কবি মোহিতলাল মজুমদারের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
.                আপন আবেগে তাই আপনি ঝরিলে !
.                মানিলে না যমের দুয়ার খুলিয়া
.                এলে তাই মৃত্যুপুরে, স্বপ্নাতুর-আঁখি,
.                সত্যের সন্ধানে !  স্বপ্নশেষে এইবার
.                সষুপ্তি-সাগর,----উদিবে  তাহারি কূলে
.                সেই জ্যোতির্লোক--- চন্দ্রতারকার ভাতি
.                ম্লান যেথ, দ্যুতিহারা বিদ্যুৎ-বল্লরী |
.                অগ্নি যেথা চিত্রবৎ---- নিষ্প্রভ, মলিন !
.                হে ব্রাহ্মণ !  হেরিলাম তোমার মাঝারে,
.                দেহজয়ী, কালজয়ী, মৃত্যুজয়ী সেই
.                পুরাণ-পুরুষে ! ---- যাঁর মহা-মহিমায়
.                ঊর্ধ্ব হতে মহানিম্নে পশিছে আলোক,
.                নিম্ন হতে ঊর্ধ্বে উঠে আহুতির ধূম----
.                স্বর্গে--মর্ত্যে রহিয়াছে নিত্য--পরিচয়  |
.                অমৃতের পুত্র তুমি, হে মর্ত্য-বান্ধব  !
.                মৃত্যুপুরী তীর্থে আজ তোমার পরশে,
.                তোমারি প্রসাদে আমি চির--জ্যোতিষ্মান্ !

.                  *********************                                                
উপরে    





মিলনসাগর
মৃত্যু ও নচিকেতা                
কবি মোহিতলাল মজুমদার

[ ঔদ্দালকি--আরণির পুত্র  বালক নচিকেতা পিতৃসত্য--রক্ষার জন্য যমপরে গমন করেন |  সে সময় যম গৃহে না থাকায়
তাঁহাকে তিন রাত্রি অনশনে থাকিতে হয় | অতঃপর যম গৃহে ফিরিয়া তাঁহার যথোচিত সংবর্ধনা করেন, এবং অতিথি-
সত্কারে বিলম্ব হওয়ায় নচিকেতাকে ঈপ্সিত বর প্রার্থনা করিতে বলেন |  ]


নচিকেতা |        বৈবস্বত !  অতিথির করিবে তর্পণ
.                হেরিব স্বরূপ তব !  স্নিগ্ধ কি নির্মম,
.                করুণ কোমল, কিবা ভীষণ ভয়াল,
.                হেরিতে বাসনা চিতে !---- সহস্র জনম
.                জন্মিয়া মরেছি আমি, তবু মনে নাই
.                কেমন তোমার মুখ !  আজ প্রাণে মোর
.                জাগিয়াছে সেই আশা, দেখিব তোমায় !
.                তোমারে চিনি না, তবু দিবা-বিভাবরী
.                হেরিয়াছি ওই ছায়া রবি-শশি-করে--
.                হরিৎ, শ্যামল, পীত, লোহিতের মাঝে
.                উড়ে তব উত্তরীয়, পদচিহ্ন তব
.                গণিয়াছি কতবার জীবনযাত্রাপথে !
.                বৈবস্বত !  করিও না অবিশ্বাস মোরে,
.                প্রাণে জাগে নিরন্তর তোমার মূরতি !---
.                পূরাও কামনা মোর ---- খোল’ আবরণ !




