মেঘের দেশে মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
মেঘের সাথে খেলতে আমি যাব মেঘের দেশে ডানা মেলে উড়ব সেথায় খেলব হেসে হেসে | মেঘের রাজা কইবে কথা হাওয়ায় ভেসে ভেসে মন্ডা মিঠাই হাতে নিয়ে ডাকবে ভালোবেসে | সাত সমুদ্র পেরিয়ে যাব অনেক অনেক দূরে বৃষ্টি রাণী নাইয়ে দেবে গানের সুরে সুরে | সুয্যিমামা আসবে যখন হাতে নিয়ে হীরে পক্ষীরাজের পিঠে চড়ে আসব তখন ফিরে |
ভারতবর্ষ মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
আমার আকাশ আমার বাতাস আমার দেশের মাটি আমার নদী আমার পাহাড় সকল পরিপাটি | মায়ের সাথে সন্ধ্যাবাতি পাখ-পাখালি হাতি বাঘ. সিংহ, হরিণ, ময়ূর আনন্দেতে মাতি | আমার চন্দ্র আামার তারা শস্য-শ্যামল ধান গাছ-গাছালি শ্রমিক চাষি কোকিল কন্ঠে গান | দেশের খেলা দেশের মেলা সর্ব ধর্ম বেশ সবুজ মাঠে ফল মুলেতে পীর ও ঋষির দেশ | আমার সূর্য আমার স্বপ্ন চিত্তে জাগায় হর্ষ বিপ্লবীদের আত্মদানে মহান ভারতবর্ষ |
রবিঠাকুর মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
ছোট্ট সোনা অর্ঘ লায়েক দুষ্টুমিতে বিচ্ছু বর্ণমালা হাতে নিয়ে ভাবে অনেক কিচ্ছু | প্রশ্নটা তার অনেক বড়ো সহজ পাঠ হতে বীরপুরুষ হবে সে রবি দাদুর সাথে | খেলার সাথি রবীন্দ্রনাথ ছড়ায় কাটে মন রাজপুত্তুর সেজে যাবে শান্তি নিকেতন | হিং টিং ছট শুনে রথযাত্রা করে সুয়োরাণীর সাধ মেটাবে সিদ্ধি খানা পড়ে | বৈকুন্ঠের খাতা লিখে গাইবে সে যে গান রবিদাদু বাড়ি এলে বাড়বে তার মান | ঘুমের ঘোরে স্বপ্ন দেখে রবিদাদু এসে মাথায় তার বোলায় হাত হেসে ভালবেসে |
নজরুল মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
জন্ম তোমার চুরুলিয়ায় ঢাকায় হলো কবর শেষ জীবনে মৌন কেন ? জানিনা তার খবর | সিপাই হয়ে কাজ করলে লেখা ছিল ভালো | বিদ্রোহী গান গেয়ে তুমি জ্বাললে দেশে আলো | বিদ্রোহী বীর হয়ে তুমি রাখলে পদচিহ্ন সকল মানুষ তোমার কাছে অভেদ ও অভিন্ন | বুকের মাঝে আজও আছে আমাদের দুল দুল জেগে উঠুক দুই বাংলার একাত্ম বুলবুল | বসে থাকি সকাল সাঁঝে চেয়ে দেখি ছবি চোখের জলে বাংলা ভাসে নীরব কেন কবি ?
কে বুঝবে কথা মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
সকাল বেলা উঠি যেই ঘরে আসে মাস্টার পড়াশোনা ভুল হলে মাথায় মারে ডাস্টার | সারা দুপুর স্কুলে থাকি লেখা আর পড়া কম্পিটিশনের মহাজালে হচ্ছি আধ মরা | বিকাল বেলায় ক্লান্ত দেহে ঘরে ফিরি যখন খিদে আমার হারিয়ে যায় শুয়ে পরি তখন | মা-বলে ইঞ্জিনিয়ার বাবা বলে ডাক্তার আমি যাব খেলার দেশে হব শোয়েব আক্তার | এসব কথা কাকে বলি মাথা আমার ধরে পড়া পড়া ভাল্লাগে না তাইতো ভুগি জ্বরে |
তারাদের কথা মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
রাতের বেলা আকাশ দেখে ছবি আঁকি মনে বিশ্বজুড়ে আলোর বাতি ছড়ায় রণে বনে | মাথার উপর জ্বলছে কেমন অমাবস্যার রাতে স্বপ্নে রাঙা আলোর চূড়া যেন বাড়ির ছাতে | আসমানি রঙ হীরের বাতি করছে ঝলমল কেউ কাছে কেউ বা দূরে বিশাল তাদের বল | সুখ তারাটি সুখের বাতি জ্বলছে কেমন বলো বিজ্ঞানী আর জ্যোতিষ দাদা সবাই করে ফলো | সাঁঝ আকাশে ধ্রুবতারা জ্ঞানের প্রদীপ জ্বালে জ্ঞান সাগরে ডুবলে পরে পড়বে নাকো খালে | মাঝ আকাশে দেখেছ কি সপ্তর্ষির খেলা ? তারা মন্ডলে গেলে তুমি দেখবে তাদের মেলা |
ইলিশ মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
বাঙালির প্রিয় খাবার বিশ্ব জুড়ে নাম মাথার উপর জাতীয় খ্যাতি তাইতো এত দাম মাছের রাজা দেখতে খাসা নোনা জলে বাস দুই বাংলার সোনা ইলিশ খাও বারো মাস | পদ্মা বলো, মেঘনা বলো দেখো যমুনায় স্বাদে গন্ধে মন ভরে যায় ইলিশ গঙ্গায় | ইলিশ এখন দেশে দেশে ইচ্ছে মত খাও টকে ঝালে মিষ্টি খেয়ে সুখের গীত গাও |