কবি বিপ্রদাস ঘোষাল- জন্ম গ্রহণ করেন অবিভক্ত বাংলার খুলনা জেলার আজগড়া গ্রামে | দেশভাগের কারণে তাঁর পরিবার কলকাতায় চলে আসেন | মেদিনীপুর জেলার গড়বেতা হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ইংরেজী ভাষা ও সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সান্মানিক স্নাতক ডিগ্রী লাভ করেন | শিক্ষকতা করেন ইংরেজী ভাষা ও সাহিত্যে, পুঁটিয়ারী ব্রজমোহন তিওয়াড়ী (উচ্চ মাধ্যমিক) ইনস্টিটিউশনে |
কবিতা ও গল্প লেখা শুরু হয় বালক বয়স থেকেই | তাঁর প্রথম কবিতা ছাপা হয় শান্তিপ্রিয় চট্টোপাধ্যায় সম্পাদিত "বিশ শতক" পত্রিকায় | তাঁর প্রথম কাব্যগ্রন্থ "কবিতা আমার কবিতা" | এছাড়া রয়েছে "প্রতিদিন জাগরণে", "বৃন্তে অটুট", "যথা নিযুক্তোহস্মি", "অগোছাল পাণ্ডুর স্বপ্ন", "কবিতা সংকলন", "অনেক কথা বলেছিলেম", "বেলিকভ ও অন্যান্য কবিতা", "অপাবৃণু" প্রভৃতি | তাঁর কবিতা নিয়মিতভাবে প্রকাশিত হয়ে এসেছে মহাপৃথিবী, সিন্ধুসারস, পরশমণি, বসুধা, তারুণ্য, একক, আকিঞ্চন, সহজকথা, চেতনা এবং মুম্বাই থেকে প্রকাশিত নবমেঘ পত্রিকায় |
সিঙ্গুর-নন্দীগ্রামের কৃষক আন্দোলন শুরু হবার পর তাঁর "অপাবৃণু" বইটি প্রকাশিত হয় | জমি হারানো, প্রাণ হারানো কৃষককুলের উদ্দেশ্যে উত্সর্গ করেছেন বইটি | তিনি স্পষ্ট ভাষায় তাঁর কবিতায় পশ্চিমবঙ্গের তথাকথিত বাম শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন | বইটির ভূমিকায় স্বয়ং লিখেছেন যে - "...অপাবৃণু কোনো ধর্মীয় গ্রন্থ নয়, ধর্মের নামগন্ধও নেই | শাসকদলের অত্যাচারের মুখোস খুলে দেওয়ার জন্য জন-আদালতে ফরিয়াদ মাত্র | কিছু মানুষ আছেন যাঁরা উপকৃত হবেন বা ভাল বলবেন, আবার কেউ কেউ বা বিজেপি বলে অচ্ছুৎ মনে করবেন |..." তাঁর কিছু কবিতা আমাদের সাইটে প্রকাশিত করতে পেরে আমরা আনন্দিত |