কবি রাজেশ দত্তর গান ও কবিতা
*
কেউ কথা রাখুক বা না রাখুক
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
(কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় কবিতা ‘কেউ কথা রাখেনি’-র অনুপ্রেরণায় ২০০৫
সালের ৬ ডিসেম্বর রচিত সমকালীন বাংলা গান)

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


কেউ কথা রাখুক, বা না রাখুক
তেত্রিশ বছরের জীবনে –
কেউ তো রাখবে কথা কখনো,
প্রত্যাশা নিয়ে বাঁচি এ প্রাণে।

নাই বা শোনালো গান বোষ্টুমি,
ফিরে ফিরে আসে সুর আগমনী।
শুক্লা দ্বাদশীর চাঁদ রাত জাগে,
অকাল বোধন হয় প্রতিদিনই।

নাদের আলির খোঁজ জানে না তো কেউ,
ডিঙি তার ভেসে গেছে উজানে।
ছায়ার ঘোমটা ঢাকা মামাদের গ্রাম
মুছে গেছে গঙ্গার ভাঙনে।

নাই দেখা হল তিন প্রহরের বিল,
বুকের ভেতর জমে পদ্মমধু।
দিবানিশি সাপ আর ভ্রমরের খেলা –
সাড়া কি দেবে না আজ পরান বঁধু?

পাড়ায় বসে না আর রাসের মেলা,
চৌধুরিদের বাড়ি ভেঙে গেছে।
জানি না কোথায় সব গেল চলে
সাতপুরুষের ভিটে জমি বেচে।

রয়্যাল গুলির দিন হারিয়ে গেছে,
হারিয়েছি শৈশব অবহেলায়।
চোখ বুজলেই তবু রঙের খেলা,
স্বপ্নে ছুটে যাই রাসের মেলায়।

শেষ দিনগুলো বাবা অন্ধ হয়ে
কী জানি হয়তো বা ভালোই ছিল।
অদ্ভুত আঁধারে ঘেরা চারপাশ,
মাঝবয়সেই চোখে ঘনায় কালো।

শুনেছি বরুণা সুখে আছে পরবাসে,
ফেলে গেছে একরাশ ব্যথা অভিমান।
মাংসের গন্ধটা ফিকে হয়ে আসে,
শুধু পাই সুগন্ধি রুমালের ঘ্রাণ।

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
কোনও গণসংগীত সংস্থা বা শিল্পী, এই কবির এই গানগুলি অথবা তাঁর অন্যান্য গানের সুর ও স্বরলিপি পেতে আগ্রহী হলে
নীচের চলভাষে যোগাযোগ করতে পারেন -
চলভাষ - ৯৪৩৪৫১৬৮৯৮ / ৯৩৩০৪৬২৬২০ / ৯৪৩৩৫৬৬৩০২
অথবা ই-মেল করুন-
rajeshdattain@yahoo.com / rajeshdattain@gmail.com    
অথবা এই ওয়েব-সাইটে মেল করুন -
srimilansengupta@yahoo.co.in     
*
ট্রেনের হাওয়া এলোচুলে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
(কবি কুমারেশ সর্দারের কবিতা অবলম্বনে গীতিরূপান্তর)
রচনাকাল: ৪ অগাস্ট, ২০০৯

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


ট্রেনের হাওয়া এলোচুলে
নীল রিবনে বাঁধা।
আমার চোখের অনুরাগে
তুমি কেবল রাধা।
সখী, তুমি কেবল রাধা।

কাজলা চোখে মেহেন্দি হাতে
অবুঝ কেবল মন, আমার মন
আমার চোখে শুধুই তুমি
শিউলি ভরা বন।
আমার হাতের একতারাটা
তোমার সুরেই সাধা।
আমি তোমার কৃষ্ণ
ওগো, তুমি আমার রাধা॥

ফেরিঘাটে আবার দেখা
ক্ষণিক তোমার হাসি –
আমার চোখের নীল সায়রে
বিরহী দেবদাসী।
হায়, জীবনঘাটে আমার তরীর
যায় না নোঙর বাঁধা।
আমি তোমার কৃষ্ণ
ওগো, তুমি আমার রাধা॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
আকাশ ভরা স্বপ্ন নিয়ে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ১৭ অগাস্ট, ২০০৯

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


আমি আকাশ ভরা স্বপ্ন নিয়ে
আকাশ ছুঁতে চাই।
আমি পদ্মপাতায় জল না হয়ে
বৃষ্টি হতে চাই॥