মৃত্যু |                কি দেখিবে নচিকেতা ?------মৃত্যুর স্বরূপ  ?
.                মৃত্যু মহা-ভয়ঙ্কর, জানে সর্বজন ;
.                জীবনের সুখশয্যাতলে দুঃস্বপন
.                মরণ-কল্পনা !--- সেই মৃত্যু দাঁড়াইয়া
.                তোমার সন্মুখে, আবরিয়া সর্বদেহ
.                কহিতেছে সুনৃত-বচন, তাই তব
.                হৃদয় নির্ভয়, সাহস অপরিসীম !----
.                জগতের লঘুলীলা ভুলায়েছে তোমা,
.                হে গৌতম, নহি আমি জীবনের মিতা !
.                আমারে দেখিতে চাও ? ----প্রদোষ-আঁধারে
.                দারণ ঝটিকাবর্তে  ছিন্ন ক্ষণপ্রভা
.                হেরিয়াছ---দাঁড়াইয়া তরণীর ‘পরে
.                তরঙ্গ-দোলায় ?  মহারণ্যে পথহারা,
.                সহসা সম্মুখে তব হেরিয়াছ কভু-----
.                ধাবমান অগ্নিকেতু বনস্পতি-শিরে ?
.                অর্ধরাত্রে, নিদ্রোথ্বিত ঘোর কলরবে,
.                করিয়াছ অনুভব----দুলিছে  মেদেনী ?
.                সেও তুচ্ছ !  তারো চেয়ে কত ভয়ংকর
.                মৃত্যুর আসন্ন মূর্তি কালান্ত-তিমিরে !
.                বালক কিশোর তুমি, নবীন বয়স-----
.                ধরণীর স্তন্যরসে স্তিমিত চেতনা,
.                কি বুঝিবে মরণের রীতি সুকঠোর ?
.                কহ মোরে, এ কামনা কেমনে পশিল
.                চিত্তে তব কীট যথা প্রস্ফুট প্রসূনে  !


নচিকেতা |        শুনিয়াছি, মর-জ্যেষ্ঠ পিতৃলোকে তুমি------
.                পশেছিলে মৃত্যপুরে তুমিই প্রথম,
.                তাই দেবগণ বসাইল সিংহাসনে,
.                প্রেতরাজ্যে তোমারেই দিল অধিকার |
.                হে রাজন্  !  কহ মোরে---- সে কি বিভীষিকা-----
.                সৃষ্টির প্রথম মৃত্যু ! ----- তুমি দেখেছিলে  !
.                নহ মর-জ্যেষ্ঠ শুধু , জ্ঞানিশ্রেষ্ঠ বটে----
.                তোমারে প্রণমে আজ অমৃত-সমাজ,
.                আত্মার আত্মীয় তুমি, হে সূর্যতনয় !
.                মৃত্য যদি মহাভয়,  দ্যুলোক-দুয়ারে
.                কেন আছ দাঁড়াইয়া ?  কেন রাখিয়াছ
.                সুধাভান্ড করতলে  ?---- বৃথা ভয় তুমি
.                দেখাও বালকে !

.                                          বয়সে নবীন বটে,
.                তবু, মৃত্য !  জেনো আমি জনম-স্হবির !
.                আমারে করেছে বৃদ্ধ তোমারি ভাবনা |
.                জাতিস্মর নহি----তব আবাল্য আমার
.                নয়নে জ্বলিছে কোন দিব্য দীপশিখা !
.                সে আলোকে জীবনের চারু চিত্রপট
.                বিবর্ণ মলিন !    সে আলোকে নিশিদিন
.                হেরিয়াছি কার যেন সুগভীর ছায়া !
.                প্রত্যক্ষ জাগ্রত যাহা----সে যেন স্বপন,
.                নদীজল প্রতিবিম্ব-সম !  সত্য কহি,
.                হাসিও না !   ঔদ্দালকি-আরণি-তনয়
.                মিথ্যা নাহি জানে |



মৃত্যু |                                অদ্ভুত কাহিনী বটে !
.                সতেজ সরস বৃন্তে এ শীর্ণ কুসুম
.                কেমনে ফুটিল  ?  পিতার ভবনে
.                হের না৩ই সোম-যাগ ?    বেদমন্ত্রধ্বনি,
.                উদ্গাতার উদাত্ত সে উচ্চ সামরব,
.                অগ্নিস্ততি, ইন্দ্রস্তব,বৃত্রজয়গাথা
.                দিল না হৃদয়ে বল  ?---- সোমরস-পানে
.                দেবতা-দোসর হয় ক্ষীণজীবী নর !
.                এ সব জানো না বুঝি ?  করিও না শোক----
.                লহ দীক্ষা, শিক্ষা কর অগ্নিহোত্র-বিধি
.                আমার সকাশে !  কেমনে করিতে হয়
.                সে অগ্নি-চয়ন----নির্মাণ করিবে চিতি,
.                কোন্ মন্ত্রে হবিঃশেষ করিবে গ্রহণ ----
.                শিখাইব সমূদয় ; হে সত্য-পিপাসু,
.                আমি সেই সত্য-মন্ত্র দানিব তোমায়
.                এইক্ষণে---না চাহিতে দিনু এই বর |
.                আরবার কহ, বত্স, কি তব প্রার্থনা  ?


