জ্যৈষ্ঠ আসতে কদিন দেরী ভাই--- আমের গায়ে বরণ দেখা যায়?
---অনেক দেরী? কেমন করে' হবে! কোকিল-ডাকা শুনেছি সেই কবে, . দখিণ হাওয়া---বন্দ কবে ভাই ; দীঘির ঘটে নতুন সিঁড়ি জাগে--- শেওলা-পিছল---এমনি শঙ্কা লাগে, . পা-পিছলিয়ে তলিয়ে যদি যাই!
মন্দ নেহাৎ হয় না কিন্তু তায়--- অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে' যায়!
দুঃখ নাইক সত্যি কথা শোন্, অন্ধ গেলে কি আর হবে বোন? . বাঁচবি তোরা---দাদা ত তোর আগে ; এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বাড়ী আসার পথ খুঁজে' না পাবে--- . দেখবি তখন প্রবাস কেমন লাগে?
---কি বল্লি ভাই, কাঁদবে সন্ধ্যা-সকাল? হা অদৃষ্ট, হায়রে আমার কপাল!
কত লোকেই যায় ত পরবাসে--- কাল-বোশেখে কে না বাড়ী আসে? . চৈতালি কাজ, কবে যে সেই শেষ! পাড়ার মানুষ ফিরল সবাই ঘর, তোমার ভাইয়ের সবই স্বতন্তর--- . ফিরে' আসার নাই কোন উদ্দেশ!
---ঐ য়ে হেথায় ঘরের কাঁটা আছে--- ফিরে' আসতে হবে ত তার কাছে!
এইখানেতে একটু ধরিস ভাই, পিছল ভারি --- ফস্ কে যদি যাই--- . এ অক্ষমার রক্ষা কি আর আছে! আসুন ফিরে'---অনেক দিনের আশা, থাকুন ঘরে, না থাক্ ভালবাসা--- . তবু দুদিন অভাগিনীর কাছে!
জন্মশোধের বিদায় নিয়ে ফিরে'--- সেদিন তখন আসব দীঘির তীরে |
"চোখ গেল" ঐ চেঁচিয়ে হ'ল সারা! আচ্ছা দিদি, কি করবে ভাই তারা--- . জন্ম লাগি গিয়েছে যার চোখ! কাঁদার সুখ যে বারণ তাহার---ছাই! কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, . কতক তবু কমত যে তার শোক!
"চোখ গেল" ---তার ভরসা তবু আছে--- চক্ষুহীনার কি কথা কার কাছে!
টানিস কেন? কিসের তাড়াতাডি--- সেই ত ফিরে' যাব আবার বাড়ী, . একলা থাকা সেই ত গৃহকোণ--- তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে--- . দরদ-ভরা দুখের আলাপন ;
পরশ তাহার মায়ের স্নেহের মত ভুলায় খানিক মনের ব্যথা যত!
শরাস্তৃত সরোবর ; তীরে তীরে তারি তালিবনশ্রেণী ; শ্যামল-সরসী-শিরে পদ্ম-বিভূষণা শৈবালের বেণী। ধীরে নামে সন্ধ্যাসতী ধূসর অম্বর অঞ্চলে লুটায়ে, ঝিল্লীর মঞ্জীর-মালা ঝিম-ঝিম বাজে পায়ে-পায়ে!