাহারো কথা ||
সদাই ধেয়ানে          চাহে মেঘ-পানে
না চলে নয়ান-তারা |
বিরতি আহারে          রাঙাবাস পরে
যেমত যোগিনী-পারা ||
এলাইয়া বেণী          ফুলের গাঁথনি
দেখায়ে খসায়ে চুলি |
হসিত বয়ানে          চাহে মেঘ-পানে
কি কহে দুহাত তুলি ||
একদিঠ করি          ময়ূর-ময়ূরী
কন্ঠ করে নিরিক্ষণে |
চণ্ডীদাস কয়          নব পরিচয়
কালিয়া-বঁধুর সনে ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
*
দিবস রজনী গুণ গণি গণি
দূতী-সম্বোধন

দিবস রজনী                 গুণ গণি গণি
কি হৈল অন্তরে ব্যথা |
খলের বচনে                 পাতিয়া শ্রবণে
খাইনু আপন মাথা ||
শুন শুন দূতী              কি কহ মো প্রতি
বচন না লাগে ভাল |
সে ছার পিরীতি          ভাবিতে ভাবিতে
সোনার বরণ কাল ||
বিষের গাগরী                ক্ষীরে মুখ ভরি
কে না আনি দিল আগে |
করিনু আহার                না করি বিচার
এ বধ কাহারে লাগে ||
নীরলোভে মৃগী                পিয়াসে ধাইতে
ব্যাধ শর দিল বুকে |
জলের সফরী                 আহার করিতে
বঁড়শী লাগিল মুখে ||
জলদ নেহারি                  পিয়াসে চাতকী
চঞ্চু পসারল আশে |
বারিদ বারণ                     করল পবন
কুলিশ মিলিল শেষে ||
ক্ষীর নাড়ু করি                বিষে মাখাইয়া
অবলা বালাকে দিল |
সুস্বাদু পাইয়া                 খাইতে খাইতে
নিকটে মরণ ভেল ||
যখন আছিল                  সুদিন আমার
তখন আছিল কোলে |
এবে করি সাধ               দেখিতে না পাই
হারাইনু করম ফলে ||
লাখ হেম পায়্যা              যতনে বাঁধিতে
পড়ল অগাধ জলে |
হেন অনুচিত                করে পাপ বিধি
দ্বিজ চণ্ডীদাস বলে ||  

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর