কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বন্ধু হে কুল কলঙ্কিনী হল্যাম
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৭৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বন্ধু হে কুল কলঙ্কিনী হল্যাম।
যাচিয়া যৌবন     তোমায় দিয়া,
লোক চরচায় মল্যাম॥
গৃহে গুরুজন,     গঞ্জে অনুক্ষণ,
তাহা কি তোমারে কই।
বসি সখী মাঝে,     মাথা তুলি লাজে
তোমার কারণে সই॥
একে একাকিনী,     কুলের কামিনী,
নিরমিল কুল বিধি।
দুনয়ান ভরি,     দেখিতে না পানু,
তোমা হেন গুণনিধি॥
অনেক সাধের,     ভরসো ঔষধ,
দেখিতে হইল সাধ।
একাকিনী রহি,     প্রথম পিরিতি,
নহিল আধের আধ॥
যে জন যা বিনে,     না রয়ে পরাণে,
তারে কী করয়ে আন।
জ্ঞানদাস কহে,     কানুর পিরিতি,
এবে জানিহ নিদান॥

টীকা ---
লোক চরচায় --- লোকের মধ্যে কলঙ্কে।
ভরসো ঔষধ --- আমার বিরহ ব্যাধির ঔষধ স্বরূপ তোমার দর্শন।
নহিল আধের আধ --- আমার মনে যত প্রেমপিপাসা তাহার অর্দ্ধেকের অর্দ্ধ তৃপ্ত হইল না।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^