নচিকেতা |        ওগো মৃত্যু সুদক্ষিণ  !   দাক্ষিণ্য-তোমার
.                হৃদয়ে রহিল গাঁথা  ;  অগ্নিহোত্র -বিধি
.                যা’ কহিলে বুঝিয়াছি, রহিবে স্মরণে |
.                সে যে মোর নিত্যকর্ম --- জন্মিয়াছি আমি
.                মহাঋষি-কূলে  !  জানি সে সাবিত্রী -মন্ত্র
.                বলহীনে করে বলদান--তবু দেব !
.                শুধু মন্ত্রে, স্তোত্রগীতে, হবিঃশেষ-পানে
.                ভরে না আমার চিত্ত ; অগ্নি বৈশ্বানর
.                জ্বলিছেন অহরহ অন্তর-আলয়ে !
.                আমি চাই উত্তরিতে জন্ম-জলধির
.                নিস্তরঙ্গ বেলাভূমে---আলোক-আঁধার,
.                উদয়াস্ত অতিক্রমি’ , পঁহুছিতে সেই
.                জ্যোতির্ময় দেশে---যেথা নাই দুঃস্বপন,
.                যেথা দেবগণ নিয়ত অমৃত-পানে
.                জ্যোতিষ্মান্ , যথাকাম করে বিচরণ !
.                ব্রহ্মবাক্য--পূত হয়ে যেথা সোমরস,
.                বিনা যাগযজ্ঞবিধি, বিনা আহরণ
.                ক্ষরিছে নিয়ত !  বৈবস্বত ! সেই লোকে
.                শাশ্বাত অমৃত-পদ দিবে না আমায় ?
.                দেখাও স্বরূপ তব ! জানি, যেই জন
.                হেরিযাছে ওই রূপ, ছিঁড়ি’ মোহপাশ
.                যায় সে যে ধ্রুবলোকে---- যথা বত্সতরী
.                ছিঁড়িয়া বন্ধন-রজ্জু ধায় নিরুদ্দেশে !
.                জানি না কেমন তুমি, তবু মনে হয়
.                তুমি মনোহর  !   বাহিরিয়া গোচারণে,
.                প্রথম প্রাবৃটে যবে নবমেঘোদয়
.                হেরিয়াছি নদীপারে, চন্দ্রভাগা-তীরে---
.                চাহি’ তার অভিরাম সুনীল বয়ানে
.                অকারণ অশ্রুবেগে হয়েছি কাতর,
.                মুহূর্তে জাগর-স্বপ্নে হারায়েছি জ্ঞান !
.                কোথায় সে পদে পৃথ্বী , রুক্ষ ক্ষেত্রতল,
.                গবীদের হাম্বারব নাহি পশে কানে,
.                মধ্যন্দিন সবনের কথা ভুলে গেনু !
.                হেরি’ সেই ঊর্ধ্বাকাশ নবঘনশ্যাম
.                ভুলে গেনু কেবা আমি, কোথায় বসতি,
.                কি নাম আমার !   জন্ম-মৃত্যু-ইতিহাস
.                নিমেষে পাইল লয় !  যেন সৃষ্টি-প্রাতে
.                ফিরে গেন ---- বাজিল সহসা বক্ষে মোর
.                আত্মীয়ের আদিম বিরহ !---  মেঘ নয়  !
.                যেন ওই আকাশের বিমল দর্পণে
.                দোলে নীল স্মৃতিখানি !  শুনাই তোমায়,
.                সে কি তব প্রতিচ্ছায়া ?  তোমারি আভাস ?


মৃত্যু  |                নচিকেতা  !  মৃত্যু নীল নহে, নাহি তার
.                বর্ণ -রূপ  !  জানো না কি, করে সে হরণ
.                নেত্র হতে সর্বশোভা ?---  সে যে অন্ধকার !


