কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সখি, আজি কুদিন সুদিন ভেল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪০ সালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য-বত্ন দ্বারা পরিদৃষ্ট ও সংশোধিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের, ভাব-সম্মিলন ও মিলন, ২৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখি, আজি কুদিন সুদিন ভেল।
মাধব মন্দিরে     আওব তুরিতে
কপালি কহিয়া গেল॥

চিকুর ফুরিছে,     বসন উড়িছে,
পুলক যৌবন-ভার।
বাম অঙ্গ আঁখি     সঘনে নাচিছে,
দুলিছে হিয়ার হার॥

প্রভাত-সময়     কাক কোলাহলি’
আহার বাঁটিয়া থায়।
পিয়া আসিবার     কথা শুধাইতে
উড়িয়া বসিল তায়॥

মুখের তাম্বুল     খসিয়া পড়িছে,
দেবের মাথায় ফুল।
জ্ঞানদাস কহে---     সব ভেল শুভ,
বিহি ভেল অনুকূল॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^