জন্মভূমি কবি যতীন্দ্রমোহন বাগচী ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ খৃষ্টাব্দে) প্রকাশিত কবির রেখা কাব্যগ্রন্থের কবিতা। পরে ১৩৩৮ বঙ্গাব্দে (১৯৩১) প্রকাশিত, কবির “কাব্যমালঞ্চ” কাব্যগ্রন্থেও কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয় "ঐ যে গাঁ-টি" শিরোনামে। কবিতাটি আমরা তুলেছি শ্রীমতী সঙ্ঘমিত্রা ঘোষের অনুরোধে। তাঁর ইমেল - sanghamitra_ghosh23@yahoo.co.in
ঐ যে গাঁ-টি যাচ্ছে দেখা ‘আইরি’-ক্ষেতের আড়ে--- প্রান্তটি যার আঁধার-করা সবুজ কেয়াঝাড়ে, পূবের দিকে আম-কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জট্ লা করে যাহার তলে রাখাল-বালকেরা--- . ঐটি আমার গ্রাম---আমার স্বর্গপুরী, . ঐখানেতে হৃদয় আমার গেছে চুরি!
বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা, পথের ধারে গলাগলি সজনে গাছের শাখা, গোরুর গাড়ির চাকায় পথে শুকায় নাকো কাদা, কোথাও বা তার বেড়ার পাশে আবর্জনার গাদা ;--- . তবু আমার জন্মভূমি স্বর্গপুরী, . বিশ্বশোভা ঐখানেতে গেছে চুরি!
যত দেশের যত পাখী ঐ গাঁয়ে কি আছে! ঝোপে-ঝাড়ে বেড়ায় উড়ে’ বাসার কাছে কাছে ; পখের পাশে গাছের ডগা নুইয়ে পড়ে গায়ে, চলতে গেলেই শুকনো পাতা মাড়াই পায়ে পায়ে ;--- . বনে-ভরা এম্ নি আমার স্বর্গপুরী, . তবু আমার চিত্ত সেথায় গেছে চুরি!
পাঠশালাটিও নাইর গাঁয়ে---নাই কোনো ডাকঘর, কোথায় বদ্দি, যদিও কম্ তি নয়ক বড় জ্বর ; রাজার প্রাসাদ নাইক সেথা, ধনীর দেবালয়, সজ্জাহীনের লজ্জা নাইক, দারিদ্র্যে নাই ভয় ;--- . সৃষ্টিছাড়া এমনি আমার স্বর্গপুরী, . সকল অভাব তবু সেথায় গেছে চুরি।
তবু ওঠে কুমোর-পাড়ায় কদমতলার ধারে সঙ্কীর্তনের মধুর-গীতি সান্ধ্য অন্ধকারে ; সবাই যেন স্বাধীন সুখী, বাধা-বাঁধন-হারা--- আবাদ করে, বিবাদ করে, সুবাদ করে তারা ; . এম্ নি আমার সাদাসিধে স্বর্গপুরী, . তাইত আমার মনটি সেথায় গেছে চুরি।
শোভা বল’, স্বাস্থ্য বল’, ---আছে বা না আছে, বুকটি তবু নেচে ওঠে এলে গাঁয়ের কাছে ; ঐখানেতে সকল শান্তি, আমার সকল সুখ--- বাপের স্নেহ, মায়ের আদর, ভায়ের হাসিমুখ ;--- . তাইত আমার জন্মভূমি স্বর্গপুরী, . যেথায় আমার হৃদয়খানি গেছে চুরি॥
ক্ষ্যাপা কবি যতীন্দ্রমোহন বাগচী কবির ১৯০৬ সালে প্রকাশিত “লেখা” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৮.২.২০২১।
॥ বাউল॥
ওরে ক্ষাপা, যদি প্রাণ দিতে চাস্--- . এই বেলা তুই দিয়ে দেনা ; ওরে, মানের তরে প্রাণটি দেবার . এমন সুযোগ আর হবে না! যখন, দুদিন আগে দুদিন পরে--- . তফাৎ মাত্র এই, তখন অমূল্য এই মানব জীবন . বৃথায় দিতে নেই--- . (ওরে ক্ষ্যাপা)
মায়ের দেওয়া এ ছার জনম . দেরে মায়ের তরে ; অমর জনম পাবিরে ভাই . জগৎ-মায়ের ঘরে। কি দিয়েছিস্---লিখ্বে যখন . পরকালের থাতা, তখন, তোরই দানে করবে আলো . বইয়ের প্রথম পাতা !--- . (ওরে ক্ষ্যাপা) . *********** . সূচীতে . . .