নচিকেতা |         তাই বটে !      দিবা, নিশা--- দুই ভগিনীর
.                একজন স্বর্ণসূত্রে করিছে বয়ন
.                ধরার বরণ-বাস আলোক-দুকূলে  !
.                অপরা সে, অস্তাচল-শিখর-শায়িনী,
.                জেগে থাকে নির্নিমেষ--- নিত্য খলে দেয়
.                অসংখ্য সে তারকার সূচীমখ দিয়ে
.                দিবসের সুদীর্ঘ সীবন !---- অন্ধকার !
.                সান্দ্র স্তব্ধ সুগম্ভীর স্নিগ্ধ অন্ধকার !----
.                বুঝিয়াছি , তারি তলে তোমার আসন |


.                মনে পড়ে, একবার আমি, রিষ্টিশেন----
.                দোঁহে মিলে গিয়েছিনু পর্বত-ভ্রমণে ;
.                শালবনে সূর্য অস্ত যায় ----বহুক্ষণ
.                দাঁড়াইনু দুইজনে অরণ্য-সীমায়,
.                মালভূমি ‘পরে | দূর পশ্চিমের পানে
.                উঠিয়াছে অভ্রভেদী চতুঃশৈলচূড়া |
.                তুষারধবল ---- যেন স্তম্ভ-চতুষ্টয়
.                ধরে আছে আকাশের নীল চন্দ্রাতপ !
.                তারি তলে আলুন্ঠিতা মুমূর্ষু ঊষার
.                হেরিলাম মৃত্যুশয্যা !  পূর্বাচল হতে
.                ছটিয়া এসেছে সে যে সারাটি আকাশ
.                সবিতার আগে আগে--- দেয় নাই ধরা !
.                এতক্ষণে, প্রণয়ার প্রগাঢ় চুম্বনে
.                খুলে গেল কালো কেশ, রক্ত চেলাম্বর !
.                আর সে কুমারী নহে, নহে সে অহনা,
.                কন্যা জ্যোতির্ময়ী !---  বধূবেশী সন্ধ্যা সে যে
.                মৃত্যু-স্বয়ম্বরা !   তখনি সে অন্ধকারে
.                মুছে গেল রক্তস্রোত, তবুও মানসে
.                বহুক্ষণ নেহারিনু শোণিত উত্সব !
.                মনে হল, পশ্চিমের যজ্ঞ-বেদিকায়
.                দেবতারা করে যাগ----দীর্ঘ অগ্নিষ্টোম,
.                ঊষা তায় নিত্যবলি, সবিতা-ঋত্বিক্
.                হোম করে আপনার পরান-বধূরে !
.                এ রহস্য বুঝি না যে ! তবু কহ শুনি,
.                সন্ধ্যা-রক্তরাগ, পশুর শণিত-পঙ্ক---
.                সে কি, মৃত্যু !  তোমারি ও আঁধার ললাটে
.                লোহিত তিলক ?


মৃত্যু |                                জানো দেখি এত কথা,
.                তবু কৌতূহল ?    হে বালক !    বুঝিলাম
.                বিজ্ঞ তুমি, বহুদর্শী, সহজ-প্রবীণ !
.                তবুও চপল চিত্ত সংশয়-আকুল  ?


