কবি রাজেশ দত্তর গান ও কবিতা
*
ভালোবাসার গান
(সাহানার উদ্দেশে)
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ২৪ অগাস্ট ১৯৯৯

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


ভালোবাসা মানে উইক-এন্ড ট্যুর নয়,
ভালোবাসা মানে জীবনের সহযাত্রী।
ভালোবাসা মানে আর্চির কার্ড নয়,
ভালোবাসা মানে বুকের গভীর আর্তি।

ভালোবাসা মানে কবিতার খাতা নয়,
ভালোবাসা মানে নীরব চোখের ভাষা।
ভালোবাসা নয় পরিপাটি সংসার,
ভালোবাসা মানে ছোট্টো একটু বাসা।

ভালোবাসা মানে সুখসন্ধান নয়,
ভালোবাসা মানে অসুখের ভাগ নেওয়া।
ভালোবাসা মানে কালবোশেখির ঝড়,
ভালোবাসা নয় চৈতিরাতের হাওয়া।

ভালোবাসা মানে সোয়েটার বোনা নয়,
ভালোবাসা নয় অধরে অধর রাখা।
ভালোবাসা মানে জীবনের ক্যানভাসে,
হৃদয়ের রঙে স্বপ্নের ছবি আঁকা।

ভালোবাসা নয় রেস্তোরাঁ কেবিনে
পর্দায় ঢেকে কাটলেট ভাগ করা।
ভালোবাসা মানে পর্দা সরিয়ে ফেলে
জীবনসাথীর হাতখানি হাতে ধরা।

ভালোবাসা নয় টেলিফোন কানে তুলে
টুকরো হাসি টুকরো প্রেমের কথা।
ভালোবাসা মানে কথা দিয়ে কথা রাখা,
ভালোবাসা মানে প্রাণের স্বাধীনতা।

ভালোবাসা নয় নিউ মার্কেটে কেনা
রঙিন কাগজে গোলাপ ফুলের ব্যুকে।
ভালোবাসা মানে জীবনে বাঁচতে শেখা
হাসি-কান্নায়, শোকে, আনন্দে-সুখে।

যতই বল না হাতে হাত রেখে
ভালোবাসি, ভালোবাসি --
ভালোবাসা মানে না বুঝে থাকলে
জীবনের বানভাসি।

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
কোনও গণসংগীত সংস্থা বা শিল্পী, এই কবির এই গানগুলি অথবা তাঁর অন্যান্য গানের সুর ও স্বরলিপি পেতে আগ্রহী হলে
নীচের চলভাষে যোগাযোগ করতে পারেন -
চলভাষ - ৯৪৩৪৫১৬৮৯৮ / ৯৩৩০৪৬২৬২০ / ৯৪৩৩৫৬৬৩০২
অথবা ই-মেল করুন-
rajeshdattain@yahoo.com / rajeshdattain@gmail.com    
অথবা এই ওয়েব-সাইটে মেল করুন -
srimilansengupta@yahoo.co.in     
*
অহল্যারা পাথর হয়েই থাকে
(সাহানার উদ্দেশে)
কথা - কবি রাজেশ দত্ত
সুর - সুতপা বন্দ্যোপাধ্যায়
রচনাকাল: ২২ মার্চ ১৯৯৯

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


অহল্যারা পাথর হয়েই থাকে।
অহল্যারা পাথর ভাঙে না।
পাথর জমে নদীর মরা খাতে,
জলোচ্ছ্বাসে পাথর ভাসে না॥

পাথর গেঁথে ঘর তুলেছে মানুষ,
পাথর ঘষে বানায় হাতিয়ার।
কারিগরের ছেনির ঘায়ে ঘায়ে
পাথরে রূপ আদিম শৃঙ্গার॥

পাথর-সাঁকোয় সাগর পারাপার।
বৃষ্টিধারায় পাথর গলে না।
আগুন জ্বলে পাথরে পাথর ঠুকে,
আগুন হয়ে পাথর জ্বলে না।

অহল্যারা পাথর হয়েই থাকে।
অহল্যারা পাথর ভাঙে না॥

পাথরে খোদাই সাবেক শিলালিপি,
পাথর গর্ভে আদিম জীবাশ্ম।
পাথরের বুকে বীজ বোনে কে কবে?
কে বুনেছে পাথরে সবুজ শস্য?

