কবি ভাগ্যশ্রী ঘোষ -এর জন্ম কলকাতায় | পিতা নরেন্দ্রনাথ মিত্র ও মাতা উষারাণী দেবীর দ্বিতীয় সন্তান এবং একমাত্র কন্যা | কবির বড় হয়ে ওঠা এক রক্ষণশীলতায় মোড়া যৌথ পরিবারে | ১৯৭১ সালে ব্যাঙ্ক কর্মী শ্রী প্রীতিভূষণ ঘোষের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন | তাঁদের এক ছেলে ও এক মেয়ে প্রতিষ্ঠিত |
কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলায় সাম্মানিক স্নাতক | স্নাতকোত্তর অর্ধ সমাপ্ত | অ-পেশাদার অভিনেতা ও নাট্য পরিচালক, পিতা নরেন্দ্রনাথের কাছে, ছোটবেলায় কবিতা ও নাটকে হাতেখড়ি | বাবার অনুপ্রেরণায় ছোট থেকেই মঞ্চের সঙ্গে সহবৎ | স্বামী প্রীতিভূষণ বাবুর চাকুরীসূত্রে কলকাতার ঢাকুরিয়ায় থাকাকালীন কবি প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষের কাছে তালিম নিয়েছেন | বহুমুখী প্রতিভা কবি ভাগ্যশ্রী ঘোষ-এর শখ - আবৃত্তি, গ্রন্থণা, নাটক, শ্রুতিনাটক ও লেখালেখি | বিশ্বাস করেন - সততাই মূল ধর্ম | তিনি পূজার্চ্চনা ও ভ্রমণেও সমান আগ্রহী |
কবি জলপাইগুড়ির "উদিচী" নাট্য সংস্থার সঙ্গে বালুরঘাট নাট্য প্রতিযোগীতায় তৃতীয় পুরস্কার লাভ করেন | অরবিন্দ কর সম্পাদিত, জলপাইগুড়ি থেকে প্রকাশিত এবং পশ্চিম বঙ্গ আকাদেমি পুরস্কার প্রাপ্ত পত্রিকা "কিরাত ভূমি" সহ উত্তরবঙ্গের নানান পত্র পত্রিকায় তিনি নিয়মিত লিখে আসছেন | জলপাইগুড়ির সাংস্কৃতিক অঙ্গণে কবি একটি পরিচিত নাম |