নচিকেতা  |        তাই বটে---মূঢ় আমি !  তাই প্রাণে-মনে
.                এখনো বিরোধ |   প্রাণ বলে, নহে নহে---
.                এক নহে মৃত্য আর মরণ-দেবতা |
.                মৃত্য ---সে যে সুনিশ্চিত দেহ-পরিণাম,
.                তাহারি শাসনতরে দন্ডধর তুমি ;
.                মৃত্যু হয় কালে কালে, তুমি মহাকাল !
.                মনে তবু জাগে সদা সভয় ভাবনা,
.                তোমারেই স্মরে নর আয়ুশেষ-কালে |
.                গতাসুর শূন্যদৃষ্টি অক্ষি-তারকায়,
.                শমিতার সমুদ্যত অসির ফলকে,
.                হেরে জীব মরণের মূরতি করাল---
.                একি মোহ !   জীবনের একি প্রবঞ্চনা !
.                তথাপি তোমারে আমি করিয়াছি ধ্যান
.                চেতনা-গহনে, তুমি নিঃশব্দ-সঞ্চারে
.                স্বপন-শিয়রে মোর দাঁড়ায়েছ আসি’
.                সুনির্জনে---- আসে যথারাত্রি তমস্বিনী
.                শব্দহীন কলস্বনে, গগন-অঙ্গনে,
.                দুকূল প্লাবিয়া, অতিক্ষুদ্র বীচিমালা
.                তরঙ্গিয়া ধরে শিরে ফেনপুষ্পসম
.                নিযুত নক্ষত্ররাজি, স্তব্ধ মনোহর !
.                করি’ সন্ধ্যা সমাপন, কুটীর ছাড়িয়া
.                পশিয়াছি কতদিন দেবদারু-বনে ;
.                বিরাট ন্যগ্রোধ এক আছে দাঁড়াইয়া,
.                প্রসারিয়া শাখা-বাহু শতস্তম্ভময়----
.                সে বিশাল পত্রঘন আতপত্র-তলে
.                কাননের অন্ধকার রহিয়াছে যেন
.                বিশ্বের রজনী মাঝে আরেক রজনী !
.                সেইখানে মাথা রাখি’ বাহু-উপাধানে,
.                ওগো মৃত্যু !  হেরিয়াছি তোমার স্বপন !
.                অন্ধকার ভরিয়াছে অন্তর-বাহির,
.                স্তব্ধ চরাচর, শুধু শোনা যায় দূরে---
.                গভীর গর্জন-স্বনে পর্বত-নির্ঝরে
.                ঝরে বারিধারা--- যেন বায়ুহীন ব্যোম
.                শিহরি উঠিছে তার ‘ওম্ ওম্’ রবে !
.                সেই ক্ষণে মনে হল , আত্মার নিশীথে
.                সহসা জ্বলিয়া ওঠে প্রভাত-প্রদীপ !
.                জন্মান্ত-তিমির টুটি’ কে আসি’ দাঁড়ালে
.                আমার নয়ন-আগে ?  সে কি তুমি নও ?
.                কহ, দেব ! কহ মোরে, ঘুচাও ভাবনা |




মৃত্যু |                ঋষির তনয় তুমি, বাল-ব্রহ্মচারী----
.                এ বয়সে করিয়াছ কঠিন সাধনা,
.                মানস-নিগ্রহ  ; তাই কৃচ্ছ্র-তপস্যায়
.                নিপীড়িত কামনার ক্ষোভ সুগভীর
.                করিয়াছে অন্যমনা, বিষয়-বিরাগী  |
.                নচিকেতা  !  ধরণীর বিপুল সম্পদ
.                হেরিয়াছ ?  জন্ম, মৃত্যু---দুই সীমান্তের
.                অন্তরালে আছে সুখ, দেবতা-দুর্লভ !
.                দেহের রহস্য নয় সহজ-সন্ধান !
.                অল্পভোগী দরিদ্রের দীন কল্পনায়
.                ক্ষুদ্র বটে জীবনের কামনা-পরিধি----
.                অতৃপ্ত-ক্ষুধার ব্যাধি, নিত্য উপবাস
.                করে তারে মর্ত্যসুখে ঘোর উদাসীন ;
.                তাই তার সর্ব-দুঃখ, দুরাশার আশা,
.                সফল করিতে চায় মৃত্যু-পরপারে---
.                তুমিও কোরোনা সেই বৈরাগ্য-সাধনা ;
.                তরুণ তাপস তুমি, ভোগ-আয়তন
.                ফুল্লতনু যৌবন-উন্মুখ ! --- দুই চক্ষু
.                নীলোত্পল---ঢল ঢল, পীযূষ-পিয়াসী !
.                উদার তোমার মন, প্রসন্ন ইন্দ্রিয়----
.                ভুঞ্জিবে সকল সুখ তুমি মহীতলে |
.                মহাভূমি, হস্তী, অশ্ব, হিরণ্য প্রচুর
.                দিব তোমা-----পরমায়ু সহস্র-শরৎ,
.                দেহে কান্তি, ক্ষে বীর্য, বল বাহযুগে ;
.                দিব নারী অগণন---- মোহিনী অপ্সরা,
.                রথারূঢ়া  বাদিত্রবাদিনী  !  কর ভোগ
.                সমুদয়, রতি আর প্রমোদ-কৌতুকে !
.                অমৃত ? -- সে ব্যাধিতের বিকার-জল্পনা !
.                দেহের বিনাশ হয় কাল পূর্ণ হলে,
.                তারপর আবার জনম ;  শস্যসম
.                জন্মিয়া পাকিয়া ঝরে, জন্মে পুনরায়
.                পৃথ্বী’পরে মর্ত্যজন, বর্ষঋতুক্রমে !
.                আমি শুধু করি উত্পাটন প্রাণ তার
.                মুঞ্জা হতে ঈষিকার মত |  নচিকেতা !
.                দেহীর সহজ ধর্ম জানে সর্বজন,
.                নাহি পন্থা অন্যতর, জন্মান্তে আবার
.                জন্মিতে হইবে  ধ্রুব ! -- কর পরিহার
.                বিফল বাসনা |  জীবনের শ্রেষ্ঠ বর
.                করিতেছি অঙ্গীকার-- বিত্ত আর আয়ু,
.                তার চেয়ে বড় কিবা, দেখ বিচারিয়া  !

