কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভুজযুগ লোল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৬ সালে নব্যভারত পত্রিকার আষাঢ় ১৩০৩ সংখ্যায় প্রকাশিত, ক্ষীরোদচন্দ্র রায়ের “দুইখানি পুস্তক” প্রবন্ধের ১৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভূজ যুগ লোল,
অরুণ নয়ানে বয়ানে বাহিয়া পড়ই প্রেম হিল্লোল,
গোরা-রূপ হেরি জগজন কান্দে,
চান্দজিনি মুখ অধিক ঝলমলি কুমুদ পড়ি গেল ধান্দে।
ভাবে গর গর গৌর গভীর জগত বৈচিত্র চলে,
সজল নয়ানে চৌদিক হেরিয়া রহে গদাধর কোলে।
হাস গদ গদ বচন অমৃত সিঞ্চিত জীব জন্তু লতা,
জ্ঞানদাস কহ গড়ল না ওরূপ সে পুন কেমন ধাতা॥

ই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ২৯৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ।
॥ সিন্ধুড়া॥

ভুবন-সুন্দর গৌর কলেবর আজানুভূজযুগ লোল।
অরুণ নয়নে বয়ানে চাহিয়া পড়ই প্রেমহিলোল॥
গোরা-রূপ হেরি জগমন কান্দে।
চান্দজিনি মুখ অধিক ঝলমলি কুমুদ পড়িলেন ধান্দে॥ ধ্রু॥
ভাবে গর গর গৌর গভীর জগত বৈচিত্র চলে।
সজল নয়ানে চৌদিকে হেরিয়া রহে গদাধর-কোলে॥
হাসে গদ গদ বচন-অমৃত সিঞ্চিত জীব জন্তু লতা।
জ্ঞানদাস কহে গঢ়ল ওনা রূপে সে পুন কেমন ধাতা॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভূজযুগ লোল।
অরুণ নয়নে বয়ানে চাহিয়া পড়ই প্রেম হিলোল॥
গোরা-রূপ হেরি জগজন কান্দে।
চান্দজিনি মুখ অধিক ঝলমলি কুমুদ পড়িগেল ধান্দে॥
ভাবে গরগর গৌর গভীর জগত বৈচিত্র চলে।
সজল নয়ানে চৌদিকে হেরিয়া রহে গদাধর কোলে॥
হাসে গদগদ বচন অমৃত সিঞ্চিত জীব জন্তুলতা।
জ্ঞানদাস কহে গঢ়ল ওনা রূপে সে পুন কেমন ধাতা॥

টীকা ---
ভূজযুগ লোল --- চঞ্চল ভূজযুগ (নৃত্যভঙ্গীতে চঞ্চল)
কুমুদ পড়িগেল ধান্দে --- কুমুদপুষ্প চাঁদ দেখিলে প্রষ্ফটিত হয় ; শ্রীগৌরাঙ্গের মুখ দেখিয়া কুমুদ ধাঁধায় পড়িল এই ভাবিয়া যে এই কি চন্দ্র !
সিঞ্চিত জীবজন্তু লতা --- তাঁহার বচন-অমৃতে জীবজন্তু লতাপাতা সব কিছু সিঞ্চিত হইল।
সে পুন কেমন ধাতা -- কোন বিধাতা এমন রূপ গড়িল।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^