কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
পহিলহি প্রেমক সায়রে ডুবলু
পহিলহি প্রেমক সায়রে ডুবহুঁ

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পহিলহি প্রেমক     সায়রে ডুবলু
অব বুঝলুঁ পরিণামে।
মাণিক জানি     পরশে চিত পরশল
অব বিঘটন কোন ঠামে॥
সজনী তুহুঁ জনি বিছুরসি মোয়।
নাহ-সুহাগে     অছল জগ-বল্লভ
অব হেরি পুছই না কোই॥
নিতি নিতি অনুসর     মালতি মধুকর
পুণ্যে পরশ কেহু পায়।
অহো নিরগুনি ধনি     কুসুম-নাম ধরু
সো মোরি চরণে লুটায়॥
সময় বসন্ত     বদরি-তরু জীবই
ঐছন গতি মতি ভেল।
জ্ঞানদাস কহ     শুনইতে হিয়া দহ
কোন এতহুঁ দুখ দেল॥

টীকা ---
পরশে চিত পরশল --- মন স্পর্শমণি স্পর্শ করিল।
বিঘটল --- বিনষ্ট হইল।
জনি বিছুরসি --- ভুলিও না যেন।
নাহ সুহাগে ইত্যাদি --- নাথের সোহাগে জগতের সকলের প্রিয় ছিলাম, এখন আমাকে দেখিয়া কেহ জিজ্ঞাসাও করে না।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

অনুরাগ
॥ সুহই॥

পহিলহি প্রেমক     সায়রে ডুবলুঁ
অব বুঝলুঁ পরিণামে।
মাণিক জানি     পরশে চিত পংশল
অব বিঘটল কোন ঠামে॥
সজনী তুহুঁ জনি বিছুরসি মোয়।
নাহ-সুহাগে     অছল জগ-বল্লভ
অব হেরি পুছই না কোই॥ ধ্রু॥
নিতি নিতি অনুসর     মালতি মধুকর
পুণ্যে পরশ কেহু পায়।
অহো নিরগুণি ধনি     কুসুম-নাম ধরু
সে মোরি চরণে লুটায়॥
সময় বসন্ত     বদরি-তরু জীবই
ঐছন গতি মতি ভেল।
জ্ঞানদাস কহ     শুনইতে হিয়া দহ
কোন এতহুঁ দুখ দেল।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধনে
॥ সুহই॥

পহিলহি প্রেমক     সায়রে ডুবলুঁ
অব বুঝলুঁ পরিণামে।
মাণিক জানি     পরশে চিত পরশল
অব বিঘটন কোন ঠামে॥
সজনি তুহুঁ জনি বিছুরসি মোয়।
নাহ সোহাগে     আছলুঁ জগবল্লভা
অব হেরি পুছয়ি না কোই॥ ধ্রু॥
নিতি নিতি অনুসর     মালতী মধুকর
পুণ্যে পরশ কেহো পায়।
আহা নিরগুণি ধনী     কুসুম নাম ধরু
শিমরি চরণে লুটায়॥
সময় বসন্ত     বদরী তরু জীবই
ঐছন গতি মতি ভেল।
জ্ঞানদাস কহ     কহইতে হিয়া দহ
কোনে এতয়ে দুখ দেল॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ সুহই॥

পহিলহি প্রেমক   সায়রে ডুবহুঁ   অব বুঝহুঁ পরিণামে। @
মাণিক জানি   পরশে চিত পরশল   অব বিধটন কোন ঠামে॥
সজনি তুহুঁ জনি বিছুরসি মোয়।
নাহ-সোহাগে   আছলুঁ জগবল্লভা   অব হেরি পুছরি না কোই॥ ধ্রু॥ ১
নিতি নিতি অনুসর   মালতী মধুকর   পুণ্যে পরশ কেহো পায়।
আহা নিরগুণি ধনী   কুসুম নাম ধরু   শিমরি চরণে লুটায়॥
সময় বসন্ত   বদরী তরু জীবই   ঐছন গতি মতি ভেল।
জ্ঞানদাস কহ   কহইতে হিয়া দহ   কোনে এতয়ে দুখ দেল॥

টীকা---
প্রথমে তো প্রেমের সাগরে ডুবিয়াছিলাম। এইবার পরিণাম বুঝিলাম। মাণিক জানিয়াই স্পর্শ মণিকে হৃদয়ে স্পর্শ করিয়াছিলাম। এখন কোখায় বিঘটন ঘটিল। সজনি, তুমি যেন আমায় ভুলিও না। নাথের সোহাগে জগদীশ্বরী ছিলাম, এখন দেখিয়া কেহ জিজ্ঞাসাও করে না। মধুকর নিত্য নিত্য মালতীর অনুসরণ করে, কেহ কেহ বা পুণ্যে তাহাকে স্পর্শ করিতে পারে। আবার পুষ্প নামে পরিচিতা গুণহীনা শিমুল (ফুল) তাহার (মধুকরের) পায়ে লুটায়। বসন্ত-সময়ে কুলগাছের বাঁচিয়া থাকা যেমন (কণ্টকাকীর্ণ দেহে ফুলও হয়, ফলও হয়, কিন্তু না সৌন্দর্য, না সুগন্ধ, না মাধুর্য, অথচ বাঁচিয়া থাকিতে হয়) আমারও মতিগতি সেইরূপ হইল (বয়োধর্মে দেহে যৌবন আসিল, কিন্তু সে নৈবেদ্য শ্রীকৃষ্ণ গ্রহণ করিলেন না)। জ্ঞানদাস বলিতেছেন, বলিতে হৃদয় পুড়িয়া যায়, কে এত দুঃখ দিল?

@ - আমাদের পুঁথিতে প্রথম দুই পংক্তি নাই। এই দূই পংক্তি অপ্রকাশিত পদরত্নাবলী হইতে গৃহীত হইল। ষষ্ঠ পংক্তির তৃতীয় চরণে পদরত্নাবলীর পাঠ "সে মোরি চরণে লুটায়"। (সে আমার চরণে লুটায়) এ পাঠের কোন অর্থ হয় না। শিমরি অর্থে শিমুল।

১ - নাথের প্রণয়িনীরূপে বিশ্বের বরণীয়ান ছিলাম, এখন দেখিয়াও কেহ ডাকিয়া কুশল জিজ্ঞাসা করে না। গৌরবের তৃঙ্গশৃঙ্গ হইতে অনাদরের অন্ধতম কূপে নিক্ষিপ্ত হইয়াছি। 'জগবল্লভা' কথাটির মধ্য দিয়া কৃষ্ণপ্রণয়িনী যে জগৎপূজ্যা ও নিখিল বিশ্বের শ্রেয়সী এই অধ্যাত্ম সত্য ব্যঞ্জিত হইয়াছে।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পহিলহি প্রেমক সায়রে ডুবলুঁ
       অব বুঝলুঁ পরিণামে।
মাণিক জানি পরশে চিত পরশল
       অব বিঘটন কোন ঠামে॥
সজনি তুহুঁ জনি বিছুরসি মোয়।
নাহ সোহাগে আছলুঁ জগবল্লভা
       অব হেরি পুছয়ি না কোই॥
নিতি নিতি অনুসর মালতী মধুকর
       পুণ্যে পরশ কেহো পায়।
আহা নিরগুণি ধনী কুসুম নাম ধরু
       শিমরি চরণে লুটায়॥
সময় বসন্ত বদরী তরু জীবই
       ঐছন গতি মতি ভেল।
জ্ঞানদাস কহ কহইতে হিয়া দহ
       কোনে এতয়ে দুখ দেল॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^