অহল্যারা পাথর হয়েই থাকে।
অহল্যারা পাথর ভাঙে না॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
দুর্গা ভাসান
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: মহালয়া, ১৮ সেপ্টেম্বর ২০০৯

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    

মহালয়ার আগমনী
মহিষাসুরমর্দিনী,
বেতারে বাজছে ভোরে
শারদীয়া পূজার গান।
আমার মনের দুর্গা-ভাসান।
আমার মনে দুর্গা-ভাসান॥

কাশের ফুল হাওয়ায় দোলে,
মেঘবালিকা এলোচুলে।
বাতাসে আসে ভেসে
শরতের শিউলির ঘ্রাণ।
আমার মনের দুর্গা-ভাসান।
আমার মনে দুর্গা-ভাসান॥

নীল আকাশে রোদের হাসি,
উতল হাওয়ায় মন উদাসী।
সকালের শিশির ভিজে
সবুজ ঘাসে করছে সিনান।
আমার মনের দুর্গা-ভাসান।
আমার মনে দুর্গা-ভাসান॥

বোধনের বাজনা বাজে,
আলোর মালায় শহর সাজে।
খুশির আমেজে মেতে
উৎসবে জাগল পরান।
আমার মনের দুর্গা-ভাসান।
আমার মনে দুর্গা-ভাসান॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
নন্দীগ্রাম - ফিরে দেখা
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: দোল উৎসব, ১১ মার্চ, ২০০৯

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .    


এ কোন্‌  বসন্ত অশ্রু ঝরানো?
এ কোন্‌ বসন্ত স্বজন হারানো?
কোকিলের কুহুতানে
বিষাদের ছোঁয়া প্রাণে।
ফাগুনে এ কোন্‌ আগুন হৃদয় পোড়ানো?
(হায়) এ কোন্‌  বসন্ত অশ্রু ঝরানো?

এ কোন্‌ দীর্ঘশ্বাস দখিনা বাতাসে?
এ কোন্‌ মেঘের ছায়া সুনীল আকাশে?
পলাশে শিমুল ফুলে,
হোলির হিল্লোলে
এ কোন্‌ গুলাল লাল রক্ত ছড়ানো?
(হায়) এ কোন্‌  বসন্ত অশ্রু ঝরানো?

ফাগের সুবাসে মেশে বারুদের ঘ্রাণ।
এ কোন্‌ পূর্ণিমা রাত বিবর্ণ ম্লান?
অশোক শাখার ফাঁকে
একা চাঁদ জেগে থাকে --
জোছনায় এ কেমন মায়া জড়ানো?
(হায়) এ কোন্‌  বসন্ত অশ্রু ঝরানো?

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
কিছু কথা থাকে বুকের গভীরে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ৩০ অগাস্ট, ২০১৬

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .    

কিছু কথা থাকে বুকের গভীরে
কিছু কথা থাকে ভিড়ে,
হৃদয়ের কথা ভিড়ের মাঝারে
হারালে, আসে না ফিরে॥

কিছু কথা থাকে দিনের আলোয়
কিছু কথা সাঁঝবেলায়,
ইমনের সুরে বাঁধা গানখানি
বিহানে বাজে না গলায়।
উজানের নাও ভেসে চলে যায়,
ভেড়ে না কখনো তীরে।
হৃদয়ের কথা ভিড়ের মাঝারে
হারালে, আসে না ফিরে॥

কিছু কথা থাকে হিমেল হাওয়ায়
শীতের ঝরাপাতায়,
কিছু কথা ফোটে ঋতু ফাল্গুনে
পলাশের লালিমায়।
শিমুলের তুলো হয়ে উড়ে যায়
কিছু কথা বহুদূরে।
হৃদয়ের কথা ভিড়ের মাঝারে
হারালে, আসে না ফিরে।

কিছু কথা চেয়ে থাকে অপলকে
নীরব চোখের তারায়,
কিছু কথা গানে স্থায়ী থেকে যায়
সঞ্চারী অন্তরায় –
কত চেনা সুর অচেনা অধরা
স্বরলিপির আখরে।
হৃদয়ের কথা ভিড়ের মাঝারে
হারালে, আসে না ফিরে।

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
মেঘলা দিনে মেঘ ওড়াবার
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
"বোকা বুড়োর পাহাড় ভাঙা"র গল্পের  প্রেরণায় কবির জীবনের  প্রথম বাঁধা ‘মানবতার
গান’। গানটি ১৯৯৩ সালে রচিত হয়। কৃতজ্ঞতা: এই গানটি সুবিখ্যাত কবি শ্রদ্ধেয় অরুণ
চক্রবর্তীর লেখা একটি বাউল গানের সুরে অনুপ্রাণিত।

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিদেখতে এখানে ক্লিক করুন . . .   


