কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কি রূপ দেখিনু সই কদম্বের তলে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৬ সালে নব্যভারত পত্রিকার আষাঢ় ১৩০৩ সংখ্যায় প্রকাশিত, ক্ষীরোদচন্দ্র রায়ের “দুইখানি পুস্তক” প্রবন্ধের ১৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কিরূপ দেখিনু সই কদম্বের তলে,
ঘর যাইতে না লয় মন পরাণ কেমন করে।
নয়ানে লাগল রূপ কি আর বলিব,
নিতি নব অনুরাগে পরাণ হারাব।
নিবারিতে নারি চিত ঝুরে রাতি দিনে,
আকুল করিল মোরে কালার বরণে।
কালিয়া বরণ কিরে অমিয়ার সার,
জ্ঞান কহে না জানিয়ে যে পিয়ে একবার।

ই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ২৬৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ
শ্রীমত্যাহ
॥ ধানশী॥

কি রূপ দেখিনু সই! কদম্বের তলে। ঘর যাইতে না লয় মন পরাণ কেমন করে॥
নয়নে লাগল রূপ কি আর বলিব। নিতি নব অনুরাগে পরাণ হারাব॥
নেবারিতে নারি চিত ঝুরে রাতি দিনে। আকুল করিলে মোরে কালার বরণে॥
কালিয়া বরণ কিয়ে অমিয়ার সার। জ্ঞান কহে না জীয়ে যে পিয়ে একবার॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কি রূপ দেখিনু সই! কদম্বের তলে।
ঘর যাইতে না লয় মন পরাণ কেমন করে॥
নয়নে লাগল রূপ কি আর বলিব।
নিতি নব অনুরাগে পরাণ হারাব॥
নেবারিতে নারি চিত ঝুরে রাতি দিনে।
আকুল করিলে মোরে কালার বরণে॥
কালিয়া বরণ কিয়ে অমিয়ার সার।
জ্ঞান কহে না জীয়ে যে পিয়ে একবার॥

টীকা ---
চিত ঝুরে --- অন্তর কাঁদে।
কালিয়া বরণ কিয়ে ইত্যাদি --- যে কালার বর্ণরূপ অমিয়া নির্য্যাস একবার
পান করে সে আর বাঁচে না।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^