শরীরখানা গড়ো আগে শরীর গড়ো রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - নচিকেতা ঘোষ শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায় ছবি - হাত বাড়ালেই বন্ধু, ১৯৬০ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
শরীরখানা গড়ো আগে শরীর গড়ো নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো ব্যাঙ্কে টাকা বাড়ার সঙ্গে বাড়ে যদি ভুঁড়ি আর চর্বি হওয়ার বলদ হলে কিসের জারি জুরি এই খখ্ কো খখ্ কো কাশো যদি বেদম হাঁফের টানে আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচব কিবা মানে . শরীরখানা গড়ো আগে শরীর গড়ো ফুল কি ফসল যা ফলাবে জমি তৈরি করো বাল্মীকি ব্যাস ছিলেন জেনো দিব্যি পাকা আমটি ও সব মহাকাব্য লিখতে নইলে হত খাম্ তি আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন নাকো শুধু গুণী হাতের পায়ের গুল কি ছিল মাপ যদি কেউ রাখত গামা গোবর ভ্যাবাচ্যাকা হাঁ হয়ে ঠিক থাকত ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য দুটি হাজার বছর ধরে থাকতো কি আর শ্রাব্য কলম থেকেই বুঝি যে তার কব্জি কেমনতর তাইত বলি শরীর গড়ো আগে শরীর গড়ো স্যান্ডো হব ? এই প্রকাণ্ড বুকের ছাতিখানা আর শ্যামাকাণ্ড হয়ে দেব বাঘের ডেরায় হানা এই স্যামসন কি হারকিউলিস কে যে উনিশ . কেই বা বিশ ? ভীম কিংবা পবনপুত্র কে কার চেয়ে বড় বোঝা কঠিন তবু বলি, শরীর গড়ো আগে শরীর গড়ো |
জানি না কোথায় আছ - রাশিয়া কিংবা রাঁচি- রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - শচীন দেব বর্মন শিল্পী - মিস রমলা ছবি - প্রতিশোধ, ১৯৪১ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
জানি না কোথায় আছ --- রাশিয়া কিংবা রাঁচি--- শুধু জানি কাছাকাছি দুজনে | জানি না দিন কি রাত, হাতে যদি থাকে হাত কেটে যায় শুধু মধু কূজনে | রৌদ্র না জ্যোত্স্না, নাই কোনও শোচনা জানি আলো আছে তার নয়নে কালো চোখ, কালো চুল আর সব জানি ভুল দিন যায় স্বপনের বয়নে |
হাতেতে হাত মেলাও রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - রবীন চট্টোপাধ্যায় শিল্পী - কোরাস গান ছবি - সমাধান, ১৯৪৩ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
হাতেতে হাত মেলাও, ভাই ভাই সারা দুনিয়াই আজ . জোরসে পা চালাও | পথ কি অনেক দূর দুর্গম বন্ধুর ? . আলো নাই থাক ভয় নাই তবু . প্রাণের দীপ জ্বালাও | নূতন যুগের দ্বার রোধে কে পাহারাদার ? কার লোভ করে প্রভাত আড়াল . তফাৎ সরে দাঁড়াও আকাশ ঘন ঘটায় মিছেই ভয় দেখায়, কিছু নাই যার কি হারাবে তার . কেবা হবে পিছপাও |
হই যদি বড়লোক মস্ত রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর - কালীপদ সেন ছবি - সদানন্দের মেলা, ১৯৫৪ সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
হই যদি বড়লোক মস্ত . করব কি ? বল কি করব ? . ছাদ থেকে হাত তুলে . আকাশের চাঁদটারে ধরব ? খাব কি ? সোনাদানা মুক্তো ? বড়লোক হয়ে এই সুখ তো ? নাড়ব না হাত পা কিচ্ছু, . দিনরাত চৌদোলা চড়ব | হায় হায় বড়লোক হওয়া দায় ! . কত বড় হয়েছি তা . মাপতেই দিন যায় | তার চেয়ে ছোট্টই থাকি না তোয়াক্কা কারও কোন রাখি না | . খাই দাই গান গাই . বড় শুধু প্রাণটাই এই ছাড়া নাই কোন গর্ব |
চেয়েই বারেক দ্যাখো না রচনা - প্রেমেন্দ্র মিত্র সুর ও শিল্পী - শ্যামল মিত্র আকাশবাণীর রম্যগীতির জন্য লিখেছিলেন সৌজন্যে স্বপন সোম, সংকলক “গানের ভিতর দিয়ে ১”, ১৯৯৮।
চেয়েই বারেক দ্যাখো না . এত কী ভয় নয়নে নয়ন মেলে যদি তবু . হবে না কোনও প্রলয় | হয়তো আকাশ উঠবে যে একটু দুলে তুফানে সাগর উঠতে পারেও ফুলে . ঠোকাঠুকি হবে তারায় তারায় . তার বেশি কিছু নয় | তোমার আমার দেখা হওয়া বল . কতটুকু আর ঘটনা সূর্য চন্দ্র যুগ যুগ ধরে . যদিও করেছে রটনা | শিহরণ যদি লাগে ধরণীর মনে বুকের আগুন ফুল হয়ে ফোটে বনে . না হয় গোপন রবে না বারতা . মিলেছে দুটি হৃদয় ||