কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
এতেক শুনিয়া হাসিয়া হাসিয়া
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, শারদ রাস, ১৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

এতেক শুনিয়া   হাসিয়া হাসিয়া   উঠিল কিশোরী গোরি।
রত্ন সিংহাসন   আনিল তখন   আনিল সুবর্ণ ঝারি॥
সিংহাসন পরি   বৈসল কিশোরী   হেলন সখীর অঙ্গে।
শ্যাম সুনাগর   বৈসে ত্বরাপর   কামাইতে তারে রঙ্গে॥
হরষিত হঞা   চরণ তুলিঞা   নাপিতিনী-হাতে দিল।
দুবাহু পশারি   রাই-পদ ধরি   উলসিত হৈয় নিল॥
যত্নে জল ঢালি   চরণ পাখালি   আঁচলে করিয় মুছে।
ঝামা যে লইঞা   চরণে ধরিঞা   মৃদু মৃদু বুলাইছে॥
চরণ মাজয়ে   আলস ধরয়ে   অবশ হইল ধনী।
নরুণ লইঞা   নখ যে কাটিঞা   চাঁছরে নখের কুনি॥
নখ যে চাঁছিল   কি শোভা হইল   জিনিঞা শারদ চন্দে।
জল দিঞা পুন   পাখালি চরণ   আলতা দেয় আনন্দে॥
নানা লতা ফুল   চিত্রিঞা অতুল   আলতা পরায় শ্যাম।
তবে সে চরণ-   কমলে তখন   লিখে আপনার নাম।
কহে জ্ঞানদাস   নিজ মনোআশ   পূরল নাগর হরি।
আলস ভাঙ্গিয়া   চরণ তুলিঞা   দেখয়ে কিশোরী গোরি॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, নাপিতানীবেশে মিলন, ৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সজনীকান্ত দাসের পুথি, ৯৩-পৃষ্ঠা।

এতেক শুনিয়া     হাসিয়া হাসিয়া
উঠিল কিশোরী গোরি।
রত্ন সিংহাসন     জোগাল তখন
আনিল সুবর্ণ ঝারি॥
সিংহাসন পরি     বৈসল কিশোরী
হেলন সখীর অঙ্গে।
শ্যাম সুনাগর     বসিল তখন
কামাইতে তারে রঙ্গে॥
হরষিত হঞা     চরণ তুলিঞা
নাপিতানী-হাতে দিল।
দুবাহু পশারি     চরণেতে ধরি
হরষ হইঞা নিল॥
তাহে জল ঢালি     চরণ পাখালি
আঁচলে করিয়া মুছে।
ঝামা যে লইঞা     চরণে ধরিঞা
পুন পুন তাহে দিছে॥
চরণ মাজয়ে     আলিস ধরয়ে
অবশ হইল ধনী।
নরুণ লইঞা     নখ যে কাটিঞা
চাঁছয়ে নখের কনি॥
নখ যে চাঁছিল     কি শোভা হইল
শারদ চন্দ্র জিনিঞা।
জল দিঞা পুন     পাখালি চরণ
আলতা দিছেন পরাঞা॥
নানা লতা ফুল     চিত্রিঞা অতুল
আলতা পরাঞা দিল।
তবে সে চরণ-     কমলে তখন
নিজ নাম লেখ্যা দিল।
কহে জ্ঞানদাস     নিজ মনোরথ
পূরল নাগর হরি।
আলস ভাঙ্গিয়া     চরণ তুলিঞা
দেখয়ে কিশোরী গোরি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^