সত্যজিৎ রায় এর জন্ম কলকাতায় । পিতা সুকুমার রায় এবং পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। বালিগঞ্জ গভমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে, প্রেসিডেন্সী কলেজ থেকে প্রথমে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়ে বদল করে ইকনমিকস নিয়ে স্নাতক হন । এর পর তিনি শান্তিনিকেতন থেকে ফাইন আর্টস নিয়ে পাশ করেন । যদি পৃথিবীর সর্বকালের সেরা বহুমুখী প্রতিভাবান মানুষের তালিকা তৈরী হতো, তাহলে সম্ভবতঃ লিওনার্ডো দা ভিঞ্চি ও রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই সত্যজিৎ রায়ের নাম উঠে আসতো | পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র পরিচালক ছাড়াও তিনি ছিলেন একজন প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী, ছোট গল্পকার, অত্যন্ত জনপ্রিয় গোয়েন্দা-রহস্য রচণাকার, কল্পবিজ্ঞান-সাহিত্যিক এবং সুদক্ষ গীতিকার ও সুরকার। প্রথম জীবনে বিজ্ঞাপন জগতের সাথে যুক্ত থাকার সময় ইংরেজী ও বাংলা লিপি বা ফন্ট নিয়ে প্রচুর পরিক্ষা নিরিক্ষা করেছিলেন । Bizarre, Daphnis, Holiday ScriptএবংRay Romanফন্টগুলি তাঁরই সৃষ্টি । তাঁর নাম খ্যাতনামা কবিদের সারণীতে না থাকলেও তাঁর একাধিক সিনেমায় তাঁর রচিত গান তো তাঁর কবি প্রতিভারই বিস্ফুরণ ! এমন কি তাঁর কয়েকটি ছায়াছবিতে নানা চরিত্রের প্রায় সব কথোপকথনই ছন্দ মিলিয়ে করেছেন। কবি না হলে এমনটা আশা করা যায় না । এ ছাড়া তিনি তাঁর পিতার আজগুবি দুনিয়ার বা Non- sense সাহিত্যের পথেও বেশ খানিকটা যোগ্যতার সাথেই হেঁটেছেন । এডওয়ার্ড লিয়র এবং ল্যুইস ক্যারল এর আজগুবি জগতের ছড়ার বঙ্গানুবাদ করেছেন নিজের সৃষ্টিশীল মন দিয়ে! ছোটদের জন্য রচিত সেই বই "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম" থেকেই আমরা কয়েকটি ছড়া এখানে তুলে দিয়েছি । তিনি তাঁর জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন যার মধ্যে ১৯৯২ সালের একাডেমি এওয়ার্ড, ১৯৯২ সালের ফ্রান্স সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান "লিজিওন ডি হনার" এবং "ভারত রত্ন" অন্যতম ।