উতল হাওয়ার পথ ধরে
মেঘের ডানায় ভর করে
ভাসতে ভাসতে নিরুদ্দেশে
হারিয়ে যেতে চাই॥

কাজলা দীঘির কালো জলে
মেঘের ছায়ায় উঠব দুলে।
ও বঁধু, বৃষ্টি হয়ে পড়ব ঢলে
তোমার আঙিনায়॥

এক পশলা বৃষ্টি শেষে
রামধনুকের আলোয় মিশে
সাতরঙা ওই আলপনাতে
রাঙিয়ে দিতে চাই॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
মোনালিসা
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
ইংরেজি ছায়াছবি “মোনালিসা স্মাইল” দেখে অনুপ্রাণিত হয়ে রচিত
রচনাকাল: ১৬ জানুয়ারি ২০১৪

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


মোনালিসা, মোনালিসা
তোমার হাসি অপার রহস্যময়!
এই হাসিতে শুচিস্মিতে,
করলে বিশ্বজয়।
রহস্য তো লুকিয়ে আছে
হাসির অন্তরালে
পুরুষ সমাজ রাখল বেঁধে
তোমায় মায়াজালে।
ঘর-গেরস্তি সাজাও তুমি,
অগোছালো মন।
শাসন-শোষণ লোহার বেড়ি
কঠিন এ বাধন।

ঠোঁটে হাসি, চোখের তারায়
নিবিড় বিষণ্ণতা।
রঙের জাদু আড়াল করে
নারীর বিপন্নতা।
হাসছ তুমি মোনালিসা,
কান্না চেপে বুকে।
অনন্তকাল হাসবে তুমি
পরাধীনতার সুখে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
কিছু মিষ্টি স্মৃতি
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ১০ জুলাই ২০১৩

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .    

কিছু মিষ্টি স্মৃতি
যখন বৃষ্টি হয়ে
ঝরে মনের ইস্টিশানে,
আমার ঝাপসা দৃষ্টি
যেন বদলে গিয়ে
জীবন আরও স্পষ্ট চেনে।

কিছু নষ্ট আবেগ,
কিছু কষ্ট পাওয়া,
কিছু স্বপ্ন-মায়ায়
পথভ্রষ্ট হওয়া।
তবু সৃষ্টি সুখে
আজও বাঁচতে চাওয়া
বৃষ্টিমুখর গানে গানে॥

এই ব্যস্ত সময়
এই ক্লিষ্ট শহর
এই আষ্টেপৃষ্ঠে বাঁধা
অষ্টপ্রহর
বাদলা সাঁঝেরবেলা
দুষ্টু হাওয়ার দোলা
ইষ্টিকুটুম হয়ে এল প্রাণে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
গানে গানে সুরে সুরে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ৫ ফেব্রুয়ারি, ২০১৪

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


গানে গানে সুরে সুরে
তালে তালে তেতাল্লিশে।
জীবনে বন্ধুর পথে বন্ধুর সাথে
হেঁটে চলি ভয় কীসে
ভয় কীসে ভয় কীসে?

পিছু ডাকে ছেলেবেলা
কত না রঙের মেলা।
মাঠেঘাটে ছুটোছুটি,
ঘাসে ঘাসে লুটোপুটি।
পুকুরে আলোছায়ার খেলা --
পিছু ডাকে ছেলেবেলা।
পুকুরটা গেছে আজ বুজে,
মাঠটাও পাই না আর খুঁজে।
সবুজ সেই কৈশোরের
বাতাসে কান্না আছে মিশে॥

ফেলে আসা ভালোবাসা,
কত না স্বপ্ন আশা!
রাগে অনুরাগে রঙিন
মনে পরে সুখের সেদিন,
তোমার চোখের নীরব ভাষা।
ফেলে আসা ভালোবাসা।
সে ভাষা আজ কত অজানা!
চলেছি দুই পথে দু’জনা।
তবুও মিষ্টি মধুর স্মৃতি
বারে বারে ফিরে ফিরে আসে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
মন রে, স্বপ্ন হারাস নে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ২৫ জুলাই, ২০১০

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


মন রে, স্বপ্ন হারাস নে।
বুকের ভেতর স্বপ্নগুলো
আগলে রেখে দে।
স্বপ্ন হারাস নে॥

স্বপ্ন বসুক ফড়িং হয়ে পদ্মপাতায়।
স্বপ্ন উড়ুক শিমুল তুলোয় উতল হাওয়ায়।
স্বপ্ন ঝরুক শিউলি হয়ে গাছের তলায়।
দু’হাতে আঁজলা ভরে নে।
মন রে, স্বপ্ন হারাস নে॥