মেঘলা দিনে মেঘ ওড়াবার
হাওয়ায় ভেসে ভেসে –
একটা মানুষ নাও বেয়ে যায়
নতুন ভোরের দেশে।
পাল তুলেছে পাল্টা স্রোতে
ভরা উজান গাঙে –
সোমত্থ এক মানুষ একটা
মস্ত পাহাড় ভাঙে।

একটা মানুষ, একটা শরীর
রক্ত ঝরায়, একলা লড়াই করে
একটা শরীর ভাঙতে ভাঙতে... ...
ভাঙতে ভাঙতে লক্ষ শরীর গড়ে।

লক্ষ শরীর, লক্ষ মানুষ
সংঘাতে নির্মাণে –
লক্ষ মানুষ পথ চলেছে
আলোর সন্ধানে।
লক্ষ প্রাণে বান ডেকেছে
মানবতার গানে।
মানবতার গানে, রে ভাই
মানবতার গানে
লক্ষ প্রাণে বান ডেকেছে
মানবতার গানে॥

মেঘলা দিনে মেঘ ওড়াবার
হাওয়ায় ভেসে ভেসে
লক্ষ মানুষ নাও বেয়ে যায়
নতুন ভোরের দেশে।
একলা মানুষ নেই একা আর,
লক্ষ মানুষ পাশে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
রাতের আঁধার ভেঙে
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
(রচনাকাল: ১৯৯৭)

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


রাতের আঁধার ভেঙে ভোরের সূর্যটাকে
ওঠাতে আমরাই পারি।
ধূসর মরুর বুকে সবুজ ঘাসের ফুল
ফোটাতে আমরাই পারি।
বেহুলার মান্দাসে লখিন্দরের লাশে প্রাণ
ফেরাতে আমরাই পারি।
অকাল বসন্তে কোকিলের কণ্ঠে গান
ফেরাতে আমরাই পারি।
পারি, আমরাই পারি।
জেনো আমরাই পারি॥

মরা গাঙের কূল অথৈ প্লাবনে
ভাসাতে আমরাই পারি।
ছলছল জলে ভরা আঁখিদুটি
হাসাতে আমরাই পারি।
পায়ের শেকল খুলে খাঁচার বন্দি পাখি
ওড়াতে আমরাই পারি।
খরার আকাশে রামধনুর সাতটা রঙ
ছড়াতে আমরাই পারি।
পারি, আমরাই পারি।
জেনো আমরাই পারি॥

সাগরের বুক থেকে ঝিনুকের মুক্তোটা
খুঁজে নিতে আমরাই পারি।
এলোমেলো জীবনের কঠিন অঙ্কটা
বুঝে নিতে আমরাই পারি।
শীতের কুয়াশা-ঘেরা সকালটা সোনাঝরা রোদ্দুরে
ভরাতে আমরাই পারি।
সনাতনী ধর্মের অচল জগদ্দল পাথরটা
সরাতে আমরাই পারি।
পারি, আমরাই পারি।
জেনো আমরাই পারি॥

‘দুর্নীতি’ বলে রাজনীতির ওই দুর্নাম
ঘোচাতে আমরাই পারি।
মেহনতি মানুষের কপালের ঝরা ঘাম
মোছাতে আমরাই পারি।
গোলকধাঁধার পথে সন্ধানী দৃষ্টিতে
আমরাই দিশা পেতে পারি।
নিরাশার গল্পের শেষটুকু পাল্টিয়ে
আমরাই আশা দিতে পারি।
পারি, আমরাই পারি।
জেনো আমরাই পারি॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
নিজের দুঃখে কেঁদেছি অনেক
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ১৬ সেপ্টেম্বর, ২০১৫

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


নিজের দুঃখে কেঁদেছি অনেক,
পরের দুখে আয় কাঁদি।
আপন হতে বাহির হয়ে
বিশ্ব জুড়ে ঘর বাঁধি।
পরের দুখে আয় কাঁদি॥

