কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মন্দিরে বসসি চান্দ ফান্দাওসি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রসকলিকা ১৬৪ পৃষ্ঠা থেকে।

মন্দিরে বসসি     চান্দ ফান্দাওসি
তারায় গাঁথসি হার।
বলে জলনিধি     অঙ্গুলে মথসি
গণসি পানিক ধার॥
অতএ বড়ি সাহস তোর।
যে রস উপজল     নিয়ড়ে রহি গেল
কেহো না পাওল ওর |
আচলের বায়ে     অচল চালসি
সাগর গণ্ডুষে খাও।
কেনে কুবুধিনী     কাল ভুজঙ্গিনী
জিয়ন্তে ধরিতে চাও॥
গগন মণ্ডলে     সেজ বিছাওসি
চান্দকে মাগসি কোর।
কুলিশ খসই     দশনে ধরসি
এ বড়ি সাহস তোর॥
সুমেরু-শিখর     গরবে গিলসি
কাটিয়া থাপসি নীর।
অলপ বয়সে     এতেক চাতুরী
জগতে বোলসি ধীর॥
জ্ঞানদাস কহে     কাহ্ণু সে রাহু
রাই সে নবীন শশী।
ভক্ষ্য সামগ্রী     একত্র করিয়া
চমকি রহসি বসি॥

এটি শ্রীরাধার প্রতি সখীদের বক্রোক্তি।
এই সুন্দর পদটি নন্দকিশোর দাস গোস্বামী তাঁহার “রসকলিকায়” উদ্ধৃত কবিয়া উহার ব্যাখ্যা এইরূপ লিখিয়াছেন।

কৃষ্ণের অঙ্গের মালা চন্দ্রসম দীপ্ত।
সেই মালা হয়ে রাই-বক্ষোপরি লিপ্ত॥
মুকুতার হার তাতে যেন তারা সম।
সখীগণ কহে তারা-হার গাথ কেন॥
জলনিধি শব্দ কহি সমুদ্র সকল।
এথা ক্ষীরনিধি হয়ে, ও কুচমণ্ডল॥
সেই কুচ-সমুদ্র অঙ্গুলে মথহ।
নখরেখ লাগিয়াছে তাহা নিরিখহ॥
সখী কহে রাই তোমার অদ্ভুত চরিত।
জলধারাগণ যেন হেন লয়ে চিত॥
বড়ই সাহস এই হয় যে তোমার।
কৃষ্ণসঙ্গে লীলা কৈলা আনন্দ অপার॥
নিকটে যে রস হৈল সেহো দূরে গেল।
আমরা তোমার সখী কিছু না জানিল॥
সম্ভোগের কালে বুঝি আঁচল পাড়িলা।
নেই আঁচলের বায়ে অচল চালিলা॥
কৃষ্ণচন্দ্র হয়ে অতি রসের সাগর।
আলিঙ্গন-গণ্ডুষরূপে তাহা পান কর॥
কুবুধিনী প্রায় কেন কালসর্প ধর।
নাভিলোম-লতা সেই সর্পের আকার॥
গগন-মণ্ডল বক্ষ তাহে শয্যা কর।
কৃষ্ণচন্দ্রে কোল দিয়া বক্ষোপরে ধর॥
কুলিশ নির্গত কালে আরক্তিমা হয়।
সেই আরক্তিম বর্ণ কৃষ্ণাধর কয়॥
তাহা দন্তে ধর তুমি আনন্দিত মনে।
বড়ই সাহস তোমার না যায় কথনে॥
সুমেরু শিখর গর্ব্বে করহ ভক্ষণ।
নীর কাটিয়া তাহা করহ স্থাপন॥
অলপ বয়সে তুমি এতেক চতুর।
জগতের লোক কহে ধীর প্রচুর॥
জ্ঞানদাস কহে শ্রীকৃষ্ণ রাহু হন।
তুমি ত নবীন শশী তার ভক্ষ্য সম॥
মনেতে বাসনা করি আছয় বসিয়া।
ভক্ষ্য সামগ্রী সব একত্র করিয়া॥
এই ত কহিল সখী উত্তি রসোদগার।
দর্শন কথন, আর স্পর্শন প্রচার।
(রসকলিকা ১৬৫---৬৬ পৃঃ)

*********************
^^এই পাতার উপরে ফেরত^^