| গিরিশচন্দ্র ঘোষের কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| বিগত যৌবনা ১ গেছে দিন আছে কার স্মরণ কেবল,--- আছিল ললিত কায়, কেশজাল মেঘ প্রায়, বিভাগী সীমন্ত-রেখা ধবল সরল, অধরে আরক্ত রাগ, ভ্রমরার অনুরাগ, ফুটিত ইষত্ হাসে মুকুতার দল, উথলিত যৌবন-তরঙ্গ ঢল্ ঢল্,--- আছে তার স্মরণ কেবল | ২ তখন আসিত আর না দেখি এখন, ধনী-মানী যুবা কত, বেশ করি নানা মত, গুণগ্রাম-বিকশিত সুঠাম বদন ; কেহ বাঁধা কেশ-পাশে, কেহ বা হাসির ফাঁসে, কাহার হৃদয়ে বিদ্ধ কটাক্ষ ইক্ষণ, ইঙ্গিতে প্রস্তুত দিতে জীবন যৌবন,--- কারে আর না দেখি এখন | ৩ সহিয়ে নিদাঘ রবি, মেঘ-বরিষণ, কুজ্ঝটিকা-ঢাকা দিশা, হেমন্তের তীব্র নিশা, ঝটিকা, করকা ঘোর তরঙ্গ নর্তন, উপেক্ষিত তৃণজ্ঞানে, আসিত আমার ধ্যানে, প্রাচীর পর্বত সম করিত লঙ্ঘন, দেখে যেত ব্যগ্র তত যত অযতন,--- সহি রবি, মেঘ-বরিষণ | ৪ কেন এলো কেন গেলো সুখের স্বপন, এবে যদি দেখি কারে, ফিরে নাহি চায় বারে, ডাকিলে চিনিতে নারে ফিরায় বদন ; বেণীতে নাহিক ফাঁস, অধরে কুহকী হাস, বেঁধে না নয়ন, গেছে চপল যৌবন, করি নাই আবাহন, করিনি বর্জন,--- এলো গেলো সুখের স্বপন | ৫ কাচ বাঁধি অঞ্চলে কাঞ্চনে অবহেলা, কেন দিব দেহ দান, প্রাণ দিয়ে নেব প্রাণ, প্রণয় বন্ধন প'রে হবে কিনা খেলা ; চাহিতাম উপাসনা, কাঁদাইব --- কাঁদিব না, না বুঝে বেদনা সহি বেদনা একেলা, দান-প্রতিদানে ধরা আনন্দের মেলা,--- কাঞ্চনে করেছি অবহেলা! ******** . উপরে |
| জুড়াইতে চাই জুড়াইতে চাই --- কোথায় জুড়াই? কোথা হতে আসি কোথা ভেসে যাই! ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই! কে খেলায়, আমি খেলি বা কেন? জাগিয়ে ঘুমাই কুহকে যেন! এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর-অধীর-যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই! জানিনা কেবা, এসেছি কোথায় কেন বা এসেছি, কে নিয়ে যায় | যাই ভেসে ভেসে, কত কত দেশে, চারিদিকে গোল, উঠে নানা রোল, কত আসে যায়, হাসে কাঁদে গায়, এই আছে আর তখনি নাই! কি কাজে এসেছি--- কি কাজে গেল, কে জানে কেমন, কি খেলা হল ; --- প্রবাহের বারি, রহিতে কি পারি, যাই ---যাই কোথা? ---কূল কি নাই? কর হে চেতন,--- কে আছ চেতন, কত দিনে আর ভাঙ্গিবে স্বপন?--- যে আছ চেতন, ঘুমা'ওনা আর, দারুণ এ ঘোর নিবিড় আঁধার, কর তম নাশ, হও হে প্রকাশ,--- তোমা বিনা আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই || . ******** উপরে |