ভোরের আলো মুঠোয় ধরে
ছড়িয়ে দেব অন্ধকারে।
খুচরো সুখ লক্ষ্মীভাঁড়ের
চুপি চুপি উজাড় করে
বিলিয়ে দেব সবার ঘরে ঘরে।
বৃষ্টি হয়ে অশ্রু ঝরুক
ভরিয়ে তুলে জীবন-নদী।
পরের দুখে আয় কাঁদি॥

বুকের মাঝে হৃৎকমলে
ভালোবাসার ভ্রমর বলে –
আপন পর বিভেদ ভুলে
হাত বাড়ালেই বন্ধু মেলে,
দুয়ার-কপাট রাখিস রে মন খুলে।
প্রাণে প্রাণে মিলন মেলায়
সুরের সাধন আয় সাধি।
বিশ্ব জুড়ে ঘর বাঁধি॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
যদি পাথরকেই পুজো করতে চাও
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
প্রখ্যাত কবি সমরেন্দ্র সেনগুপ্ত-র একটি অণু-কবিতার প্রেরণায় এই গানটি রচিত।
রচনাকাল: ৫ অগাস্ট, ২০০৯।

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


যদি পাথরকেই পুজো করতে চাও
তবে শালগ্রাম শিলা নয়,
পাহাড়কে প্রণতি জানাও।
তুলসীতলায় সাঁঝেরবেলায়
পিদিম তো জ্বালাও,
বিপন্ন অরণ্য ডাকে ওই –
সবুজের সৃজনে সাজাও।
যদি পাথরকেই পুজো করতে চাও,
তবে শালগ্রাম শিলা নয়,
পাহাড়কে প্রণতি জানাও।

যদি গঙ্গাজলেই ধুয়ে মুছে যায় সব পাপ!
গঙ্গা দূষণ দেখে হয় না কেন মনে অনুতাপ?
ধন-সুখ কামনায় লক্ষ্মীঘটে ধানছড়া দাও,
লুঠ হয়ে যায় ধান-জমি, প্রাণ দিয়ে মাটিকে বাঁচাও।

মাটির পুতুল গড়ে দেবতার আসনে রাখো!
মাটির মানুষ মরে অনাহারে, কেন চুপ করে থাকো?
মানুষকে ভালোবেসে মনের জানালা খুলে দাও
মানবধর্ম সার, মানুষকে বুকে টেনে নাও।
যদি পাথরকেই পুজো করতে চাও,
তবে শালগ্রাম শিলা নয়,
পাহাড়কে প্রণতি জানাও।

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
খুশির গান
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল : ২৪ নভেম্বর ২০১৮

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   
কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   

জীবনে সুখ দুঃখ আছে,
আছে কান্না-হাসি।
জীবন গাঙে পাল তুলে নায়ে
অথৈ জলে ভাসি।

আসুক না ঝড়, আসুক তুফান
জীবন দরিয়ায়--
ভয় করি না বিপদ বাধার
অজানা শঙ্কায়।
শক্ত হাতে বাইব যে দাঁড়
ধরব পালের রশি
সঙ্গে আছে কোলজুড়োনো
প্রাণ ভরানো খুশি।

আঁধার ঘন কালো মেঘে
আকাশ যদি ছায়,
হারাব না পথের দিশা
জীবন নদীর নায়ে
ঘুচবে আঁধার, মুছবে কালো
ঝলমলে রোদ এসে,
খিলখিলিয়ে উঠবে যখন
ছোট্টো খুশি হেসে।
আকাশ জুড়ে উজল আলোর
উছল বানভাসি।
হাসির জোয়ার আনবে যখন
ছোট্টো সোনা খুশি।

ছোট্টো ছোট্টো খুশি নিয়েই
জীবন ভরে থাকে।
মনখারাপের মেঘলা দিনে
রামধনু রঙ আঁকে।
সাত রঙেতে রাঙিয়া তোলে
জীবনপটের ছবি।
খুশির ছন্দে পদ্য লেখে
জীবনপুরের কবি।
সেই ছন্দ-সুরে গান বাঁধতে
বড়োই ভালোবাসি।
জন্মদিনে নাও উপহার
ছোট্টো সোনা খুশি।

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর