কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মুরলীর স্বরে রহিবে কি ঘরে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ৮১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বংশী খণ্ড
॥ শ্রীরাগ - জগতাল॥

মুরলীর স্বরে     রহিবে কি ঘরে
গোকুল-যুবতীগণে।
কালিয়া নাগর     কালি দলি তার
বিষ মিশায়েছে তানে॥
কি রঙ্গলীলা     মিলায় শিলা
শুনিলে সে ধ্বনি কাণে।
যমুনা পবন     স্থগিত-গমন
ভুবন মোহিত গানে ৷৷
আনন্দ উদয়     শুধু সুধাময়
ভেদিয়া অন্তরে টানে।
রয়্যা রয়্যা জ্বালা     জীয়ে কি অবলা
হানয়ে মদন বাণে ৷৷
কুলবতী-কুল     কৈল নিরমূল
নিষেধ নাহিক মানে।
জ্ঞানদাস ভণে     বিঁধিল মরমে
বাঁশী কি মোহিনী জানে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^