কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কুঞ্জ মন্দির মাহা বৈঠলি সুন্দরী
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ১৬৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ
॥ গান্ধার॥

কুঞ্জ মন্দির মাহা   বৈঠলি সুন্দরী   দিনকর দুপহর ঠানে।
যব হাম পুছলু   পিরীতি সম্ভাষণ   প্রেমজল ভরল নয়ানে॥
মাধব ! তুয় অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে   অঙ্গ সব পুলকিত   না মানয়ে গুরুজন-বাধা॥ ধ্রু॥
ভাবে ভরল তনু   পুন পুন কাঁপই   পুন পুন শ্যামর গোরী।
পুন পুছত পুন   দিগ নেহারত   ভূমে শুতই পুন বেরি॥
ফুয়ল কবরী   উঠহি লোটায়ত   কোরে করত তুয় ভানে।
জ্ঞানদাস কহে   তুহ ভালে সমুঝত   সমুচিত করহ বিধানে॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, শ্রীরাধার পূর্বরাগ, ১১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুঞ্জ মন্দির মাহা,     বৈঠলি সুন্দরী
দিনকর দু’পহর ঠানে।
যব হাম পুছলু     পিরীতি সম্ভাষণ
প্রেমজল ভরল নয়ানে॥
মাধব ! তুয় অনুরাগিনী রাধা।
তুয়া পরসঙ্গে,     অঙ্গ সব পুলকিত,
না মানয়ে গুরুজন-বাধা॥
ভাবে ভরল তনু,     পুন পুন কাঁপই,
পুন পুন শ্যামর গোরী।
পুন পুছত পুন,     দিগ নেহারত,
ভূমে শুতই পুন বেরি॥
ফুয়ল কবরী,     উরহি লোটায়ত,
কোরে করত তুয় ভানে।
জ্ঞানদাস কহে,     তুহ ভালে সমুঝত,
সমুচিত করহ বিধানে॥

টীকা---
দিনকর দুপহর ঠানে --- সূর্য্য যখন দ্বিপ্রহর নির্দ্দেশ করে।
প্রেমজল ভরল নয়ানে --- চক্ষু প্রেমাশ্রুতে পূর্ণ হইল।
অঙ্গসব পুলকিত না মানয়ে গুরুজন বাধা --- তোমার প্রসঙ্গ উঠিলেই তাহার দেহে সঞ্চার হয়, গুরুজন সামনে আছে বলিয়াও কোনরূপ বাধা মানে না।
পুন পুন শ্যামর গৌরী --- গৌরবর্ণা বারবার ভাবের আবেগে যেন নীলবর্ণ ( শ্যামর ) হইয়া যায়।
কোরে করত তুয় ভানে --- কবরীর বন্ধন খুলিয়া গেলে, উহা যখন বুকের উপর লোটাইতে থাকে, তখন সে বর্ণসাদৃশ্য হেতু কবরীকেই শ্যাম মনে করিয়া আলিঙ্গন করে।

*********************