কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শুনি শ্যামনাম মুরলি এক মুরতিক
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পূর্ব্বরাগের পদ, পদরত্নমালা পুথি ১৭০।

শুনি শ্যামনাম     মুরলি এক মূরতিক
হিয়া মাহা হোয়ল আশ।
কাতর অন্তরে     প্রিয়সখী মুখ হেরি
গদগদ কহতহি ভাষ॥
সজনি ! কি কহব কহন না যায়।
অপরূপ শ্যাম     নাম দুই আখর
তিলে তিলে আরতি বাঢ়য়॥
মুনি-মনোমোহন     মুরলি খুরলি শুনি
ধৈরজ ধরণ ন যাতি।
মনোরম গুণগণ     গুণজন গানে শুনি
চিত রহল তাঁহি মাতি॥
বিদগধ সুন্দর     কহত দূতীবর
ভট্ট কিরিতি যশ গায়।
শুনি শুনি উনমত     চিতে ভেল মনমথ
চপল জীবন দোলায়॥
শিখণ্ড-শিখর শ্যাম     রূপে গুণে অনুপাম
স্বপনে দেখিনু যুবরায়।
ফলকে তাহারি রূপ     মদনমোহন ভূপ
বলে উঠি ধরিবারে ধায়॥
ধেনুক বধের দিনে     সকল সখীর সনে
দিঠিতে পড়িলাম তার।
আপন ভুলিয়া গেঁলু     লাজ ভয় হারাইনু
জ্ঞানদাস কম্প অনিবার॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^