স্বপ্ন বাজুক মন-উদাসী একতারাতে,
স্বপ্ন মধুর ধ্বনি তুলুক মন্দিরাতে।
স্বপ্ন ভেসে চলুক গাঙের উজান ধারাতে --
ডিঙির পাল তুলে দে।
মন রে, স্বপ্ন হারাস নে॥

টাপুর টুপুর স্বপ্ন বঁধুর ভিজে চুলে,
মেঘলা দুপুর আলসে ঘুমে বুকের আঁচলে।
ও বঁধুর স্বপ্ন মাখা মিষ্টি হাসি ঠোটের কোলে,
ও ঠোঁটে আলতো চুমা দে।
মন রে, স্বপ্ন হারাস নে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
আমি সাগরবেলায় ঝিনুক কুড়োতে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: রথযাত্রার দিন, আষাঢ়, ১৪১৬ বঙ্গাব্দ (জুন ২০০৯)।

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    


আমি সাগরবেলায় ঝিনুক কুড়োতে
মুক্তো খুঁজে পেয়েছি।
আমি গানের সুরে ভুবন ভরাতে
সুখ তো খুঁজে পেয়েছি॥

আমার কান্না ভেজা দু’চোখে এখনও
স্বপ্ন দেখার নেশা।
জীবনের পথে হারিয়ে পেলাম
নতুন পথের দিশা।
আমার আঁধার ঘরের নিভে যাওয়া দীপ
কতবার জ্বেলে দিয়েছি।
আমি গানের সুরে ভুবন ভরাতে
সুখ তো খুঁজে পেয়েছি॥

চাওয়া-পাওয়ার হিসেব বোঝেনি
বেহিসেবি এই মন।
বুক ভরা শুধু ভালোবাসা নিয়ে
খুঁজেছি আপনজন।
আমি আরশিনগরে পড়শির টানে
পথের বাউল হয়েছি।
আমি গানের সুরে ভুবন ভরাতে
সুখ তো খুঁজে পেয়েছি॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
কেউ হাসে, কেউ কাঁদে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ২৪ ডিসেম্বর, ২০১০

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


কেউ হাসে, কেউ কাঁদে
কেউ মুখ লুকিয়ে ভাসে চোখের জলে।
কেউ ছায়ায়, কেউ রোদে
কেউ ভিজতে ভালোবাসে বৃষ্টি এলে॥

কেউ বহু দূরে যায় পথের নেশায়,
কেউ সারারাত জাগে ভোরের আশায়।
কেউ সুখে বাঁধে ঘর মনের মতন,
আমি শুধু খুঁজে ফিরি মানুষ রতন॥

উজানের টানে কেউ নাও বেয়ে যায়,
নদী ঘাটে এসে কেউ থমকে দাঁড়ায়।
আকাশের পানে কেউ দু’হাত বাড়ায়,
আমার আকাশ-নদী বাউল পাড়ায়॥

কেউ তানপুরা বাঁধে, কেউ গায় গান।
কেউ ফুল তোলে, কেউ সাজায় বাগান।
কেউ হাটে ফেরি করে গানের পসরা।
আমার উদাস মনে বাজে একতারা॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
দুনিয়াদারির হাটবাজারে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ২০ জানুয়ারি, ২০১১

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


দুনিয়াদারির হাট-বাজারে
মনেরও হয় নিলাম।
আমি ভালোবাসার গোলাপ চেয়ে
কাঁটার আঘাত পেলাম।
(হায়) মনেরও হয় নিলাম॥

আঁধার রাতে নিভল বাতি,
একলা পথে নেইকো সাথী।
জীবনপথে ঘুরে ঘুরে
চোরাবাঁকে পথ হারালাম।
(হায়) মনেরও হয় নিলাম॥

বুকের গাঙে ব্যথার চর।
ভাঙলো ঝড়ে সুখের ঘর।
চাতক হয়ে বৃষ্টি চেয়ে
খরার আকাশ পেলাম॥

নদীর ঘাটে ছিলাম বসে,
নাও বেয়ে মন-মাঝি আসে।
আমায় ফেলে ভাসায় তরী,
পারের কড়ি মিছেই দিলাম।
(হায়) মনেরও হয় নিলাম॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর