কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
প্রেম পরাণ একু ঠামে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১৪৭ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম পরাণ একু ঠামে।
কেহ না কবে বোল কানুক বামে॥
নাহক অন্তর জানি।
অতয়ে করল অনুমানি॥
সজনী কে জানে উপায়ে।
পরশিলে পলটি না যায়ে॥
ঐছন দুহুঁক সুসঙ্গ।
(জনু) চাঁদ কয়ল মৃগ অঙ্ক॥
অন্তরে জানিয়ে তিলেক।
ছায়া তনু জনু এক॥
পিরিতিক জীউ অধীন।
যৈছে জলে রহ মীন ॥
জ্ঞানদাস রস ভোগ।
মিলনহি যোগহি-যোগ॥

টীকা ---
প্রেম পরাণ একু ঠামে ইত্যাদি --- প্রেম ও প্রাণ একই স্থানে রহিয়াছে, কানুর বিরুদ্ধে কেহ কথা বলে না। আমি নাথের মন জানি, সেইজন্য ইহা অনুমান করিতেছি। সখি ! কে জানে কি উপায় করিলে স্পর্শ করার পর সে ফিরিয়া না যায়। ঐরূপ দুইজনার মিলন, চাঁদ যেন হরিণকে কোলে ধরিল (কিন্তু দেখিতে কলঙ্ক বলিয়া মনে হয়)। মনে জানি ছায়া এবং দেহ সব সময়ের জন্য যেন এক। প্রেমের অধীন হইতেছে প্রাণ, যেমন মাছ জলে থাকে (জলের অধীন)। জ্ঞানদাস রস উপভোগ করিতেছেন, কেননা যোগ্যের সহিত যোগ্যের মিলন হইতেছে।

এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

সংক্ষিপ্ত সংম্ভোগ---নবোঢ়া
॥ শ্রীরাগ॥

প্রেম পরাণ একু ঠামে।
কেহ না করে বোল কানুক বামে॥
নাহক অন্তর জানি।
অতয়ে করল অনুমানি॥
সজনী কে জানে উপায়ে।
পরশিলে পলটি ন যায়ে॥ ধ্রু॥
ঐছন দুহুঁক সুসঙ্গ।
(জনু) চাঁদ কয়ল মৃগ অঙ্ক।
অন্তরে জানিয়ে তিলেক।
ছায়া তনু জনু এক।
পিরিতিক জীউ অধীন।
যৈছে জলে রহ মীন॥
জ্ঞানদাস রস-ভোগ।
মিলনহি যোগহি যোগ॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৯১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নবোঢ়া মিলন
সখীশিক্ষা
দূতীর প্রতি শ্রীরাধার উক্তি
॥ শ্রীরাগ॥

প্রেম পরাণ একু ঠামে।
কেহো না করে বোল কানুক বামে॥
নাহক অন্তর জানি।
অতএ করল অনুমানি॥
সজনি কে জানে উপায়ে।
পরসিলে পালটি না যায়ে॥ ধ্রু॥
ঐছন কানুক সুসঙ্গ।
জনু চাঁদ কয়ল মৃগ অঙ্ক॥
অন্তরে জানিয়ে তিলেক।
ছায়া তনু জনু এক॥
পিরীতিক জীউ অধীন।
যৈছে জলে রহ মীন॥
জ্ঞানদাস সরস আভোগ।
মিলহি যোগহি যোগ॥

টীকা---
প্রেম প্রাণ একঠাঁই। কেহ কানুর কথায় অন্যমত করে না। নাথের অন্তর জানি। অতএব অনুমান করিতেছি। সজনি, কে উপায় জানে? স্পর্শ করিলে আর ফিরিয়া আসা যায় না। এমনই কানুর স্পর্শসুখ। চাঁদ যেন মৃগকে কোল দিল। (কানুর স্পর্শ কলঙ্কিত করিল)। অন্তরে তিলেকেই জানিলাম, ছায়া এবং দেহ যেন এক। (সে দেহ আমি ছায়া, সেই ক্ষণেই জানিয়াছি) জীবন পিরীতির অধীন। জলে যেমন মীন থাকে। জ্ঞানদাস সরস কথা বলিতেছেন। যোগ্যে যোগ্যে মিলন ঘটিতেছে। অথবা যুগলে যুক্ত থাকুক।

এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নবোঢ়া মিলন @
সখীশিক্ষা
সখীর প্রতি শ্রীরাধার উক্তি
॥ শ্রীরাগ॥

প্রেম পরাণ একু ঠামে। কেহো না করে বোল কানুক বামে॥
নাহক অন্তর জানি। অতএ করল অনুমানি॥
সজনি কে জানে উপায়ে। পরসিলে পালটি না জায়ে॥ ধ্রু॥
ঐছন কানুক সুসঙ্গ। জনু চাঁদ কয়ল মৃগ অঙ্ক॥
অন্তরে জানিয়ে তিলেক। ছায়া তনু জনু এক॥
পিরিতিক জীউ অধীন। যৈছে জলে রহ মীন॥
জ্ঞানদাস সরস আভোগ। মিলহি যোগহি যোগ॥

@ - এই পর্যায়ের পদগুল্র উপর ভাবে ও ভাষায় বিদ্যাপতির প্রভাব স্পষ্ট।

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম পরাণ একু ঠামে।
কেহো না করে বোল কানুক বামে॥
নাহক অন্তর জানি।
অতএ করল অনুমানি॥
সজনি কে জানে উপায়ে।
পরসিলে পালটি না যায়ে॥
ঐছন কানুক সুসঙ্গ।
জনু চাঁদ কয়ল মৃগ অঙ্ক॥
অন্তরে জানিয়ে তিলেক।
ছায়া তনু জনু এক॥
পিরীতিক জীউ অধীন।
যৈছে জলে রহ মীন॥
জ্ঞানদাস সরস আভোগ।
মিলহি যোগহি যোগ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^