নচিকেতা |        বিত্তে নহে তর্পণীয় চিত্ত পুরুষের !---
.                ওগো মৃত্যু !   জীবনের ঐশ্বর্য-আড়ালে
.                তুমি কেন চিরদিন আছ দাঁড়াইয়া  ?
.                ধরার অমরাবতী,  রুধি’ বাতায়ন,
.                চিতাধূম নিবারিতে পারে ?---- উত্সবের
.                আনন্দ-বাঁশরী, মিলনের মঞ্জুগাথা
.                কেন বা গুমরি’ ধরে বিদায়ের সুর ?
.                ধরিয়াছ নানা ভোগ সম্মুখে আমার----
.                আছে সুখ, তৃপ্তি কোথা  ?   এই মোর দেহ
.                জরিবে না গুপ্তচর জরা সে তোমার ?
.                অন্তক তোমার নাম----তুমি কহিয়াছ,
.                প্রাণীদের প্রাণ-ধন কর উত্পাটন ,
.                শস্য হতে ঈষিকার প্রায় !--- কহ তবে,
.                কতকাল ভুঞ্জিব সে ভোগ সুদুর্লভ ?
.                সহস্য-শরৎ আয়ু ?  তার বেশা নয়  ?
.                যম বুঝি বাঁধা আছে নিয়মঃ-শৃঙ্খলে ?---
.                তাই তুমি নিয়তির কঠিন নিগড়
.                ঢাকিতেছ ফুলদল দিয়া ?---- ধিক্ মৃত্যু !
.                ধিক প্রতারণা ! ---দেহ-অন্তে এক পথ !
.                নাহি পন্থা অন্যতর ? --- শুনে হাসি পায় !
.                বৈবস্বত !  নচিকেতা জানে তোমা চেয়ে !
.                জানিয়াছি সেই সত্য ---নহে বহুদিন,
.                শুনি নাই, হেরিয়াছি স্বচক্ষে আমার,
.                এখনো রোমাঞ্চ হয় সে কথা স্মরিলে !
.                শুন মৃত্যু !  সে কাহিনী কহিব তোমায় |



.                পিতামহ বাজশ্রবা বানপ্কস্থ শেষে
.                প্রয়োপেশনে করি’ ত্যজিলেন তনু
.                বিপাশার তীরে |  কৃষ্ণা-দ্বাদশীর তিথি,
.                রজনী তৃতীয় যাম, দক্ষিণাগ্নি শিখা
.                শুভশংসী ---পরশিল স্তূপকাষ্ঠ-মূলে,
.                জ্বলিয়া উঠিল চিতা |   নদী পূর্বমুখী----
.                মিশিয়াছে একেবারে দিক্-চক্রবালে |
.                দাঁড়ায়ে অনতিদূরে আমি চেয়ে ছিনু
.                অন্যমনে, অন্ধকার আকাশের পটে |
.                হোথায় সে মহাকায় কৃষ্ণ তুরঙ্গমে
.                পিতৃলোকে পিতৃগণ দেন সাজাইয়া
.                তারার-মুকুতা-হারে ! সহসা হেরিনু
.                ভূমিতলে ---চিতা হতে হতেছে  উদয়
.                সুবৃহৎ শশিকলা, তরণীর প্রায়,
.                পূর্বাকাশে !  সেই ক্ষণে বিস্ময়বিহ্বল
.                হেরিলাম সে কি দৃশ্য স্বপ্ন-অগোচর---
.                দেহ-অন্তে পূণ্যবান্ বৃদ্ধ বাজশ্রবা
.                আরোহি’ আলোক-যানে যান দেবলোকে !
.                ক্ষণ পরে চিতা ছাড়ি’ কিছু ঊর্দ্বে উঠি’
.                শোভিল সে চন্দ্রকলা সুদূর আকাশে
.                নদীসীমা-শেষে, --- দিব্যচক্ষে হেরিলাম
.                আত্মার অমৃত-পন্থা মৃত্যু-পরিণামে !
.                ওগো মৃত্যু !  পারিবে না ভুলাতে আমায় --
.                এ বিশ্বাস ত্যজিবে না মূর্খ নচিকেতা !



