একটি সংবাদ কবি কমলেশ সেন “ভারতবর্ষ সেই দেশ” ( ২০০৮ ) কাব্যসংকলন থেকে নেওয়া |
একটি সংবাদ দিই তোমাদের অত্যন্ত গোপনে, স্থির নিশ্চিত বিশ্বাসে, পুব আর পশ্চিম থেকে যারা আসছে . তারা অভিন্নহৃদয় একই গান্ধারে তাদের প্রাণের মিতালি জন্মও তাদের একই মাতার গর্ভে . পরিচয় শুধু ভিন্ন |
তাই আমার খবরে নিশ্চিত বিশ্বাস রেখে তোমাদের প্রাণকে মাতোয়ারা করো . আনন্দে হাস্যে, বিপদের গম্ভীর থেকে উড়িয়ে দাও নিজেকে ভোমরার মতো ফুলবাগিচায় . গুনগুন গানের কলিতে |
শুধু পরিচয়ের সূত্রটি থাক . অত্যন্ত গোপনে একাম্ত নিজস্ব হয়ে : কারণ তোমাদের জীবন তো আর ফুলের মতো ক্ষণস্থায়ী নয় |
পার্টি আমার কবি কমলেশ সেন “ভারতবর্ষ সেই দেশ” ( ২০০৮ ) কাব্যসংকলন থেকে নেওয়া |
পার্টি আমার বিশাল দেশে, মহান বেশে যুদ্ধ জয়ের দিয়েছে ডাক ; পার্টি আমার প্রাণের গভীরে ভেঙেছে নিরাশ দিয়েছে এনে সূর্যমুখী নদীর প্রপাত |
পার্টি আমার চোখের তারায় বসিয়ে দিয়েছে জীবন গান, অগ্নিপ্রাণ ; পার্টি আমার মুখর দিনের অগ্নিরথে উড়িয়ে দিয়েছে রক্ত নিশান |
পার্টি আমার বিশাল দেশে, ভারতবর্ষে দিয়েছে এনে প্রাণের সাজ, বিজয় সাজ ; পার্টি আমার কন্ঠে দিয়েছে স্মৃতির গান যুদ্ধ জয়ের অমর গান |
পার্টি আমার বিশাল দেশের গভীর প্রাণে উড়িয়ে দিয়েছে জীবন নিশান, রক্ত নিশান ; পার্টি আমার চোখের তারায়, বুকের তারায় বসিয়ে দিয়েছে অমর প্রাণ, মৃত্যুহীন গভীর প্রাণ |
পার্টি আমার, আহা পার্টি আমার বিশাল দেশের, গভীর দেশের পার্টি আমার |
শিশুদের মুহুর্মুহু গোসা কবি কমলেশ সেন “ভারতবর্ষ সেই দেশ” ( ২০০৮ ) কাব্যসংকলন থেকে নেওয়া |
ছোটবেলায় আমি প্রায়ই আল্লার কাছে যেতাম
আল্লা আমার বন্ধ বইয়ের মধ্যে গুঁজে দিতেন পাখির রঙিন পালক মৌমাছির চাক বৃষ্টির দানার মতো শস্যের হলুদ কুসুম
বলতেন মাথায় মুকুটের মতো এ-পালক পরে তুই যুদ্ধে যাস, মৌমাছির চাক শস্যের হলুদ কুসুমকে তুই তুলে রাখিস তোর ছেঁড়াফাটা বইয়ের ছোট্ট তাকে যুদ্ধের নিয়ম-কানুন শিখে নিস আমার কাছে
যুদ্ধ বলতে এ-বয়সে আমি বুঝতাম ভীষণ গোসা, আমি গোসা করে দুবেলা ভাত না খেয়ে থেকেছি আল্লাকে বলেছি আমি যুদ্ধ ঘোষণা করেছি
আমার খুব গোসা দেখলে আল্লা হাসতেন আর বলতেন মুকুট থেকে পাখির পালক খসিয়ে পায়ের কাছে রাখ দেখবি নিমেষে গোসা কোথায় পালিয়ে গিয়েছে
আমি আল্লাকে বলি, এই মুহূর্তে আমার দোয়াত কলম চাই তোমাকে নিয়ে এমন কাব্যি করব যেন আর কেউ কোনদিন তোমাকে নিয়ে কাব্যিটাব্যি না করে
আসলে আল্লা, ছোট মানুষদের সাথেই তোমার ভাব এ-সারতত্ত্ব আমি এ বয়সে এসে বুঝেছি
বয়সের অভিজ্ঞতা দিয়ে তুমি নিশ্চয়ই আল্লা এমন এক গ্রন্থ লিখবে, যে গ্রন্থের মধ্যে থাকবে আমার পাখির রঙিন পালক মৌমাছির ভরা চাক শস্যের হলুদ কুসুম