কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কানু পরিবাদ মনে ছিল সাধ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৮৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কানু পরিবাদ     মনে ছিল সাধ
সফল করিল বিধি।
কু জনার বোলে (১)     ছাড়িতে নারিব
সে হেন গুণের নিধি॥
হিয়া দরদর(২)     করে নিরন্তর
তারে(৩) না দেখিলে মরি।
হিয়ার ভিতরে     কি শেল সামাল্য
বল না কি বুধি করি॥
বন্ধুর পিরিতি     শেলের ঘা
সহিতে না সহে বুকে(৪)।
দেখিতে দেখিতে     ব্যথাটি বাড়িল
এ দুখ কহিব কাকে॥
অন্য ব্যাথা নহে     বোধে শোধে রহে
হিয়ার মাঝারে থুঞা।
কোন রসবতী(৫)     কুল মজাইয়া
কেমনে রয়্যাছে সঞা॥
আমরা অবলা     সরল হৃদয়(৬)
কথায়ে শুনিঞা(৭) গেলু।
পরের বচনে(৮)     পিরিতি করিয়া
জনম কাঁন্দিয়া মলু॥
সকল ফুলে     ভ্রমরা বুলে
কে তার আপন পর।
জ্ঞানদাস কহে(৯)     শুন বিনোদনী(১০)
পিরীতি(১১) দুখের ঘর॥

টীকা---
এই পদটির সহিত চণ্ডীদাসের ( পৃঃ ৮৯--৯০ ) [বিমানবিহারী মজুমদার সম্পাদিত সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত চণ্ডীদাসের পদাবলী] পদের প্রায় সর্ব্বাংশেই মিল দেখা যায়। চণ্ডীদাসের পদে যে পাঠ পাওয়া যায় তাহা নীচে পাঠান্তর হিসাবে দেখাইতেছি।
(১) কুজন বচনে। (২) দগদগ। (৩) যারে। (৪) পহিলে সহিলুঁ বুকে। (৫) কুলবতী। (৬) অবলা অখল হৃদয় সরল। (৭) ভুলিয়া। (৮) কথায়। (৯) চণ্ডীদাস কহে। (১০) কানুর পিরীতি। (১১) কেবল।

ই পদটি চণ্ডীদাসের ভণিতায়, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ৩য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ৮৯৬ পদসংখ্যা, ১৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

কানু-পরিবাদ     মনে ছিল সাধ
সফল করিল বিধি।
কুজন-বচনে     ছাড়িতে নারিব
সে হেন গুণের নিধি॥
বন্ধুর পিরিতি     শেলের ঘা
পহিলে সহিলুঁ বুকে।
দেখিতে দেখিতে     বেথাটি বাঢ়িল
এ দুখ কহিব কাকে॥
হিয়া দগদগ     করে নিরন্তর
যারে না দেখিলে মরি।
হিয়ার ভিতরে     কি শেল সম্ভাইল
বল না কি বুদ্ধি করি॥
অন্য বেথা নয়     বোধে সোধে রয়
হিয়ার মাঝারে থুইয়া।
কোন কুলবতী     কুল মজাইয়া
কেমনে রৈয়াছে সইয়া॥
অবলা অখল     হৃদয় সরল
কথায়ে ভুলিয়া গেলুঁ।
পরের কথায়     পিরিতি করিয়া
জনম কান্দিয়া মলুঁ॥
সকল ফুলে     ভ্রমরা বুলে
কি তার আপনা পর।
চণ্ডীদাস কহে     কানুর পিরিতি
কেবল দুখের ঘর॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^