মৃত্যু |                 হে ব্রাহ্মণ, ত্যজিও না বিশ্বাস তোমার----
.                নহ মূর্খ !    তোমা চেয়ে জ্ঞান-গরীয়ান
.                আছে নাকি আর কেহ সপ্তসিন্ধু-দেশে  !
.                বালক !   তোমার চিত্তে সত্য উদিয়াছে
.                অকলুষা পূর্ণ শ্রদ্ধা ব্রহ্ম-জিজ্ঞাসার !
.                তুমি ভাগ্যবান্ , প্রসন্ন তোমার ‘পরে
.                আত্মা প্রেমময় !          তাই ললাটে তোমার
.                জ্বলিয়া উঠেছে হেন শুভ্র জ্যোতিশ্ছটা !
.                প্রবচন, বহুশ্রুত, সুমহতী মেধা-----
.                কিছুই পারে না তাঁরে লাভ করিবারে ;
.                আপনি যাহারে তিনি করেন বরণ,
.                সেই লভে !--- ঔদ্দালকি-আরুণি-তনয় !
.                লহ বর, যাহা ইষ্ট, ইপ্সিত তোমার |


নচিকেতা |        এইবার নয়নের মিটাও পিপাসা---
.                আবরণ কর উন্মোচন, জ্যোতিষ্মান্  !


মৃত্যু |                কেথা আবরণ, নচিকেতা  ? ---নেত্র হতে
.                আপনি খসিয়া যাবে সূক্ষ্ম মায়াজাল ;
.                মৃত্যুর রহস্য-কথা শুনিতে শুনিতে
.                শ্রবণ-উত্সুক চিত্ত হবে নির্বিকার,
.                মুহূর্তে সংশয়মুক্ত নেহারিবে তুমি
.                আমার স্বরূপ-রূপ অন্তরে বাহিরে !


.                শুন নচিকেতা ! --- হৃদয় দুর্বল যার,
.                মলিন, সংকীর্ণমনা, স্বভাবকৃপণ---
.                সেই নর যূপবদ্দ পশুর সমান
.                মৃত্যর আঘাতে সহে জীবযজ্ঞভূমে |
.                ভয় তারে ক্ষুদ্র করে, মর্ত্য-মরু মাধে
.                তৃষায় হারায় দিশা মৃগ-তৃষ্ণিকায় |
.                বার বার পড়ি’ মৃত্যুমুখে, হয় তার
.                নিত্য অধোগতি ;  দুই বদ্ধ করতলে
.                ধরিয়া রাখিতে চায় সর্বস্ব আপন,
.                তাই মুঢ় অতিলোভে হারায় সকলি !
.                মৃত্যু তার মহাভয় !--- আমারে হেরিল,
.                সংকুচিয়া সর্বদেহ,  শশকের মত
.                রহে চক্ষু বুজি’ ---ভাবে বুঝি হেন মতে
.                এড়াইবে হিংস্র ক্রূর ব্যাধের সন্ধান !
.                সে জন চাহে না এই রূপ নেহারিতে----
.                তোমা-সম, নিচিকেতা !  নয়ন বিস্ফারি’ |


নচিকেতা  |        এখনো হেরি নি তোমা---তবু মনে হয়,
.                সরিছে কূহেলিজাল, ধূম্রনীল দেহ
.                ঈষৎ দুলিছে  !  রজনীর শেষ যামে,
.                বাঁধিছে ঊষার রথে শুক্লা-পয়স্বিনী
.                অশ্বিনীকুমার বুঝি ?  আর কিছুক্ষণে
.                উদিবে আঁখিতে মোর হিরণ্ময়ী বিভা
.                দিগন্তপ্লাবিনী !


মৃত্যু |                                 এইবার কহি শুন
.                আমার স্বরূপ ----হে ব্রাহ্মণ ! কহি তোমা
.                সেই বাণী, নিহিত যা গহন গুহায় !