যদি ভুলে যাও মোরে জানাব না অভিমান, আমি এসেছিনু তোমার সভায় দু’দিন শোনাতে গান || আমি এসেছিনু অবসর ক্ষণে, মুকুল ফোটাতে তব মনবনে তার বিনিময়ে আমি কোনও দিন চাইনি তো প্রতিদান, আমি এসেছিনু --- শোনাতে গান || প্রভাতে কে আর মনে রাখে বল রজনী শেষের চাঁদে শুধু দু’দিনের সাথী রেখে আর মালার বাঁধনে বাঁধে | গান সারা হলো আমি যাই সরে, কোন ক্ষতি নাই ভুলে যেও মোরে তোমার আকাশে ফুটুক জোছনা মোর দিন অবসান, আমি এসেছিনু --- শোনাতে গান |
কথা - প্রণব রায়, সুর - রাইচাঁদ বড়াল, কণ্ঠ - কুন্দন লাল সায়গাল ছায়াছবি - পরিচয়
যখন র’ব না আমি দিন হলে অবসান, আমারে ভুলিয়া যেও মনে রেখো মোর গান || আমার ফুলে ধূলা যদি লাগে ভুলে, গানের কুসুমগুলি হবে না তো কভু ম্লান | মোর জীবনের যত ভুল, তুমি ভুলে যেও সেইদিন মোর জীবনের যত ভূল নিয়ে যায় নিশি ভোরে, যে দিন হল মলিন | সেই স্মৃতি হবে মোর বিদায়বেলার দান ||
কোনো কথা আর শুধাবো না আজি বিদায় গোধূলি বেলা, শেষ কথা শুধু বলে যাও একি ভালবাসা না এ খেলা || ভালো কি লাগে নি মোর যত গান, কিছু অনুরাগ কিছু অভিমান-------- আমার ছোঁয়ায় মন ভোলে তব জাগে নি কি মধুমেলা || জানি তোমার আমার এই পরিচয় ভুলে যাবে একদিন, হয়তো কখনও ঘুমভাঙা রাতে বাজিয়ে স্মৃতির বীণ | নয়নে আমার রাখিয়া নয়ন কভু কি দেখো নি মধুর স্বপন------ আজ বলে যাও যাহা দিতে চাও মালা, না সে অবহেলা ||
নিদহারা আজ রাতে গায় পাপিয়া--- এই রাত যাবে কি ভুলিয়া || চামেলি বিতানে আধোছায়া চাঁদিনী, মনোবীণাতারে মৃদু মৃদু রাগিণী, মোর জীবনে এই রাত আর না ফিরে আসিবে এই বসন্ত চাঁদনি আর না কভু হাসিবে--- নিভু এ দীপশিখা ওঠে দুলিয়া | | কী হবে গো ভাবিয়া ও জীবনে কি পেলাম, জীবনে দেয়া নেয়া ভালোবাসা তারই নাম | তৃষিত ও হৃদয়ের পিয়ালাটি ভরে নাও--- যে সুরে পাপিয়া ডাকছে পিয়া || জানি পোহাবে হায় এই মধু যামিনী, মনে রবে না আর আজিকার এ কাহিনী | তবু হিয়া মম এই কথা আজি শুধায়, গোধূলি মায়াসম প্রেম সে কি মুছে যায়--- যাও যদি সেই কথাটি যাও বলিয়া |