কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মরমে লাগিল শ্যামের পিরিতি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, শ্রীরাধার পূর্বরাগ, ১১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মরমে লাগিল,     শ্যামের পিরিতি,
পাসরিতে নারি সখি।
কেমনে পাসরি,     উপায় কি করি,
বলনা কি হেতু দেখি॥
সখি কি রঙ্গ করিছ গো।
গৃহপতি কাজ,     বাড়াইতে লাজ,
ভজিব নন্দের পো॥
যো হোউ সো হোউ,     জাতিকুল যাউ,
ছাড়িতে নারিব তারে।
চলসতে মেলি,     শ্যাম শ্যাম বলি ,
রহিতে না পারি ঘরে॥
জ্ঞানদাস কয়,     মন অন্য নয়
শ্যামের পিরিতি সার
লয়্যা কুলশীল,     যে জন রহিবে,
আমি না রহিব আর॥

টীকা--
কেমনে পাসরি --- কেমন করিয়া ভুলিব বলিয়া দাও।
বল না কি হেতু দেখি ---- তাহাকে ভুলিবার চেষ্টা করা সত্ত্বেও মানসচক্ষুতে কি জন্য দেখি বল।
গৃহপতি কাজ, বাড়াইতে লাজ --- সে আমার ঘরেই পতি, হৃদয়ের কেহ নহে, সুতরাং তার ঘরের কাজ করাটা আমি লজ্জাজনক মনে করি।
লয়্যা কুলশীল যে জন রহিবে ইত্যাদি --- কুল এবং শীল বজায় রাখিবার জন্য যে ঘরে থাকিতে চায় থাকুক, আমি কিন্তু কিছুতেই থাকিব না।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^