. মিলে সব ভারতসন্তান, . একতান মন-প্রাণ, . গাও ভারতের যশোগান | ভারত-ভূমির তুল্য আছে কোন্ স্থান? . কোন্ অদ্রি অভ্রভেদী হিমাদ্রি সমান? ফলবতী বসুমতী, স্রোতস্বতী পূণ্যবতী, . শত-খনি কত মণি-রত্নের নিধান! হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গাও ভারতের জয় ||
. কি ভয় কি ভয়, গাও ভারতের জয়! রূপবতী সাধ্বীসতী, ভারত-ললনা, . কোথা দিবে তাদের তুলনা? হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গাও ভারতের জয় ||
. বশিষ্ঠ গৌতম অত্রি মহামুনিগণ, . বিশ্বামিত্র ভৃগু তপোধন, বাল্মীকি বেদব্যাস, ভবভূতি কালিদাস, . কবিকুল ভারত-ভূষণ | হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গাও ভারতের জয় ||
. বীর-যোনি এই ভূমি বীরের জননী ; . অধীনতা আনিল রজনী, সুগভীর সে তিমির, ব্যাপিয়া কি রবে চির, . দেখা দিবে দীপ্ত দিনমণি! হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গাও ভারতের জয় ||
. ভীষ্ম দ্রোণ ভীমার্জ্জুন নাহি কি স্মরণ, . পৃথুরাজ আদি বীরগণ! ভারতের ছিল সেতু, রিপুদল-ধূমকেতু, . আর্তবন্ধু দুষ্টের দমন | হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গাও ভারতের জয় ||
. কেন ডর, ভীরু, কর সাহস আশ্রয়, . যতোধর্মস্ততো জয়! ছিন্ন ভিন্ন হীনবল, ঐক্যেতে পাইবে বল . মায়ের মুখ উজ্জ্বল হইবে নিশ্চয় | হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গাও ভারতের জয় ||