কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সজনী নিকরুণ হৃদয় তাহারি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৯২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সজনী নিকরুণ হৃদয় তাহারি।
অব ঘর যাইতে     ঠাম নাহি পাইয়ে
পরিজন পাড়য়ে পারি॥
কৌতুকে দুহুঁ কুল     কমল তেয়াগলুঁ
সো পদ পঙ্কজ আশে।
পাউখক মীন     দীন ধৈছে লাগল
না গুণল মরণ-আসে॥
গগনক চান্দ     পানি তলে বারলুঁ
সাগরে নগর-বেভার।
অমিয়া ঘটভরি     হাথ পসাবলুঁ
বাঢ়ল গরলক ধার॥
সুর তরুতলে হম     জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভান।
জ্ঞানদাস কহ     সো দিন দুর গয়ো
কঠিন ভেল অব কান॥

টীকা---
সখি তাহার হৃদয়ে করুণা নাই। এখন ঘরে যাইলে, সেখানে স্থান পাই না, পরিজনেরা গালি দেয়। আমি কৌতুকবশে পিতৃকুল এবং স্বামীকুলরূপ কমল ত্যাগ করিলাম। ভাবিয়া-ছিলাম তাহার পদপঙ্কজ তো পাইব।
পাউখক মীন ইত্যাদি --- পাউক = প্রাবৃষ, বর্ষাকালের মাছের মতন আনন্দে বিহ্বল হইয়া ভাবিল এই তো আমার দিন ( সুযোগ ) আসিয়াছে--- চারিদিকে প্রচুর জল, ইচ্ছামত চলাফেরা করিব। সে তাহার মরণের ভয়কে গ্রাহ্য করিল না।
তুলনীয় ---- চণ্ডীদাস (পদামৃতসমুদ্র ১৭৪)
নবীন পউখ মীন মরণ না জানে।
গগনক চান্দ পানিতলে ইত্যাদি --- আমি বন্ধুর প্রেমের পুলকে বিহ্বল হইয়া আকাশের চাঁদ যেন হাত দিয়া ঢাকিলাম (ভাবিলাম আমাদের এ প্রেম কেহ জানিতে পারিবে না) আর সাগরে (প্রেমসাগরে) ডুবিলেও ভাবিলাম যেন নগরেই চলাফেরা করিতেছি।
অমিয়া ঘটভরি ইত্যাদি--- আমি প্রেমাবৃতের ঘট ভাবিয়া তাহার দিকে হাত বাড়াইলাম, কিন্তু তাহাতে শুধু গরলের ধারাই বৃদ্ধি পাইল ( কুত্সার ও গ্লানির হলাহল উঠিল )।
সুরতরুতলে হম ইত্যাদি --- ভাবিয়াছিলাম কল্পবৃক্ষের তলায় আমি জীবন কাটাইব, যখন যাহা চাহিব তাহাই পাইব। কবি জ্ঞানদাস শ্রীরাধার ব্যথার ব্যথী হইয়া বলিতেছেন সে সব সুখের দিন দূরে গেল, এখন কানাই বড় নিষ্ঠুর হইল।

এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

অনুরাগ
॥ সিন্ধুড়া॥

সজনী নিকরুণ হৃদয় তাহারি।
অব ঘর যাইতে     ঠাম নহি পাইয়ে
পরিজন পাড়য়ে গারি॥ ধ্রু॥
কৌতুকে দুহুঁ কুল-     কমল তেয়াগলুঁ
সো পদ-পঙ্কজ-আশে।
পাউখক মীন     দীন যৈছে লাগল
না গুণল মরণ-তরাসে @॥
গগনক চান্দ     পাণি তলে বায়লুঁ
সাগরে নগর-বেভার।
অমিয়া ঘট ভরি     হাথ পসারলুঁ
বাঢ়ল গরলক ধার॥
সুর তরু-তলে হম     জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভান।
জ্ঞানদাস কহ     সো দিন দুর গয়ো
কঠিন ভেল অব কান॥

@ “পাউখক” ইত্যাদি --- বর্ষার নূতন জলের মাছ যেমন ##নেই উজাইতে আরম্ভ করিল --- মরণের ভয় করিল না।
##নেই – অপাঠ্য শব্দ, সম্ভবত “উজানেই” হবে।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^